ঢাকা সেনানিবাসের তিন শিক্ষাপ্রতিষ্ঠানে বার্ষিক অনুষ্ঠান
ঢাকা সেনানিবাসের আদমজী ক্যান্টনমেন্ট কলেজ ও বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের (বিআইএস) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গতকাল শনিবার অনুষ্ঠিত হয়েছে। এ ছাড়া বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম স্কুলের বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
আদমজী ক্যান্টনমেন্ট কলেজ: গতকাল বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতায় সমাপনী অনুষ্ঠানে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ। এ ছাড়া সারা বছরের একাডেমিক ও সহশিক্ষা কার্যক্রমের সফলতা বিবেচনা করে বীরশ্রেষ্ঠ হামিদুর রহমান হাউসকে চ্যাম্পিয়ন ও বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর হাউসকে রানার্সআপ হিসেবে ঘোষণা করা হয়। প্রায় ২৭টি ইভেন্টে সপ্তাহব্যাপী এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে শিক্ষামন্ত্রী নুরুল ইসলাম নাহিদ শিক্ষার্থীদের আধুনিক প্রযুক্তিনির্ভর শিক্ষায় শিক্ষিত হয়ে ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার আন্দোলনে ভূমিকা রাখার আহ্বান জানান। এ সময় অনুষ্ঠানে কলেজ পরিচালনা পর্ষদের সভাপতি ব্রিগেডিয়ার জেনারেল জি এস এম হামিদুর রহমান, কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল তামিম আহমেদ চৌধুরীসহ শিক্ষক-শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন।
বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজ: বাংলাদেশ ইন্টারন্যাশনাল স্কুল অ্যান্ড কলেজের (বিআইএস) বার্ষিক ক্রীড়া প্রতিযোগিতা গতকাল বিআইএসের নিজস্ব প্রাঙ্গণে অনুষ্ঠিত হয়েছে। এতে প্রধান ও বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ সেনাবাহিনীর চিফ অব জেনারেল স্টাফ (সিজিএস) লেফটেন্যান্ট জেনারেল সাব্বির আহমেদ ও তাঁর সহধর্মিণী বেগম নূর রুমানা সাব্বির। পরে বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন তাঁরা।
বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম স্কুল: বিএএফ শাহীন ইংলিশ মিডিয়াম স্কুলের বার্ষিক সাংস্কৃতিক ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান গতকাল বিএএফ শাহীন হলে অনুষ্ঠিত হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সহকারী বিমানবাহিনীর প্রধান (পরিচালন ও প্রশিক্ষণ) এয়ার ভাইস মার্শাল এম নাইম হাসান। পরে কৃতী শিক্ষার্থীদের মেধাবৃত্তি, ‘ও’ লেভেল পরীক্ষায় কৃতিত্বের জন্য ‘বিমানবাহিনী প্রধান ক্রেস্ট’ এবং সাংস্কৃতিক প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করেন তিনি। বিজ্ঞপ্তি।