ঢাকাগামী পরিবহনে বেশি ভাড়া আদায়ের অভিযোগ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঈদের পাঁচ দিন পরও রাজবাড়ী থেকে ঢাকাগামী পরিবহনগুলোতে বেশি ভাড়া আদায় করা হচ্ছে। এসব পরিবহনে নির্ধারিত ভাড়ার চেয়ে যাত্রীদের ৫০ থেকে ১০০ টাকা বেশি দিতে হচ্ছে।
যাত্রীদের অভিযোগ, পরিবহনমালিকেরা সিন্ডিকেট করে ভাড়া বাড়িয়ে দিয়েছেন। বাধ্য হয়ে বেশি টাকা দিয়ে তাঁদের গন্তব্যে যেতে হচ্ছে। এদিকে রাজবাড়ী থেকে দৌলতদিয়া ঘাট পর্যন্ত চলাচলকারী বাসেরও ভাড়া বেড়েছে।
যাত্রীরা জানান, রাজবাড়ী থেকে সরাসরি ঢাকার গাবতলীগামী পরিবহনগুলোতে লঞ্চ পারাপারের ক্ষেত্রে ভাড়া সর্বোচ্চ ২০০ টাকা এবং ফেরি পারাপারে ২৫০ টাকা। কিন্তু এখন ভাড়া নেওয়া হচ্ছে লঞ্চ পারাপারে কমপক্ষে ২৫০ এবং ফেরি পারাপারে ৩০০ থেকে ৩৫০ টাকা করে।
ঈদের ছুটি শেষে গতকাল সোমবার ঢাকায় ফিরতে টিকিট করেন সাগর আহমেদ নামের এক শিক্ষার্থী। তিনি বলেন, ‘সামনে পরীক্ষা। দ্রুত ঢাকায় ফিরতে হবে। তাই বাধ্য হয়ে বেশি ভাড়া দিয়ে যেতে হচ্ছে। ঈদের বকশিশ নাম দিয়ে যাত্রীদের ওপর জুলুম করা হচ্ছে। কিন্তু দেখার কেউ নেই।’
পরিবহন মালিক সমিতির সিদ্ধান্ত অনুসারে বেশি ভাড়া নেওয়া হচ্ছে বলে দাবি করেন সৌহার্দ্য পরিবহনের কাউন্টারের কলম্যান আবদুস সালাম। তিনি বলেন, ‘এখন টিকিটপ্রতি ১০০ টাকা বেশি, অর্থাৎ ৩৫০ টাকা করে নিচ্ছি। ভাড়া বেশি নিলেও শ্রমিকদের কোনো লাভ নেই। ঈদ উপলক্ষে আমাদের ৩০০ টাকা বোনাস দেওয়া হয়েছে। প্রতিদিন ১০ ট্রিপ যাত্রী আনা-নেওয়া করছি।’
সাউদিয়া পরিবহনের কাউন্টারের ম্যানেজার কামরুল জানান, স্বাভাবিক সময়ে লঞ্চ পারাপারে ভাড়া ১৮০ টাকা এবং ফেরি পারাপারে ২০০ টাকা। আজ (সোমবার) লঞ্চ পারাপারে ২৫০ টাকা এবং ফেরি পারাপারে ৩০০ টাকা। আরও এক সপ্তাহ এই ভাড়া চলবে।
বাস মালিক পরিবহন গ্রুপের সহসাধারণ সম্পাদক মুরাদ হাসান দাবি করেন, স্বাভাবিক সময়ে সরকারনির্ধারিত ভাড়ার চেয়ে কম ভাড়া নেওয়া হয়। এখন ঢাকা থেকে রাজবাড়ী আসার সময় কোনো যাত্রী পাওয়া যাচ্ছে না। এ কারণে ঈদের সময় ভাড়া একটু বেশি নেওয়া হয়। রাজবাড়ী থেকে গাবতলীর সরকারনির্ধারিত ভাড়া কত—জানতে চাইলে তিনি বলেন, ‘খাতাপত্র দেখে বলতে হবে, আমার এখন খেয়াল নেই।’
এদিকে রাজবাড়ীর বিভিন্ন স্থান থেকে দৌলতদিয়া ঘাটে চলাচলকারী বাস ও ইঞ্জিনচালিত তিন চাকার যানবাহনগুলোতেও বেশি ভাড়া আদায় করা হচ্ছে। এই রুটে বাসের ভাড়া ৪০ টাকা হলেও এখন নেওয়া হচ্ছে ৬০ টাকা। এ ছাড়া তিন চাকার যানবাহনগুলোর ভাড়া ৩৫ টাকা থেকে বেড়ে ৫০ টাকা হয়েছে। এসব বাসে যাত্রীরা আসন না পেয়ে দাঁড়িয়েও যাচ্ছেন। অনেকে ঝুঁকি নিয়ে ছাদেও উঠছেন।
পুলিশ সুপার জিহাদুল কবির বলেন, ঈদের সময় যাতায়াত নির্বিঘ্ন করতে সব ধরনের পদক্ষেপ নেওয়া হয়েছে। কেউ ভাড়া বেশি নিলে তাঁর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।