ঢাকা-১ আঞ্চলিক গণিত উৎসব আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ শুক্রবার ঢাকার গবর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলে (ঢাকা কলেজের পাশে) অনুষ্ঠিত হবে ঢাকা-১ আঞ্চলিক গণিত উৎসব। উৎসবে এক হাজার ৬০০ জন শিক্ষার্থী অংশগ্রহণ করবে। বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির আয়োজনে ডাচ্-বাংলা ব্যাংকের আর্থিক পৃষ্ঠপোষকতায় ও প্রথম আলোর সার্বিক ব্যবস্থাপনায় অনুষ্ঠেয় এই উৎসবে দেশবরেণ্য গণিতবিদ, বিজ্ঞানী, গবেষক ও শিক্ষাবিদেরা উপস্থিত থাকবেন। ইতিমধ্যেই নারায়ণগঞ্জ, মুন্সিগঞ্জ ও ঢাকা মহানগরের দেড় শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিযোগীরা তাদের নিবন্ধন সম্পন্ন করেছে। শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানের নির্ধারিত পোশাক পরে এবং নিবন্ধন কার্ড নিয়ে আজ সকাল আটটায় গবর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলে উপস্থিত থাকতে হবে। সকাল নয়টায় উৎসবের উদ্বোধন করবেন গবর্নমেন্ট ল্যাবরেটরি হাইস্কুলের প্রধান শিক্ষক মো. আবু সাঈদ ভূঁইয়া। উৎসবে খুদে গণিতবিদদের উৎসাহ জোগাতে উপস্থিত থাকবেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সভাপতি অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে এস তাবরেজ, বিশিষ্ট গণিতবিদ অধ্যাপক খোদাদাদ খান, বাংলাদেশ প্রকৌশল বিশ্ববিদ্যালয়ের কম্পিউটার বিজ্ঞান বিভাগের অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, হুমায়ূন কবীর, ফারসীম মান্নান মোহাম্মদী, বিশিষ্ট বিজ্ঞানী রেজাউর রহমান, এফ আর সরকার, মনোরোগ চিকিৎসক মোহিত কামাল, প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম, উপসম্পাদক আনিসুল হক ও বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির একাডেমিক কাউন্সিলর মাহমুদুল হাসান, তামিম শাহরিয়ার, কোচ মাহবুব মজুমদার এবং সাধারণ সম্পাদক মুনির হাসান।দিনব্যাপী এই উৎসবে চারটি ক্যাটাগরিতে উৎসবের মূল পর্ব গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে। থাকবে গণিত ও বিজ্ঞানবিষয়ক স্পট কুইজ, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রশ্নোত্তর পর্ব, রুবিক কিউব প্রতিযোগিতা, রম্য বিতর্ক ও বইমেলা। উৎসবে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্কের কর্মীরা বিভিন্ন ওপেন সোর্স সফটওয়্যার প্রদর্শন করবে। এ ছাড়া বাংলাদেশ অ্যাস্ট্রোনমিক্যাল সোসাইটি ওয়াটার রকেট উৎক্ষেপণ করবে।ঢাকা-১ আঞ্চলিক গণিত উৎসবসহ ১৭টি আঞ্চলিক গণিত উৎসবের বিজয়ীরা আগামী ১০ ও ১১ ফেব্রুয়ারি শুক্র ও শনিবার ঢাকার আসাদগেটসংলগ্ন সেন্ট যোসেফ হায়ার সেকেন্ডারি স্কুলে জাতীয় গণিত উৎসব-২০১২ ও দশম বাংলাদেশ গণিত অলিম্পিয়াডে অংশ নেবে।