ঢাকা-সিলেট মহাসড়কে ৩২ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক
ব্রাহ্মণবাড়িয়ার সরাইল উপজেলার ঢাকা-সিলেট ও কুমিল্লা-সিলেট জাতীয় মহাসড়কের শাহবাজপুরে তিতাস সেতুর দুই পাশে শুক্রবার সকাল ছয়টা থেকে আজ শনিবার দুপুর দুইটা পর্যন্ত ৩০ কিলোমিটার দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছিল। ৩২ ঘণ্টা পর চলাচল স্বাভাবিক হতে থাকে এই সড়কগুলোতে।
তিতাস সেতুর ক্ষতিগ্রস্ত অংশের ওপর বেইলি সেতু স্থাপন কাজের জন্য গতকাল শুক্রবার সকাল ছয়টা থেকে আজ শনিবার ভোর চারটা পর্যন্ত মহাসড়কে সব ধরনের যানচলাচল বন্ধ থাকে। যদিও ব্রাহ্মণবাড়িয়ার সড়ক ও জনপথ (সওজ) বিভাগ শুক্রবার রাত ১২টায় সেতু উন্মুক্ত করে দেওয়ার ঘোষণা দিয়েছিলেন। ঘোষণা অনুযায়ী সেতুর কাজ শেষ না হওয়াতেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছিল।
আজ সকাল থেকে দুপুর পর্যন্ত সরেজমিনে দেখা যায়, সেতুর উভয় দিকে ৩০ কিলোমিটার এলাকা জুড়ে দীর্ঘ যানজটে অভ্যন্তরীণ এবং দূরপাল্লার যাত্রী ও যানবাহনের চালকেরা দুর্ভোগে পড়েছেন। এর প্রভাব পড়েছে সরাইল-নাসিরনগর-লাখাই আঞ্চলিক মহাসড়কেও। লোকজনকে দীর্ঘ পথ পায়ে হেঁটে চলতে দেখা গেছে। দুপুর দুইটার পর মহাসড়কে যান চলাচল স্বাভাবিক হতে থাকে। এ সময় যানবাহনকে ধীর গতিতে চলতে হয়েছে। সন্ধ্যায় তা একেবারে স্বাভাবিক হয়ে যায়।
ব্রাহ্মণবাড়িয়া সড়ক ও জনপথ (সওজ) বিভাগের নির্বাহী প্রকৌশলী শ্যামল রঞ্জন ভট্টাচার্য আজ সন্ধ্যায় মুঠোফোনে প্রথম আলোকে বলেন, তিতাস সেতুর মাঝখানের ২০ মিটার অংশ ঝুঁকির মুখে পড়েছে। এ অবস্থায় সেতুর ওপর দুই লেনে ১০০ ও ১১০ ফুট দৈর্ঘ্যর একটি বেইলি সেতু স্থাপন করা হয়েছে। বৈরী আবহাওয়ার (বৃষ্টি) কারণে কাজ বিঘ্নিত হয়েছে, ফলে পূর্ব ঘোষণা অনুযায়ী শুক্রবার রাত ১২টায় সেতুটি খুলে দেওয়া সম্ভব হয়নি।
সরাইল বিশ্বরোড মোড় হাইওয়ে (মহাসড়ক) পুলিশ ফাঁড়ির সার্জেন্ট জাহাঙ্গীর আলম বলেন, ‘নির্দিষ্ট সময়ে সেতুর কাজ শেষ না হওয়া এবং চালকদের অদক্ষতা ও অসচেতনতার কারণেই দীর্ঘ যানজটের সৃষ্টি হয়েছে। দুপুর দুইটার পর ধীর গতিতে যান চলাচল করলেও সন্ধ্যা থেকে স্বাভাবিক গতিতেই সব ধরনের যান চলাচল করছে।