নারায়ণগঞ্জে কনটেইনার টার্মিনাল নির্মাণে সমীক্ষার ব্যাপারে বাংলাদেশের কাছে অবস্থান ব্যাখ্যা করেছে ভারত। কনটেইনার টার্মিনালের কারিগরি ও বাণিজ্যিক দিক খতিয়ে দেখতে সমীক্ষা পরিচালনার জন্য ১০ মে এক দরপত্র প্রকাশ করে ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়। আর ওই সমীক্ষার দরপত্র সম্পর্কে অবগত না থাকায় বিষয়টি নিয়ে ভারতের কাছে জানতে চায় বাংলাদেশ। ঢাকায় ভারতীয় হাইকমিশনের এক কর্মকর্তা গতকাল বৃহস্পতিবার প্রথম আলোকে জানিয়েছেন, পররাষ্ট্র মন্ত্রণালয়কে এক ই-মেইল বার্তার মাধ্যমে ভারতের অবস্থান জানানো হয়েছে। গত বুধবার ভারতের পক্ষ থেকে বলা হয়েছে, এটি শুধু একটি সমীক্ষার উদ্যোগ মাত্র। সমীক্ষার দরপত্র নিয়ে কিছুটা ভুল-বোঝাবুঝির সৃষ্টি হয়েছে। খুব জটিল কিছু নয়। কাজেই এ নিয়ে দুই প্রতিবেশী দেশের সম্পর্কে কোনো নেতিবাচক প্রভাব পড়ার সুযোগ নেই। তবে ভারত তাদের অবস্থান ব্যাখ্যা করে যে অনানুষ্ঠানিক বার্তা পাঠিয়েছে, তা পেয়েছে কি না, এ ব্যাপারে পররাষ্ট্র মন্ত্রণালয়ে যোগাযোগ করে কোনো তথ্য পাওয়া যায়নি। ইতিপূর্বে সমীক্ষা সম্পর্কে অবগত না থাকায় গত সোমবার ভারতের কাছে ব্যাখ্যা চেয়েছিল বাংলাদেশ। এ সম্পর্কে গত মঙ্গলবার ঢাকায় ভারতীয় হাইকমিশনের এক কর্মকর্তা এ প্রতিবেদককে বলেন, এ সমীক্ষা বাণিজ্য সম্প্রসারণের জন্য নেওয়া একটি পদক্ষেপ। এতে দুই সরকারের কোনো আর্থিক সংশ্লিষ্টতা নেই। কাজেই এ সমীক্ষার ব্যাপারে বাংলাদেশকে জানানোর বাধ্যবাধকতা নেই। ভারতের পররাষ্ট্র মন্ত্রণালয়ের দরপত্রের তথ্য অনুযায়ী, নারায়ণগঞ্জের শীতলক্ষ্যা নদীর তীরে কুমুদিনী ওয়েলফেয়ার ট্রাস্ট অব বেঙ্গল লিমিটেডের ৪৬ একর জায়গার ওপর ওই সমীক্ষা চালানো হবে।