
সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে বাংলাদেশ ও ভারত একসঙ্গে কাজ করবে। এ জন্য বাংলাদেশ সরকারের সন্ত্রাস ও জঙ্গিবাদবিরোধী লড়াইয়ে ভারতের জোরালো সমর্থনের কথা জানিয়েছেন দেশটির পররাষ্ট্রসচিব এস জয়শঙ্কর।
গতকাল বৃহস্পতিবার দুপুরে পররাষ্ট্রসচিব মো. শহীদুল হকের সঙ্গে বৈঠকের পর তিনি সাংবাদিকদের কাছে এ কথা বলেন।
রাষ্ট্রীয় অতিথি ভবন পদ্মায় সাংবাদিকদের প্রশ্নের জবাবে পররাষ্ট্রসচিব শহীদুল হক বলেন, ‘সন্ত্রাস দমনে আমরা দ্বিপক্ষীয়ভাবে কাজ করছি। ভবিষ্যতে এই ক্ষেত্র কীভাবে শক্তিশালী করা যায়, তা নিয়ে আলোচনা করেছি।’
বৈঠকের পর ঢাকায় ভারতীয় হাইকমিশনের দেওয়া এক বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, সম্প্রতি বাংলাদেশে ঝুঁকিতে থাকা লোকজনের ওপর হামলার প্রতিক্রিয়ায় সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে বাংলাদেশের প্রতি ভারতের জোরালো সমর্থনের কথা বলেন জয়শঙ্কর।
বাংলাদেশে সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে যুক্তরাষ্ট্র ও ভারত একসঙ্গে কাজ করার ব্যাপারে সম্প্রতি গণমাধ্যমে যে প্রতিবেদন প্রকাশিত হয়েছে, তা জয়শঙ্কর ঢাকায় এসে জেনেছেন বলে উল্লেখ করেন। সকালে নাগরিক সমাজের প্রতিনিধিরা প্রাতরাশ বৈঠকে বিষয়টি তুললে এ প্রতিক্রিয়া জানান ভারতের পররাষ্ট্রসচিব।
ওই বৈঠক শেষে ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান, সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল ও আওয়ামী লীগের সাবেক সাংসদ আবদুল মান্নান গণমাধ্যমকর্মীদের এ কথা জানান।
দুই পররাষ্ট্রসচিব জানান, গত বছরের জুনে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির ঢাকা সফরের সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার শীর্ষ বৈঠক শেষে নেওয়া সিদ্ধান্ত তাঁরা পর্যালোচনা করেছেন তাঁদের গতকালের বৈঠকে। বৈঠক শেষে দুই পররাষ্ট্রসচিবই মন্তব্য করেছেন, গত কয়েক মাসের অগ্রগতি অপ্রত্যাশিত এবং এই অগ্রগতি সম্পর্ক আরও এগিয়ে নিতে দৃঢ় ভিত্তি তৈরি করে দেবে।
জয়শঙ্কর বলেন, ‘আঞ্চলিক ও আন্তর্জাতিক বিষয় নিয়েও আমরা কথা বলি। এ ক্ষেত্রে আমি পররাষ্ট্রসচিবকে জানিয়েছি, সন্ত্রাস ও জঙ্গিবাদের বিরুদ্ধে বাংলাদেশের লড়াইতে আমি ভারতের জোরালো সমর্থন জানাতে এসেছি। কারণ, প্রতিবেশী দেশ হিসেবে এটি (সন্ত্রাস ও জঙ্গিবাদ) আমাদের জন্য উদ্বেগের। এ ব্যাপারে আমাদের যোগাযোগ আছে এবং আমরা নিবিড়ভাবে, দ্বিপক্ষীয়ভাবে কাজ করে যাচ্ছি।’
সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে বাংলাদেশ, ভারত ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে, এমন আলোচনা নিয়ে দৃষ্টি আকর্ষণ করা হলে শহীদুল হক বলেন, ‘আমরা দ্বিপক্ষীয়ভাবে এ ক্ষেত্রে কাজ করছি এবং ভবিষ্যতে এই ক্ষেত্রটা কীভাবে শক্তিশালী করা যায়, তা নিয়ে আলোচনা করেছি।’
পররাষ্ট্রসচিব বলেন, ‘সন্ত্রাসবাদ ও জঙ্গিবাদ দমনের বিষয়ে আলোচনা হয়েছে। এটা নির্মূলের জন্য আমরা দ্বিপক্ষীয়ভাবে কাজ করছি, আন্তর্জাতিক ও আঞ্চলিকভাবেও কাজ করছি। এ ব্যাপারে আমাদের যে নোট, সেটি বিনিময় করেছি। আমাদের ও ওনাদের বিশ্লেষণের মধ্যে প্রচুর মিল আছে এবং আমরা মনে করি, একসঙ্গে কাজ করলে কাজ করা যায়।’
তিস্তার পানি বণ্টন চুক্তি নিয়ে আলোচনা হয়েছে কি না জানতে চাইলে শহীদুল হক বলেন, ‘পানির সমস্যা, খরার সমস্যা, পরিবেশের সমস্যা নিয়ে আলাপ হয়েছে। আমরা আশাবাদী। আমরা সব বিষয়ে আশাবাদী, এ বিষয়েও আশাবাদী।’
শেখ হাসিনার কাছে নরেন্দ্র মোদির যে চিঠি জয়শঙ্কর পৌঁছে দিয়েছেন, তাঁর বিষয়বস্তু সম্পর্কে জানতে চাইলে শহীদুল হক জানান, ভারতের গোয়ায় ১৫-১৬ অক্টোবর উদীয়মান অর্থনীতির দেশগুলোর জোট ব্রিকসের শীর্ষ সম্মেলন হবে। ওই সম্মেলনের পাশাপাশি একটি বর্ধিত আয়োজনে বঙ্গোপসাগরীয় দেশগুলোর বহুপক্ষীয় কারিগরি ও অর্থনৈতিক সহযোগিতার জোট বা বিমসটেক সদস্যদেশের সরকার ও রাষ্ট্রপ্রধানদের আমন্ত্রণ জানিয়েছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। প্রধানমন্ত্রী নীতিগতভাবে এতে যাওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
শহীদুল হক জানান, ভারতের দেওয়া দ্বিতীয় ঋণচুক্তির বিভিন্ন প্রকল্প নিয়ে আলোচনা হয়েছে। নতুন বিভিন্ন ক্ষেত্র, বিশেষ করে সামুদ্রিক অর্থনীতির ব্যাপারে সম্প্রতি এক যৌথ কার্যদল গঠন করা হয়েছে, সেটা একটা বড় অগ্রগতি। তা ছাড়া জ্বালানি, ঋণচুক্তিসহ অন্যান্য ক্ষেত্রে, বিশেষ করে যোগাযোগের ক্ষেত্রে যে অগ্রগতি হয়েছে, সেটা পর্যালোচনা করে একটি চূড়ান্ত সিদ্ধান্ত হয়েছে। এই কয়েক মাসে যে অগ্রগতি হয়েছে, সেটি অপ্রত্যাশিত ও নির্বিঘ্ন। এর ফলে এই এলাকায় উন্নয়নের নতুন মাত্রা দেখা দিয়েছে। একই সঙ্গে আঞ্চলিক ও আন্তর্জাতিক পর্যায়ে অগ্রগতি নিয়ে একে অন্যের প্রতিবেদন বিনিময় করা হয়েছে।
জয়শঙ্কর জানান, ভারত থেকে বাংলাদেশে আরও বিদ্যুৎ রপ্তানির পর্যালোচনার পাশাপাশি জ্বালানি সহযোগিতা বাড়াতে বাংলাদেশ থেকে ডিজেল ও তরলীকৃত প্রাকৃতিক গ্যাস (এলএনজি) সরবরাহের সম্ভাব্যতা নিয়ে আলোচনা হয়েছে। উপকূলীয় জাহাজ চলাচল শুরুর পর বাংলাদেশের নৌযানে ভারতের বিভিন্ন বন্দরে পণ্য পরিবহন নিয়ে আলোচনা হয়েছে। বিভিন্ন ক্ষেত্রে দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে বলে মন্তব্য করেন ভারতের পররাষ্ট্রসচিব।
এদিকে রাজধানীর একটি হোটেলে নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গে ভারতের পররাষ্ট্রসচিবের প্রাতরাশ বৈঠকের পর ইমেরিটাস অধ্যাপক আনিসুজ্জামান বলেন, দ্বিপক্ষীয় ও আঞ্চলিক সম্পর্ক কীভাবে এগিয়ে নেওয়া যায়, সেটি নিয়ে কথা হয়েছে। আলোচনায় বিভিন্ন সমস্যার কথা উঠে এসেছে।
বাংলাদেশে সন্ত্রাসবাদ দমন নিয়ে ভারত ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে, এমন প্রসঙ্গে আলোচনা হয়েছে কি না জানতে চাইলে তিনি বলেন, ‘সন্ত্রাসবাদ দমন নিয়ে আলোচনা হয়েছে। বিশেষ করে ভারত ও মার্কিন যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে বলে কাগজে যে খবর বেরিয়েছে, উনি (জয়শঙ্কর) এটা কাগজে পড়েছেন বলে জানালেন।’
এক প্রশ্নের উত্তরে আনিসুজ্জামান জানান, বাংলাদেশে সংখ্যালঘু নির্যাতন নিয়ে কোনো আলোচনা হয়নি।
সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা সুলতানা কামাল বলেন, বাংলাদেশের সন্ত্রাস দমনে নিরাপত্তা নিয়ে মার্কিন যুক্তরাষ্ট্রের সঙ্গে কাজ করার বিষয়টি এখানে এসে শুনেছেন বলে জানিয়েছেন জয়শঙ্কর। এ ব্যাপারে তাঁর কোনো মন্তব্য সেভাবে ছিল না।
আওয়ামী লীগের সাবেক সাংসদ আবদুল মান্নান বলেন, ‘আমাদের পক্ষ থেকে বলা হয়েছিল, মধ্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়াল এসে বলেছিলেন, সন্ত্রাস ও জঙ্গিবাদ দমনে বাংলাদেশ, ভারত ও যুক্তরাষ্ট্র একসঙ্গে কাজ করবে। এটা কীভাবে হবে? এ প্রশ্নের জবাবে জয়শঙ্কর পাল্টা প্রশ্ন করে বলেন, “বাংলাদেশের নিরাপত্তা নিয়ে যুক্তরাষ্ট্রের সঙ্গে ভারত কীভাবে কাজ করবে? যুক্তরাষ্ট্র এ কথা বলেছে, আমরা তো বলিনি।”’
প্রাতরাশ বৈঠকে নাগরিক সমাজের প্রতিনিধিদের মধ্যে আরও উপস্থিত ছিলেন বাংলাদেশ-ভারত মৈত্রী সমিতির সভাপতি এ কে আজাদ চৌধুরী, ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য আ আ ম স আরেফিন সিদ্দিক, সাবেক সেনাপ্রধান লে. জেনারেল হারুন অর রশীদ, সাবেক পররাষ্ট্রসচিব শমসের মবিন চৌধুরী, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশনের চেয়ারম্যান কাজী খলীকুজ্জমান আহমদ, মাছরাঙা টিভির প্রধান নির্বাহী কর্মকর্তা সৈয়দ ফাহিম মুনয়েম প্রমুখ।