ঢাকা শহরটা অকার্যকর হয়ে পড়ছে। এই শহরকে বসবাসের যোগ্য করতে হলে বড় পরিপকল্পনা বাস্তবায়নের পাশাপাশি নাগরিক অংশগ্রহণে ছোট ছোট উদ্যোগ নিতে হবে। ভূমি, মাঠ ও নদী নিয়ে ঘটে যাওয়া অন্যায়ের বিরুদ্ধে নাগরিক সমাজকে আরও সোচ্চার হতে হবে।
গতকাল মঙ্গলবার নগর বিষয়ে বৈশ্বিক নতুন চিন্তা নিয়ে আয়োজিত আলোচনা সভায় অংশগ্রহণকারী বিশেষজ্ঞরা এ কথা বলেন। পাওয়ার অ্যান্ড পার্টিসিপেশন রিসার্চ সেন্টার (পিপিআরসি) ও ইংরেজি দৈনিক ডেইলি স্টার এই আলোচনার আয়োজন করে। কারওয়ান বাজারে ডেইলি স্টার ভবনে এই আলোচনা সভা হয়।
পিপিআরসির সভাপতি ও আলোচনা সভার সঞ্চালক হোসেন জিল্লুর রহমান বলেন, আইনের শাসন না থাকার কারণে ঢাকা শহর বসবাসের অযোগ্য হয়ে পড়েছে। সরকার নিজেই অনেক সমস্যা তৈরি করছে। তিনি বলেন, শহরকে ঘিরে যে অন্যায় হয়েছে ও হচ্ছে, তাতে নাগরিকদের ক্রোধ দেখানোর সময় হয়েছে। তিনি নাগরিকদের সম্মিলিতভাবে প্রতিবাদ জানানোর আহ্বান করেন।
মূল উপস্থাপনায় যুক্তরাষ্ট্রের ক্যাথলিক ইউনিভার্সিটির সহযোগী অধ্যাপক আদনান মোরশেদ বলেন, ছোট একটু পরিবর্তন এনে বড় ধরনের ফল পাওয়ার উদাহরণ পৃথিবীর অনেক শহরেই দেখা গেছে। শহরকে ‘সুন্দরতর’ করার জন্য নাগরিক অংশগ্রহণ দরকার। সমস্যা সমাধানের জন্য আন্তরিক ইচ্ছার পাশাপাশি সৃজনশীল উদ্যোগ প্রয়োজন। নতুন প্রজন্মের কাছে সাইকেলে চড়া বা হাঁটাকে সম্মান ও গৌরবের কাজ বলে উপস্থাপন করতে হবে। তিনি বলেন, ঢাকা শহরে প্লটের পর প্লট বরাদ্দ দিয়ে সমস্যা বাড়ানো হচ্ছে। অন্যদিকে এত বড় শহরে সেই অর্থে কোনো ‘পাবলিক প্লেস’ নেই। পুরোনো বিমানবন্দরকে এ কাজে ব্যবহার করার প্রস্তাব করেন তিনি।
স্বাগত বক্তব্যে ডেইলি স্টার-এর সম্পাদক মাহ্ফুজ আনাম বলেন, চারটি নদী দিয়ে ঘেরা ঢাকা শহর। এই শহরের যেকোনো ইস্যু ডেইল স্টার-এর নিজস্ব ইস্যু। পরিবেশ রক্ষা, পরিকল্পিত নগর গড়ে তোলার মতো বিষয় নিয়ে কাজ করার জন্য ডেইলি স্টার প্রতিশ্রুতিবদ্ধ।
ঢাকার যানজটের ব্যাপারে মন্তব্য করতে গিয়ে সাবেক তত্ত্বাবধায়ক সরকারের উপদেষ্টা গোলাম কাদের বলেন, পাতালরেলই যানজট সমস্যার একমাত্র সমাধান। তিনি বলেন, এ দেশের মানুষের ট্রাফিক আইন না মানার যে সংস্কৃতির কথা বলা হয়, তা সঠিক নয়। ফার্মগেট এলাকায় মানুষ ট্রাফিক আইন না মানলেও কিছু দূরে গিয়ে সেনানিবাসের মধ্যে ঠিকই মানে।
আলোচনায় অংশ নিয়ে স্থাপত্য ইনস্টিটিউটের সাবেক প্রেসিডেন্ট মোবাশ্বের হোসেন বলেন, সারা দেশ নিয়ে না ভাবলে এককভাবে ঢাকা শহরের সমস্যার সমাধান করা যাবে না। অন্যান্য শহরে ভালো হাসপাতাল ও শিক্ষাপ্রতিষ্ঠান গড়ে তুললে ঢাকায় মানুষ আসা কমবে।
মুক্ত আলোচনায় অংশ নিয়ে স্থপতি ইসমাইল হোসেন বলেন, ঢাকা নিয়ে অনেক পরিকল্পনা হয়েছে। কোনো পরিকল্পনা বাস্তবায়িত হয়নি। পরিকল্পনা বাস্তবায়নের ক্ষেত্রে সাহসের অভাব আছে বলে মন্তব্য করেন তিনি।