ঢাকাকে বাঁচাতে রাজনৈতিক সদিচ্ছা প্রয়োজন
প্রশাসনিক বিকেন্দ্রীকরণের পাশাপাশি ঢাকার ভবিষ্যৎ উন্নয়ন পরিকল্পনায় এর আশপাশে নতুন নতুন এলাকা গড়ে তুলতে হবে। এসব এলাকার প্রকৃতির সঙ্গে মানবিক যোগসূত্র অক্ষুণ্ন রেখেই নিতে হবে সব স্থাপত্য পরিকল্পনা। এভাবে মূল ঢাকার সঙ্গে উন্নত যোগাযোগ অবকাঠামোসহ গুচ্ছ গুচ্ছ শহর গড়ার মধ্য দিয়ে ঢাকাকে নিয়ে যেতে হবে রাজধানীর বর্তমান সীমানার বাইরে। এ জন্য সম্মিলিত উদ্যোগ ও সচেতনতার পাশাপাশি সবার আগে প্রয়োজন রাজনৈতিক সদিচ্ছা।
গতকাল রোববার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউশন মিলনায়তনে বেঙ্গল ফাউন্ডেশনের আয়োজনে স্থাপত্যবিষয়ক আন্তর্জাতিক সম্মেলনের সমাপনী দিনে দেশি-বিদেশি স্থপতি ও শিক্ষাবিদেরা এই মন্তব্য করেন।
পরিবেশবান্ধব নির্মাণশৈলীকে প্রাধান্য দিয়ে স্থাপত্যশিল্পে দেশজ সংস্কৃতি ও ঐতিহ্যের সমন্বয় ঘটিয়ে নতুন একটি ধারা তৈরির প্রয়াসে গত শুক্রবার থেকে ‘আর্কিটেকচার নাউ নেক্সট’ শীর্ষক এই সম্মেলন শুরু হয়। তিন দিনের এই সম্মেলনে দেশ-বিদেশের আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন স্থপতি, স্থাপত্য চিন্তাবিদ, ইতিহাসবিদ, তাত্ত্বিক, শিক্ষকসহ চার হাজার শিক্ষার্থী অংশ নেন। ভৌগোলিক অবস্থান, জলবায়ু পরিবর্তন, বিশ্বায়নের প্রভাব ও নগরমুখী জনসংখ্যার চাপের সঙ্গে সংকুচিত প্রাকৃতিক সম্পদের মতো বিষয়গুলো সামনে রেখে বাংলাদেশের স্থাপত্যচিন্তা কেমন হওয়া উচিত, সেটাই ছিল এ সম্মেলনের আলোচনার মূল বিষয়বস্তু। পৃথিবীর ‘কঠিনতম’ রাজধানী বিবেচনায় ঢাকার ভবিষ্যৎ নগরায়ণের বিষয়টিও ছিল উল্লেখযোগ্য।
গতকাল সম্মেলনের সমাপনী দিনের কার্যক্রম শুরু হয় চলচ্চিত্রনির্মাতা ও কলাম্বিয়া বিশ্ববিদ্যালয়ের পিএইচডি গবেষক নাঈম মোহাইমিনের বিশেষ উপস্থাপনার মধ্য দিয়ে। মেক্সিকোর স্থপতি আলবার্তো কালাচের উপস্থাপনায় গুরুত্ব পায় ভূমিরূপের সঙ্গে সামঞ্জস্য রেখে তাঁর তৈরি স্থাপনাগুলো।
এরপরেই যুক্তরাজ্যের স্থপতি পিটার বুকানানের সঞ্চালনায় ‘আন্ডারস্ট্যান্ডিং সিটিজ, মেকিং সিটিজ’ শীর্ষক প্যানেল আলোচনায় ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক সৈয়দ মনজুরুল ইসলাম ঢাকার প্রশাসনিক বিকেন্দ্রীকরণের ওপর জোর দেন। স্থপতি আলবার্তো কালাচ পরামর্শ দেন ঢাকার আশপাশে উন্নত যোগাযোগ অবকাঠামোসহ গুচ্ছ গুচ্ছ শহর গড়ে তোলার জন্য।
মধ্যাহ্নভোজের বিরতির পর তুরস্কের স্থপতি ও আগা খান অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচারের সাবেক সেক্রেটারি জেনারেল সুহা ওজকান স্থপতিদের কাজের স্বীকৃতির ওপর গুরুত্ব দেন।
সবশেষে বেঙ্গল ইনস্টিটিউটের মহাপরিচালক কাজী খালিদ আশরাফের সঞ্চালনায় ‘স্থাপত্যের ভবিষ্যৎ’ শীর্ষক প্যানেল আলোচনার মধ্য দিয়ে শেষ হয় তিন দিনের আয়োজন।