ঢাকাকে ভিক্ষুকমুক্ত করার চিন্তা
এক মাসের মধ্যে ঢাকা শহর ভিক্ষুকমুক্ত করার নির্দেশ দিয়েছেন প্রধানমন্ত্রীর কার্যালয়ের টেকসই উন্নয়ন লক্ষ্যমাত্রা (এসডিজি) বিষয়ক মুখ্য সমন্বয়ক আবুল কালাম আজাদ।
গতকাল সোমবার বিকেলে ঢাকা জেলা প্রশাসনের কার্যালয়ে এক ভিডিও কনফারেন্সে সংশ্লিষ্ট ব্যক্তিদের তিনি এ নির্দেশ দেন। এ ছাড়া ভিক্ষুকদের পুনর্বাসনের বিষয়ে করণীয় নির্ধারণ করতে বলা হয়। এ সময় ঢাকা বিভাগের সব কটি জেলা প্রশাসন ভিডিও কনফারেন্সে যোগ দেয়।
কনফারেন্সের শুরুতে ভিক্ষুকদের বিষয়ে করণীয় নিয়ে নিজ মতামত তুলে ধরেন ঢাকা বিভাগীয় কমিশনার হেলালুদ্দীন আহমেদ। তিনি বলেন, বর্তমানে ঢাকা শহরের প্রতিটি মাজার, মসজিদ, পার্ক ও জনবহুল এলাকায় ভিক্ষুকেরা ভিক্ষা করেন। তাঁদের অধিকাংশই এটাকে ব্যবসা হিসেবে নিয়েছেন। অথচ দেশে খাবার ও কর্মসংস্থানের অভাব নেই। তাঁদের ভিক্ষা না দিয়ে কাজ করার পরামর্শ দিতে হবে।
ঢাকার জেলা প্রশাসক সালাহ উদ্দিন বলেন, বিভিন্ন জেলা থেকে অসংখ্য মানুষ ঢাকা শহরে ভিক্ষা করতে আসেন। ছয় মাসের মধ্যে তাঁদের তালিকা করা হবে। প্রত্যেককে নিজ নিজ জেলায় প্রশিক্ষণ, কর্মসংস্থান ও পুনর্বাসনের জন্য পাঠানো হবে। এই তালিকা তৈরিতে ডিএসসিসি, ডিএনসিসি ও ঢাকা মেট্রোপলিটন পুলিশকে সহযোগিতা করতে হবে।
এ সময় আবুল কালাম আজাদ বলেন, কাজকর্ম করার চেয়ে অনেকেই ভিক্ষা করা পছন্দ করেন। এমন লোকদের এক মাসের মধ্যে ঢাকা শহর থেকে উচ্ছেদ করতে হবে। প্রয়োজনে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাঁদের বিরুদ্ধে আইনানুযায়ী ব্যবস্থা নিতে হবে। তিনি বলেন, প্রতিটি জেলায় একটি বাড়ি একটি খামার প্রকল্প নিয়েছে সরকার। ভিক্ষুকদের এই প্রকল্পের অধীন ও বিভিন্ন কলকারখানায় প্রশিক্ষণ এবং কর্মসংস্থানের ব্যবস্থা করা যেতে পারে।
ডিএসসিসির আইন কর্মকর্তা তুহিনুর আলম বলেন, ‘রাজধানীকে ভিক্ষুকমুক্ত করতে ইতিমধ্যে একটি প্রকল্প হাতে নিয়েছে ডিএসসিসি। এই প্রকল্পের অধীন বেইলি রোড, কাজী নজরুল ইসলাম অ্যাভিনিউ ও ধানমন্ডির রবীন্দ্র সরোবর এলাকা ভিক্ষুকমুক্ত ঘোষণা করা হয়েছে। সে অনুযায়ী কার্যক্রম চলমান রয়েছে।’