রাজধানী ঢাকাকে যানজটমুক্ত ও জলাবদ্ধতাবিহীন এবং পরিবেশ-বান্ধব নগর হিসেবে গড়ে তোলার ঘোষণা দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। গতকাল শনিবার বনানীতে আর্মি স্টেডিয়ামে ঢাকা উড়ালপথের নির্মাণকাজের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী এই ঘোষণা দেন।উদ্বোধন ঘোষণার আগে প্রধানমন্ত্রী ৩২ কিলোমিটার দীর্ঘ (সংযোগসহ) উড়ালপথের ফলক উন্মোচন করেন। সরকারি-বেসরকারি যৌথ বিনিয়োগে আট হাজার ৭০৩ কোটি টাকায় উড়ালপথ প্রকল্প বাস্তবায়ন করা হবে। ইটালিয়ান-থাই ডেভেলপমেন্ট পাবলিক কোম্পানি এই প্রকল্পের বিনিয়োগকারী। উড়ালপথটি শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুড়িল, বনানী, মহাখালী, সাতরাস্তা, মগবাজার ও কমলাপুর হয়ে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাছে কুতুবখালী গিয়ে শেষ হবে। এ ছাড়া দুটি উড়াল সংযোগ সড়ক হবে। এর একটি পলাশী থেকে কাঁটাবন, সোনারগাঁও হোটেল হয়ে মগবাজার রেলক্রসিং হয়ে এবং অপরটি মানিক মিয়া এভিনিউ থেকে ফার্মগেট হয়ে তেজগাঁওয়ে গিয়ে মূল উড়ালপথে যুক্ত হবে। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেন, ঢাকাকে পরিকল্পিত নগর হিসেবে গড়ে তোলার লক্ষ্যে টঙ্গী রেলক্রসিংয়ে শহীদ আহসানউল্লাহ মাস্টার উড়ালসেতু নির্মাণ করা হয়েছে। গুলিস্তান-যাত্রাবাড়ী ও কুড়িলে দুটি ফ্লাইওভার এবং সেনানিবাসের ওপর দিয়ে মিরপুর থেকে বনানী পর্যন্ত ফ্লাইওভারের নির্মাণকাজ চলছে। ঢাকার ওপর চাপ কমানোর লক্ষ্যে ঢাকা উড়ালপথটিও উত্তরে গাজীপুর এবং দক্ষিণে নারায়ণগঞ্জ পর্যন্ত সম্প্রসারণ করা হবে। প্রধানমন্ত্রী নাগরিকদের আইন মেনে চলা এবং বিদ্যুৎ ও পানি ব্যবহারের ক্ষেত্রে সাশ্রয়ী হওয়ার আহ্বান জানান। শেখ হাসিনা আক্ষেপ করে বলেন, ‘আজকে আসার পথে পত্রিকায় একটি খবর পড়ে মনটা খারাপ হয়ে গেছে। এমনভাবে লেখা হয় যে হাসিনা-খালেদাকে দিয়ে কিছু হবে না। একজন পারবে না বলে অন্যরাও পারবে না, এটা তো হতে পারে না। আমার সরকার ক্ষমতায় আসলে কাজ করে। অন্য সরকার তো কাজ করে না। তাই দুজনের মধ্যে একটা পার্থক্য রাখা উচিত।’ উদ্বোধনী অনুষ্ঠানে থাইল্যান্ডের সেতু বিভাগের সচিব মোশাররফ হোসেন ভূঁইয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে আরও বক্তব্য দেন উপপ্রধানমন্ত্রী সিত্তিয়া মোর্ন, যোগাযোগমন্ত্রী সৈয়দ আবুল হোসেন, ইটালিয়ান-থাই ডেভেলপমেন্ট কোম্পানির চেয়ারম্যান প্রেম চাই কর্নাসুঠি।