ঢাকা-সিলেট রেলপথে নতুন ট্রেন
প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা-সিলেট রেলপথে ‘কালনী এক্সপ্রেস’ নামে নতুন ট্রেন যুক্ত হচ্ছে। আগামী ১৫ মে থেকে কালনী এক্সপ্রেস নিয়মিত চলাচল শুরু করবে। রেলওয়ের পূর্বাঞ্চলের সহকারী প্রধান অপারেটিং সুপারিনটেন্ডেন্ট মোহাম্মদ ওমর ফারুক গতকাল রোববার নতুন ট্রেন চলাচলের বিষয়টি নিশ্চিত করেছেন।সিলেট রেলওয়ে স্টেশনের ব্যবস্থাপক আবুল কালাম আজাদ জানান, ট্রেনটি সিলেট থেকে ছাড়বে ভোর ছয়টা ৪০ মিনিটে এবং ঢাকায় পৌঁছাবে দুপুর একটায়। আবার ঢাকা থেকে বেলা তিনটায় ছেড়ে রাত নয়টায় সিলেট স্টেশনে পৌঁছানোর সময়সূচি নির্ধারণ করা হয়েছে। তবে ঢাকা, নাকি সিলেট থেকে উদ্বোধন করা হবে, তা চূড়ান্ত হয়নি। আবুল কালাম জানান, কালনী এক্সপ্রেস গন্তব্যস্থল থেকে যাওয়া-আসার পথে চারটি স্টেশনে থামবে। ঢাকা-সিলেট রেলপথের এ স্টেশনগুলো হচ্ছে: শায়েস্তাগঞ্জ, কুলাউড়া, শ্রীমঙ্গল ও ঢাকা বিমানবন্দর (উত্তরা)।