ঢাকাগামী আন্তনগর ট্রেনে আসনস্বল্পতা, যাত্রী দুর্ভোগ
বগুড়ার সান্তাহার জংশন স্টেশনে ঢাকাগামী আন্তনগর ট্রেনে আসন বরাদ্দ কম থাকায় এখানকার যাত্রীদের অত্যন্ত দুর্ভোগ পোহাতে হচ্ছে। চাহিদার তুলনায় আসন বরাদ্দ কম থাকায় টিকিট না পেয়ে অনেক যাত্রী ফিরে যেতে বাধ্য হন। আবার অনেকে আসন না পেয়ে দীর্ঘ পথ ট্রেনে দাঁড়িয়ে ভ্রমণ করেন।
সান্তাহার স্টেশন কর্তৃপক্ষ সূত্রে জানা গেছে, দিন ও রাতে সান্তাহার জংশন স্টেশন দিয়ে পাঁচটি আন্তনগর ট্রেন চলাচল করে। এগুলো হচ্ছে দিনাজপুর থেকে আসা দ্রুতযান আন্তনগর এক্সপ্রেস ও একতা আন্তনগর এক্সপ্রেস, নীলফামারী থেকে আসা নীলসাগর আন্তনগর এক্সপ্রেস, লালমনিরহাট থেকে আসা লালমনি আন্তনগর এক্সপ্রেস এবং রংপুর থেকে আসা রংপুর আন্তনগর এক্সপ্রেস। এই পাঁচটি ট্রেনে শোভন সাধারণ, শোভন চেয়ার ও প্রথম শ্রেণি মিলে সর্বমোট টিকিটের সংখ্যা মাত্র ১৫০। এর মধ্যে শোভন সাধারণ ৮৩, শোভন চেয়ার ৬৫ ও প্রথম শ্রেণির মাত্র ২টি।
সান্তাহার স্টেশনমাস্টার রেজাউল করিম বলেন, প্রতিদিন সান্তাহার জংশন স্টেশন থেকে এক হাজার থেকে দেড় হাজার যাত্রী বিভিন্ন ট্রেনে যাতায়াত করেন। এর মধ্যে ঢাকাগামী যাত্রীর সংখ্যা ৫০০ থেকে ৬০০। ঢাকাগামী ট্রেনগুলোয় চাহিদার চেয়ে অনেক কম আসন বরাদ্দ থাকায় টিকিট বিক্রি করতে হিমশিম খেতে হয়। তিনি আরও বলেন, সান্তাহার জংশন স্টেশন থেকে নওগাঁ জেলা সদর কাছাকাছি হওয়ায় সেখান থেকে প্রচুরসংখ্যক যাত্রী ট্রেনে যাতায়াত করেন। এ ছাড়া নওগাঁয় বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) দুটি ব্যাটালিয়ন এবং বগুড়া সেনানিবাস থাকায় এখানকার সদস্যরাও ট্রেনে চলাচল করেন। প্রথম শ্রেণির মাত্র দুটি টিকিট বরাদ্দ থাকায় ঊর্ধ্বতন সেনা কর্মকর্তাদেরও টিকিট দেওয়া সম্ভব হয়ে ওঠে না। রেজাউল করিম বলেন, ঢাকাগামী ট্রেনগুলোয় বেশি আসন বরাদ্দ চেয়ে একাধিকবার ঊর্ধ্বতন কর্তৃপক্ষের কাছে চিঠি দিয়েও কোনো লাভ হয়নি।
সান্তাহার পৌরসভার কাউন্সিলর জার্জিস আলম বলেন, সান্তাহার একটি গুরুত্বপূর্ণ জংশন স্টেশন। যোগাযোগব্যবস্থার সুবিধার কারণে এই স্টেশন দিয়ে প্রতিদিন প্রচুরসংখ্যক যাত্রী দেশের বিভিন্ন জায়গায় যাতায়াত করেন। প্রতিদিনই যাত্রীদের টিকিট-বিড়ম্বনায় পড়তে হয়। ট্রেনগুলোয় আসন কম থাকায় কিছুই করার থাকে না।
রেলওয়ের পাকশী বিভাগের বিভাগীয় বাণিজ্যিক কর্মকর্তা আহসানুল হক ভূঁইয়ার সঙ্গে গত রোববার দুপুরে মুঠোফোনে যোগাযোগ করা হলে তিনি বলেন, বর্তমানে সান্তাহার জংশন স্টেশনের জন্য কোনো আসন বাড়ানো সম্ভব না। তবে ট্রেনে কামরা বাড়ানো হলে আসনও বাড়ানো হবে।