ঢাকা-৭-এ স্বতন্ত্রের চাপে আ.লীগ প্রার্থী

পুরান ঢাকার চকবাজার। গতকাল মঙ্গলবার বেলা দুইটা। তখন সেখানে গণসংযোগে ব্যস্ত জাতীয় সংসদের ঢাকা-৭ আসনে আওয়ামী লীগের মনোনীত প্রার্থী মোস্তফা জালাল মহিউদ্দিন। সঙ্গে আছেন আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতা-কর্মীরা।
মোস্তফা জালালের সঙ্গী একজনের কাছে নির্বাচনের পরিস্থিতি জানতে চাইলে বললেন, প্রতিদ্বন্দ্বী স্বতন্ত্র প্রার্থী হাজি মো. সেলিম একই দলের নেতা ও সাবেক সাংসদ হওয়ায় তাঁরা কিছুটা চাপে আছেন। ওই প্রার্থী টাকাও খরচ করছেন। তবে প্রশাসন ঠিক থাকলে মোস্তফা জালালই জিতবেন।
এই নির্বাচনী এলাকায় গতকাল সরেজমিনে বিভিন্ন শ্রেণী-পেশার মানুষের সঙ্গে কথা বলেও এখানে ৫ জানুয়ারি মোস্তফা জালাল ও সেলিমের মধ্যে ভোটের লড়াইয়ের আভাস মিলল। মাঠেও এই দুই প্রার্থীর প্রচারণা বেশি। পুরো এলাকা তাঁদের পোস্টার ও ব্যানারে ছেয়ে গেছে। তাঁদের পক্ষে ভোট চেয়ে মাইকিং করা হচ্ছে। বিকেলে চকবাজারে ১৪ দল সমাবেশ করে নৌকার পক্ষে ভোট চেয়েছে।
প্রার্থীরা প্রচারণায় ব্যস্ততা বাড়ালেও নির্বাচন নিয়ে এখনো সাধারণ মানুষের তেমন আগ্রহ নেই। নির্বাচনকে ঘিরে দেশের পরিস্থিতি কোন দিকে যাচ্ছে, তা নিয়েই তাঁরা বেশি চিন্তিত।
লালবাগ, চকবাজার, বংশাল ও কোতোয়ালি থানা নিয়ে গঠিত ঢাকা-৭ আসন। গতবার নবম সংসদ নির্বাচনে এই আসনে প্রার্থী ছিলেন ১৩ জন। এবার বিরোধী দলবিহীন ‘একতরফা’ নির্বাচনে প্রার্থী তিনজন। অপর প্রার্থী হলেন আইনজীবী মোহাম্মদ রিয়াজউদ্দিন (আনারস প্রতীক)। বর্তমান সাংসদ মোস্তফা জালালের প্রতীক নৌকা এবং সাবেক সাংসদ সেলিমের প্রতীক হাতি। সেলিম ঢাকা মহানগর আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক।
দুপুরে উর্দু রোডে তৈরি পোশাক ব্যবসায়ী মামুন হাওলাদার বলেন, তফসিল ঘোষণার পর থেকে রাজনৈতিক অস্থিরতায় ব্যবসা-বাণিজ্যের অবস্থা করুণ হওয়ায় তাঁদের আগ্রহ কম। বোঝা যাচ্ছে, মোস্তফা জালাল ও মো. সেলিমের মধ্যে হাড্ডাহাড্ডি লড়াই হবে।
চকবাজার মোড়ে চায়ের দোকানি আবদুল খালেক বলেন, এবার মাইকেই বেশি ভোট চাওয়া হচ্ছে। ইসলামবাগের এক মুদি দোকানিও নৌকা ও হাতির লড়াইয়ের কথা জানান। স্থানীয় আওয়ামী লীগের সূত্র জানায়, দলের অধিকাংশ নেতা দলীয় প্রার্থীর পক্ষে কাজ করলেও সেলিমের পক্ষেও স্থানীয় কিছু নেতা-কর্মী কাজ করছেন। বিভিন্ন কর্মকাণ্ডের জন্য সেলিম বিতর্কিত। আবার মোস্তফা জালালের চারপাশের কয়েকজন নেতার কর্মকাণ্ডেও অনেকে বিরক্ত।
মোস্তফা জালাল বলেন, ‘দল আমাকে মনোনয়ন দিয়েছে। কেউ দলের বাইরে গিয়ে নির্বাচন করলে নিশ্চয়ই দল সিদ্ধান্ত নেবে। তবে আমাকে কেউ চাঁদাবাজ, দখলবাজ বলতে পারবে না। আশা করি, মানুষ আমাকে আবার সেবা করার সুযোগ দেবে।’ তিনি অভিযোগ করেন, মো. সেলিম আচরণবিধি লঙ্ঘন করে ইসলামবাগে জীবন্ত হাতি নিয়ে প্রচারণা চালাচ্ছেন।
জানতে চাইলে মো. সেলিম বলেন, ‘এলাকার লোকজনই আমাকে দাঁড় করিয়েছেন। আশা করি, তাঁরা আমাকে ভোট দিয়ে বিজয়ী করবেন।’ টাকা ব্যয় ও জীবন্ত হাতি নিয়ে প্রচারণার অভিযোগ অস্বীকার করে তিনি বলেন, ‘ওই হাতি সার্কাসের। আমার হাতি হলে কি দোকানে দোকানে গিয়ে টাকা তুলত। আমার কষ্টে অর্জিত টাকা ওড়াব কেন?’
এই আসনে এবার ভোটার তিন লাখ এক হাজার ২৮৯ জন।