ঢাকা-২ আঞ্চলিক গণিত উৎসব আজ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

আজ শুক্রবার রাজউক উত্তরা মডেল কলেজে অনুষ্ঠিত হবে ঢাকা-২ আঞ্চলিক গণিত উৎসব। এতে এক হাজার ৪০০ শিক্ষার্থী অংশ নেবে। চর্চার মাধ্যমে গণিতভীতি দূর করা এবং বিজ্ঞান ও যুক্তিভিত্তিক সমাজ গড়া এ উৎসবের লক্ষ্য।বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি আয়োজিত এ উৎসবের আর্থিক পৃষ্ঠপোষকতা ডাচ্-বাংলা ব্যাংকের। সার্বিক ব্যবস্থাপনা প্রথম আলোর। উৎসবে উপস্থিত থাকবেন গণিতবিদ, বিজ্ঞানী, গবেষক ও শিক্ষাবিদেরা। ইতিমধ্যেই গাজীপুর, মানিকগঞ্জ ও ঢাকা মহানগরের শতাধিক শিক্ষাপ্রতিষ্ঠানের প্রতিযোগীরা তাদের নাম নিবন্ধন করেছে। শিক্ষার্থীদের শিক্ষাপ্রতিষ্ঠানের নির্ধারিত পোশাক পরে এবং নিবন্ধন কার্ড নিয়ে আজ সকাল আটটায় রাজউক উত্তরা মডেল কলেজে উপস্থিত থাকতে হবে। সকাল নয়টায় উৎসবের উদ্বোধন করবেন রাজউক উত্তরা মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল মোহা. গোলাম হোসেন সরকার। উৎসবে খুদে গণিতবিদদের উৎসাহ জোগাতে উপস্থিত থাকবেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সভাপতি অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী, ডাচ্-বাংলা ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক কে এস তাবরেজ, বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সহসভাপতি অধ্যাপক ও লেখক মুহম্মদ জাফর ইকবাল, গণিতবিদ অধ্যাপক খোদাদাদ খান, অধ্যাপক মোহাম্মদ কায়কোবাদ, প্রথম আলোর যুগ্ম সম্পাদক আব্দুল কাইয়ুম, উপসম্পাদক আনিসুল হক, বাংলাদেশ গণিত দলের কোচ ড. মাহবুব মজুমদারসহ অনেকে। দিনব্যাপী উৎসবের মূল পর্ব গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে চারটি ক্যাটাগরিতে। এ ছাড়া থাকবে গণিত ও বিজ্ঞানবিষয়ক কুইজ, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রশ্নোত্তর পর্ব, রুবিক কিউব মেলানো প্রতিযোগিতা, রম্য বিতর্ক ও বইমেলা। উৎসবে বাংলাদেশ ওপেন সোর্স নেটওয়ার্ক বিভিন্ন ওপেন সোর্স সফটওয়্যার প্রদর্শন করবে।