ঢাকাগামী নৌযানে তিন-চার গুণ যাত্রী
স্বজনদের সঙ্গে ঈদের ছুটি উদ্যাপনের পর কর্মস্থলে ফেরার পালা। এ কারণে গত শুক্র ও গতকাল শনিবার বরিশাল নৌবন্দরে ছিল কর্মস্থলমুখী যাত্রীদের উপচে পড়া ভিড়। জাহাজ ও লঞ্চগুলো তিন থেকে চার গুণ যাত্রী নিয়ে ঢাকার উদ্দেশে ছেড়ে যায়।
গত শুক্রবার সন্ধ্যার আগেই ১৪টি বিলাসবহুল লঞ্চ ও বিআইডব্লিউটিসির জাহাজ যাত্রী বোঝাই হয়ে যায়। লঞ্চগুলোর কেবিনের সামনের বারান্দা, লঞ্চের ছাদ, এমনকি সমানের অংশও যাত্রীদের ভিড় ছিল। বিআইডব্লিউটিসির জাহাজসহ বেসরকারি সব কয়টি লঞ্চ ধারণক্ষমতার তিন থেকে চার গুণ যাত্রী নিয়ে বন্দর ছেড়ে যায়। নৌবন্দরে গতকাল বিকেলে একই চিত্র দেখা যায়।
শুক্রবার বিকেল সাড়ে চারটার দিকে নৌবন্দরে লঞ্চযাত্রী মিজানুর রহমানের সঙ্গে কথা হয়। তিনি স্ত্রী ও সন্তানদের নিয়ে সুন্দরবন ১২ লঞ্চের সামনের দিকে উঠে দাঁড়ান। তিনি প্রথম আলোকে বলেন, গতকালও তাঁর ছুটি। এক দিন আগেই তিনি ফিরতে চেয়েছিলেন। কিন্তু লাভ হয়নি। কোনোমতে উঠে দাঁড়িয়েছেন। ভিড়কে সঙ্গী করেই ঢাকায় ফিরতে হচ্ছে। এ রকম অসংখ্য যাত্রী জায়গা না পেয়ে লঞ্চের সামনের অংশ, কেবিনের সামনের বারান্দা এবং ছাদের ওপর ওঠেন।
বিআইডব্লিউটিএ বরিশাল বন্দরের যুগ্ম পরিচালক মো. মোস্তাফিজুর রহমান বলেন, গত শুক্রবার যাত্রী ভিড় সবচেয়ে বেশি ছিল। গতকাল অতিরিক্ত যাত্রীর চাপ ছিল। সুন্দরবন নেভিগেশন, সুরভি, পারাবত, কীর্তনখোলা, দ্বীপরাজ, টিপু, কালাম খানসহ ১৬টি বিলাসবহুল লঞ্চ বরিশাল নৌবন্দর থেকে যাত্রীবোঝাই করে ঢাকার উদ্দেশে ছেড়ে গেছে।
বিআইডব্লিউটিএ নৌ-নিরাপত্তা এবং ট্রাফিক বিভাগের উপপরিচালক আজমল হুদা বলেন, যাত্রীবোঝাই লঞ্চগুলোকে নির্ধারিত সময়ের দেড় ঘণ্টা আগে বন্দর ছাড়তে বাধ্য করা হয়। স্বাভাবিকের চেয়ে যাত্রী বেশি থাকলেও লঞ্চ বোঝাই হওয়ার চিহ্ন (লোড লাইন) অতিক্রম করতে দেওয়া হয়নি।