ঢাকাকে ঘিরে পরিবহন পরিকল্পনায় সংশোধন
বর্তমানে ঢাকা ও এর আশপাশে দৈনিক প্রায় তিন কোটি যাত্রা (ট্রিপ) হয়। ২০২৫ সালে হবে ৪ কোটি ২০ লাখ। আর ২০৩৫ সালে ঢাকা ও এর আশপাশের মানুষ দৈনিক ৫ কোটির বেশি যাত্রা করবে। একজন মানুষ কোনো একটি বাহনে উঠে নির্ধারিত গন্তব্যে নামলে একটি যাত্রা বা ট্রিপ হিসেবে বিবেচনা করা হয়।
গতকাল বুধবার নিজ দপ্তরে এক সংবাদ সম্মেলনে ঢাকার মানুষের যাতায়াতের এই তথ্য জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। ঢাকার জন্য করা ২০ বছরের সংশোধিত পরিবহন পরিকল্পনার (আরএসটিপি) সমীক্ষায় এই তথ্য বেরিয়ে এসেছে বলে মন্ত্রী জানান।
সরকার ঢাকার যানজট নিরসনে প্রথমে ২০০৫-২৪ সাল পর্যন্ত পরিবহন পরিকল্পনা করে। এর মধ্যে মেট্রোরেল, বাসের বিশেষ লেন (বিআরটি), উড়ালসড়ক নির্মাণসহ নানা প্রকল্প বাস্তবায়নের সুপারিশ করা হয়। কিন্তু এর মধ্যে চাহিদার পরিবর্তনের কারণে পরিকল্পনা সংশোধনের সিদ্ধান্ত নেওয়া হয়। জাপানের আন্তর্জাতিক সহায়তা সংস্থা জাইকার সহায়তায় আরএসটিপি করা হয় ২০১৫-৩৫ সাল পর্যন্ত। এতে কিছু প্রকল্প যোগ হয়েছে এবং কিছু প্রকল্পের পথ পরিবর্তনের সুপারিশ করা হয়। গত ২৯ আগস্ট মন্ত্রিসভায় আরএসটিপি অনুমোদন দেওয়া হয়েছে।
ওবায়দুল কাদের জানান, আরএসটিপিতে §পাঁচটি মেট্রোরেল লাইন, দুটি বাসের বিশেষ লেন, তিনটি রিং রোড, রিং রোডের সঙ্গে সংযোগকারী আট সড়ক নির্মাণের সুপারিশ রয়েছে। এর মধ্যে গাজীপুর থেকে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর পর্যন্ত বাসের বিশেষ লেন নির্মাণ প্রকল্প চলমান আছে। উত্তরা থেকে মতিঝিল পর্যন্ত মেট্রোরেল (রুট-৬) নির্মাণকাজও চলছে। মগবাজার-মৌচাক উড়ালসড়ক ও ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে (বিমানবন্দর থেকে কমলাপুর) নির্মাণকাজ এগোচ্ছে।