ঢাকা-সুন্দরবন লংমার্চ সফল করার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুন্দরবনের রামপালে কয়লাভিত্তিক বিদ্যুৎ প্রকল্প বাতিলের দাবিতে ‘২৪-২৮ সেপ্টেম্বর ঢাকা থেকে সুন্দরবন লংমার্চ’ সফল করার আহ্বান জানিয়েছে তেল-গ্যাস-খনিজ সম্পদ ও বিদ্যুৎ-বন্দর রক্ষা জাতীয় কমিটি।
গতকাল মুক্তি ভবনের মৈত্রী মিলনায়তনে এক সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্যে এসব দাবি জানান কমিটির সদস্যসচিব আনু মুহাম্মদ।
সংবাদ সম্মেলনে বলা হয়, কয়লাভিত্তিক বিদ্যুৎকেন্দ্র মারাত্মক পরিবেশদূষণ ঘটায় বলে বিশ্বের কোথাও সংরক্ষিত বনভূমি ও বসতির ১৫ থেকে ২৫ কিলোমিটারের মধ্যে এর অনুমোদন দেওয়া হয় না। অথচ ভারতীয় কোম্পানি সুন্দরবনের ৯ থেকে ১৪ কিলোমিটারের মধ্যে এ বিদ্যুৎকেন্দ্র নির্মাণ করতে যাচ্ছে।
উন্নত প্রযুক্তি ব্যবহারের মাধ্যমে সুন্দরবনের ক্ষতি ঠেকানো হবে— সরকারের এমন বক্তব্যের সমালোচনা করে আনু মুহাম্মদ বলেন, এটি সত্যি হলে ওই ভারতীয় কোম্পানি নিজ দেশেই বিদ্যুৎকেন্দ্র নির্মাণের অনুমোদন পেত। এ কেন্দ্র নির্মিত হলে শুধু সুন্দরবনই ধ্বংস হবে না, এর সঙ্গে বাংলাদেশকে এক লাখ ৪০ হাজার কোটি টাকার আর্থিক ক্ষতিও গুনতে হবে।