ঢাকাকে গুরুত্ব দেয় যুক্তরাষ্ট্র: নিশা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক যুক্তরাষ্ট্রের সহকারী পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল বলেছেন, বাংলাদেশের সঙ্গে যুক্তরাষ্ট্রের সম্পর্ক এখন আরও বড় এবং যেকোনো সময়ের তুলনায় শক্তিশালী। বাংলাদেশকে যুক্তরাষ্ট্র অনেক গুরুত্ব দেয়। 
যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে বাংলাদেশ দূতাবাসে গত বৃহস্পতিবার সন্ধ্যায় বাংলাদেশের স্বাধীনতা দিবস উপলক্ষে আয়োজিত এক অনুষ্ঠানে নিশা দেশাই এসব কথা বলেন বলে জানিয়েছে বার্তা সংস্থা ইউএনবি।
বাংলাদেশ স্বাধীন হওয়ার পরপরই ১৯৭২ সালের ফেব্রুয়ারিতে যুক্তরাষ্ট্রের সিনেটর এডওয়ার্ড কেনেডির বাংলাদেশ সফরের কথা উল্লেখ করে নিশা দেশাই বলেন, ঢাকায় গিয়ে কেনেডি বলেছিলেন, ‘আমি এখানে এসেছি এ কথা বলতে যে আমেরিকা আপনাদের গুরুত্ব দেয়।’ নিশা বলেন, ‘আজ ৪৪ বছর পরও সেই বার্তা অভিন্ন আছে, আমেরিকা বাংলাদেশকে গুরুত্ব দেয়।’
যুক্তরাষ্ট্রে নিযুক্ত বাংলাদেশের রাষ্ট্রদূত মোহাম্মদ জিয়াউদ্দিন, ঢাকায় নিযুক্ত মার্কিন রাষ্ট্রদূত মার্শিয়া বার্নিকাট এবং বাংলাদেশে নিযুক্ত সাবেক কয়েকজন মার্কিন রাষ্ট্রদূতসহ কয়েকজন বিদেশি কূটনীতিক ওই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।
নিউইয়র্কে অনুষ্ঠান: নিউইয়র্ক প্রতিনিধি জানান, বৃহস্পতিবার সন্ধ্যায় নিউইয়র্কে জাতিসংঘের বাংলাদেশ কার্যালয়ে স্বাধীনতা দিবস উপলক্ষে মিলনমেলার আয়োজন করা হয়। এতে যুক্তরাষ্ট্রে এবং জাতিসংঘে নিযুক্ত বাংলাদেশের কূটনীতিক, সেখানে অবস্থানরত প্রবাসী বাংলাদেশি, মুক্তিযোদ্ধা, কমিউনিটি নেতা, সাংবাদিক, সংস্কৃতিকর্মীরা অংশ নেন।
জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি এম এ মোমেন অনুষ্ঠানে অতিথিদের স্বাগত জানান। জাতিসংঘের ডেপুটি সেক্রেটারি জেনারেল জেন এলিসন কেক কেটে মিলনমেলার উদ্বোধন করেন।
এ সময় জেন এলিসন বলেন, ‘জাতিসংঘ সনদ বাস্তবায়ন, মানবাধিকার সংরক্ষণ, উন্নয়ন ও বিশ্বশান্তি¯সংরক্ষণে বাংলাদেশ বিশ্বের কাছে দৃষ্টান্ত হয়ে উঠেছে।’
ওয়েস্টমিনস্টার অ্যাবিতে বাংলাদেশের পতাকা: লন্ডন প্রতিনিধি জানান, একই দিন লন্ডনে যুক্তরাজ্যের সবচেয়ে অভিজাত গির্জা ওয়েস্টমিনস্টার অ্যাবিতে বাংলাদেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়েছে। এ সময় গির্জায় বাংলাদেশের মানুষের সুখ-সমৃদ্ধি কামনা করে বিশেষ প্রার্থনা করা হয়।
লন্ডনের প্রাণকেন্দ্রে অবস্থিত ‘ওয়েস্টমিনস্টার অ্যাবি’ ব্রিটিশ রাজপরিবারের প্রার্থনাকেন্দ্র। কমনওয়েলথভুক্ত দেশগুলোর জাতীয় দিবসে এখানে বিশেষ প্রার্থনার পাশাপাশি সংশ্লিষ্ট দেশের জাতীয় পতাকা উত্তোলন করা হয়।
বাংলাদেশের পতাকা উত্তোলন ও প্রার্থনা অনুষ্ঠানে দেশটিতে নিযুক্ত বাংলাদেশের হাইকমিশনার এম এ হান্নান এবং হাইকমিশনের উচ্চপদস্থ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
সন্ধ্যায় পশ্চিম লন্ডনের কেনজিংটন টাউন হলে বাংলাদেশ হাইকমিশনের উদ্যোগে স্বাধীনতা দিবসের বর্ণাঢ্য অনুষ্ঠানের আয়োজন করা হয়।
কলকাতায় দিনব্যাপী অনুষ্ঠান: স্বাধীনতা দিবস উপলক্ষে ভারতের কলকাতায়ও বৃহস্পতিবার দিনব্যাপী বিভিন্ন অনুষ্ঠানের আয়োজন করা হয় বলে জানিয়েছেন কলকাতা প্রতিনিধি। সকালে কলকাতায় অবস্থিত বাংলাদেশ উপহাইকমিশনে জাতীয় পতাকা উত্তোলন করেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার জকি আহাদ। এরপর মুক্তিযুদ্ধে শহীদের আত্মার মাগফিরাত কামনায় এক মিনিট নীরবতা পালন এবং বাংলাদেশের সুখ, সমৃদ্ধি ও উন্নতি কামনায় বিশেষ মোনাজাত করা হয়।
পরে উপহাইকমিশনের মিলনায়তনে উপহাইকমিশনার জকি আহাদের সভাপতিত্বে আলোচনা সভার আয়োজন করা হয়। সন্ধ্যায় কলকাতার একটি অভিজাত হোটেলে অভ্যর্থনার আয়োজন করা হয়। এতে পশ্চিমবঙ্গ রাজ্যের মন্ত্রী, সাংসদ, বিধায়ক, বিভিন্ন রাজনৈতিক দলের নেতারা এবং কলকাতার বিভিন্ন বিদেশি দূতাবাসের কর্মকর্তারা যোগ দেন।