ঢাকাকে বাসযোগ্য করতে তাবিথের ইশতেহার

বর্তমান সরকারের আমলে ঢাকা বাস-অযোগ্য শহরে পরিণত হয়েছে। আমরা এই ঢাকাকে বাসযোগ্য করতে চাই। ঢাকা উত্তর সিটি করপোরেশন নির্বাচনে বিএনপি-সমর্থিত মেয়র পদপ্রার্থী তাবিথ আউয়াল তাঁর নির্বাচনী ইশতেহারের মুখবন্ধে এ অঙ্গীকার করেছেন।
গতকাল বৃহস্পতিবার রাজধানীর তেজগাঁও-গুলশান সংযোগ সড়কে অবস্থিত নির্বাচনী কার্যালয়ে তাবিথ আউয়াল তাঁর ইশতেহার প্রকাশ করেন। তিনি বাস প্রতীক নিয়ে নির্বাচন করছেন।
বিএনপি-সমর্থিত আদর্শ ঢাকা আন্দোলন আয়োজিত এই অনুষ্ঠানে চার পৃষ্ঠার ইশতেহার পড়ে শোনান তাবিথ। খাদ্যে ভেজাল রোধ, সুলভ খাদ্য সরবরাহব্যবস্থা, বাসস্থান, চিকিৎসা, শিক্ষা, পরিবহন, পরিবেশ, সামাজিক উন্নয়ন, বিনোদন, জনস্বাস্থ্য, ডিজিটাল সেবা, জননিরাপত্তা, দুর্যোগ মোকাবিলা, নগর প্রশাসন প্রভৃতি বিষয়ে নিজের পরিকল্পনা তুলে ধরেন তিনি।
আদর্শ ঢাকা গড়তে ইশতেহারে উল্লেখ করা অঙ্গীকার বাস্তবায়নে মেয়রের কোনো ক্ষমতা নেই। সে ক্ষেত্রে এটা কি নগরবাসীর সঙ্গে প্রতারণা নয়—সাংবাদিকদের এমন প্রশ্নের উত্তরে তাবিথ বলেন, সিটি করপোরেশনের ক্ষমতার পরিধি নিয়ে আপনার মতো আমিও ক্ষিপ্ত। কেন্দ্রীয় সরকারের সমর্থন ছাড়া শহরের বেশির ভাগ সমস্যার সমাধান করা সম্ভব না। তাই আমরা কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করে ও সহযোগিতা নিয়েই সমস্যার সমাধান করব।
বিরোধী জোটের একজন প্রার্থী হয়ে আদৌ সরকারের সহযোগিতা পাবেন কি না জানতে চাইলে তাবিথ বলেন, ‘২৮ এপ্রিলের নির্বাচনে আমার পক্ষে যে বিপুল গণজোয়ার সৃষ্টির সম্ভাবনা তৈরি হয়েছে, তা কোনো সরকারের পক্ষেই অগ্রাহ্য করা সম্ভব না। আর আমি তো জনগণের সমস্যার সমাধান করতে চাই, তাই সরকার আমাকে অবশ্যই সমর্থন দেবে।’
ইশতেহার প্রকাশ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন আদর্শ ঢাকা আন্দোলনের আহ্বায়ক এমাজউদ্দীন আহমদ। তিনি বলেন, নগরে বিদ্যমান সমস্যার কার্যকর সমাধানে যেসব পরিকল্পনা তাবিথ তুলে ধরেছেন, তা সত্যিই অসাধারণ। এ জন্য তাঁকে (তাবিথ) ভোট দিতে নগরবাসীর প্রতি আহ্বান জানান ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক এই উপাচার্য। ঢাকা উত্তর সিটি নির্বাচনে আদর্শ ঢাকা আন্দোলনের সমন্বয়কারী মওদুদ আহমদ বলেন, ২৮ এপ্রিলের নির্বাচনে নীরব ভোট বিপ্লবের মাধ্যমে মানুষ বিএনপির চলমান আন্দোলনের প্রতি সমর্থন জানাবে।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সংগঠনের সদস্যসচিব শওকত মাহমুদ, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী এয়ার ভাইস মার্শাল (অব.) আলতাফ হোসেন, বিএনপির ভাইস চেয়ারম্যান সেলিমা রহমান, তাবিথ আউয়ালের মা ও আবদুল আউয়াল মিন্টুর স্ত্রী নাসরিন আউয়াল, সাংবাদিক মাহফুজ উল্লাহসহ বিএনপির নেতারা।