ঢাকা-১৮ (উত্তরা) আসনে সারা দিন ভোটারের দেখা মেলেনি, কিন্তু শেষ ঘণ্টায় এসে প্রতি মিনিটে প্রায় ১৮টি করে ভোট পড়েছে তিনটি কেন্দ্রে।
অবিশ্বাস্য এ ঘটনা ঘটেছে দক্ষিণখান এলাকার কাওলার সরকারি প্রাথমিক বিদ্যালয়ে স্থাপিত এ তিনটি নারী ভোটকেন্দ্রে (১০২, ১০৩ ও ১০৪)। এখানে মোট ভোটার সাত হাজার ৩৪৪ জন।
দিনভর এ তিন কেন্দ্রের ভোট গ্রহণ পর্যবেক্ষণ করেন এই প্রতিবেদক। বেলা সাড়ে নয়টায় প্রিসাইডিং কর্মকর্তার দেওয়া তথ্যমতে, এখানে ভোট পড়ে মাত্র ২১টি। দুপুর সাড়ে ১২টা নাগাদ মোট ৩৬৬ জন ভোট দেন। বেলা আড়াইটায় এ সংখ্যা দাঁড়ায় ৫৯৪-এ। এরপর শেষ দেড় ঘণ্টায় ঘটেছে বিস্ময়কর ঘটনা। এই সময়কালে কেন্দ্রের সামনে দাঁড়িয়ে এই প্রতিবেদক দেড় শর মতো ভোটারকে আসতে দেখেন।
কিন্তু বেলা চারটায় ভোট গ্রহণ শেষে প্রিসাইডিং কর্মকর্তা জানান, এখানে মোট ভোট পড়েছে দুই হাজার ১৭৭টি। অর্থাৎ শেষ দেড় ঘণ্টায় ভোট পড়েছে এক হাজার ৫৮৩টি। মিনিট হিসাবে প্রতি মিনিটে ভোট পড়েছে প্রায় ১৮টি। এর আগে বেলা ১১টা ও তিনটা—দুই দফা কেন্দ্রের পাশে কয়েকটি ককটেল বিস্ফোরণের কারণে সেখানে ভোটার উপস্থিতি ছিল খুবই নগণ্য।
ঢাকা-১৮ আসনে প্রার্থী হলেন দুজন। তাঁরা হলেন আওয়ামী লীগের প্রার্থী সাহারা খাতুন ও বিএনএফের (বাংলাদেশ ন্যাশনালিস্ট পার্টির) আতিকুর রহমান। দিনভর এ আসনের বেশ কয়েকটি ভোটকেন্দ্র ঘুরে কোথাও ভোটারদের কোনো দীর্ঘ সারি চোখে পড়েনি।
উত্তরার নবাব হাবিবুল্লাহ কলেজ কেন্দ্রে সকাল সাড়ে ১০টায় দেখা গেছে, সেখানকার তিনটি কেন্দ্রের ১৮টি বুথের মধ্যে ১৫টি বুথে মোট ভোট পড়েছে ১১৮টি। বাকি তিনটি বুথে তখন পর্যন্ত একজনও ভোট দিতে যাননি। আর দক্ষিণখান এলাকার গাওয়াইর জামিয়া ইসলামিয়া মাদ্রাসা কেন্দ্রে বেলা একটা পর্যন্ত ভোট পড়ে মাত্র ৬ শতাংশের মতো।
দুপুরে সিভিল এভিয়েশন স্কুল অ্যান্ড কলেজ কেন্দ্রে গিয়ে দেখা যায়, প্রতিটি বুথে আওয়ামী লীগের নির্বাচনী ক্যাম্পের স্লিপ হাতে বেশ কিছু কিশোর। তারা সবাই ভোট দিতে লাইনে দাঁড়িয়ে। প্রথম আলোর আলোকচিত্র সাংবাদিক ছবি তুললে সেখানকার সহকারী প্রিসাইডিং কর্মকর্তা দ্রুত এসব কিশোরকে বুথ থেকে সরিয়ে দেন।
আরও কিছু কেন্দ্রে নৌকা প্রতীকের কাগজ হাতে নিয়ে কিশোর বয়সী অনেককে ভোট দিতে দেখা গেছে। কোনো কেন্দ্রে বিএনএফের প্রার্থীর কোনো পোলিং এজেন্ট দেখা যায়নি। সকাল থেকে সন্ধ্যা পর্যন্ত আজমপুর, টঙ্গী ব্রিজ, গাওয়াইর ও কাওলার এলাকায় ৩০টির মতো ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটেছে।