ঢাকাকে ভালোবেসে সড়ক পরিষ্কার করুন
আগামী ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবসে ঢাকাকে ভালোবেসে সবাইকে সড়ক পরিষ্কারে নামার আহ্বান জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের (ডিএসসিসি) মেয়র মোহাম্মদ সাঈদ খোকন।
গতকাল রোববার দুপুরে রাজধানীর নগর ভবনের সেমিনার কক্ষে করপোরেশন সভায় মেয়র এ আহ্বান জানান। সেবাদানকারী ২৬টি সংস্থার প্রধান ও প্রতিনিধিদের নিয়ে ‘পরিচ্ছন্ন বছর-২০১৬’ শীর্ষক স্লোগানে এ করপোরেশন সভার আয়োজন করে ডিএসসিসি।
সাঈদ খোকন বলেন, ‘আগামী ১৪ ফেব্রুয়ারি বিশ্ব ভালোবাসা দিবস। ওই দিন সবাই পরিবার ও প্রিয়জনকে ভালোবাসার জন্য নিজেকে উজাড় করে দেয়। ঠিক একইভাবে ওই দিন নগরকে ভালোবেসে সরকারি-বেসরকারি প্রতিষ্ঠানসহ সবাইকে নগরের রাস্তাঘাট পরিষ্কার করার আহ্বান জানাই। ১৪ ফেব্রুয়ারি হবে নগরকে ভালোবাসার বহিঃপ্রকাশ।’
সাঈদ খোকন আরও বলেন, ‘নগর পরিষ্কারে জনসচেতনতা বাড়াতে একদিন সাদা শার্ট পরে সবাইকে অফিস করার আহ্বান জানাই। তবে কবে সাদা শার্ট পরতে হবে, তা পরে জানানো হবে। এর আগে ১৪ ফেব্রুয়ারি সামনে রেখে সবাইকে প্রস্তুতি নিতে হবে। নিজ অফিস-বাসাবাড়ি ও চারপাশ পরিষ্কার রাখতে হবে। কারণ, আমরা চাই একটি পরিচ্ছন্ন জীবন।’
রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) চেয়ারম্যান জি এম জয়নাল আবেদীন ভূঁইয়া বলেন, রাজউকের অনুমতি ছাড়া বা নকশার পরিবর্তন করে বহুতল ভবন নির্মাণ করার বিষয়ে ডিএসসিসির সব কাউন্সিলরকে সতর্ক থাকতে হবে। রাজউকের পক্ষ হয়ে কাউন্সিলরদের এ ধরনের ভবন নির্মাণ বন্ধে ভূমিকা রাখতে হবে।
র্যা বের মহাপরিচালক বেনজীর আহমেদ বলেন, ঢাকা শহরে হাজারো সমস্যা। সব সমস্যা একসঙ্গে সমাধান করা সম্ভব নয়। তা করতে হবে ক্রমান্বয়ে। এ জন্য নিজের মধ্যে ‘পরিচ্ছন্ন ভাবনা’ থাকতে হবে। কারণ, মনোজগতের পরিবর্তন এলে সব বাস্তবায়ন করা সম্ভব।
ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) কমিশনার মো. আছাদুজ্জামান বলেন, শহরের প্রধান সমস্যার একটি জলাবদ্ধতা। জলাবদ্ধতার পেছনে আছে নিষিদ্ধ পলিথিনের ব্যবহার। তাই প্রয়োজনীয় সব কাজে পাটের ব্যাগ ব্যবহার করতে হবে। তিনি বলেন, রাজধানীর বিভিন্ন স্থানে আছে অবৈধ ব্যানার-পোস্টার। এসব উচ্ছেদের পাশাপাশি সংশ্লিষ্ট ব্যক্তি বা প্রতিষ্ঠানকে জরিমানা করতে হবে। ডিএসসিসির সব উদ্যোগে সহযোগিতা করবে ডিএমপি।
ডিএসসিসির মেয়রের সভাপতিত্বে করপোরেশন সভায় স্বাস্থ্য অধিদপ্তরের মহাপরিচালক দীন মোহাম্মদ, পরিবেশ অধিদপ্তরের মহাপরিচালক রইছউল আলম মণ্ডল প্রমুখ বক্তব্য দেন।