ঢাকাগামী একটি যাত্রীবাহী ট্রেনে গতকাল মঙ্গলবার ভোরে ডাকাতি হয়েছে। চট্টগ্রাম থেকে ঢাকা যাওয়ার পথে আখাউড়ার আগের স্টেশন গঙ্গাসাগর এলাকায় এ ডাকাতির ঘটনা ঘটে। ডাকাতেরা যাত্রীদের কাছ থেকে নগদ টাকা ও মূল্যবান মালামাল ছিনিয়ে নেয়। অভিযোগ পাওয়া গেছে, ডাকাতদের কবলে ট্রেনের যাত্রীরা চিৎকার করে সহায়তা চাইলেও পুলিশ বা রেলের কোনো কর্মী এগিয়ে আসেনি। এমনকি রেল পুলিশ কর্তৃপক্ষ গতকাল সন্ধ্যা পর্যন্ত ডাকাতি সম্পর্কে কিছুই জানে না।ভুক্তভোগী যাত্রীরা জানান, গত সোমবার রাতে চট্টগ্রাম থেকে ঢাকার উদ্দেশে যাত্রা করে ঢাকা মেইল। যাত্রীবাহী এই ট্রেনটি গতকাল ভোরে গঙ্গাসাগর স্টেশনে ৪৫ মিনিট থেমেছিল। একপর্যায়ে ১০-১২ জনের একদল ডাকাত ধারালো অস্ত্র ও শাবল নিয়ে ট্রেনের কয়েকটি কক্ষে হামলা চালায়। তারা যাত্রীদের গুলি করে হত্যার হুমকি দিয়ে নগদ টাকা ও মালামাল লুট করে।ঢাকা মেইলের যাত্রী রাখাল দাশগুপ্ত প্রথম আলোকে বলেন, ‘ডাকাতেরা আমার নগদ ১৮ হাজার টাকা ও একটি মোবাইল ফোনসেট ছিনিয়ে নিয়ে গেছে। আমার কামরায় আরেক যাত্রীর নগদ টাকা ও দুটি মোবাইল ফোনসেট ছিনিয়ে নেয়। এ রকম চারটি কামরায় ডাকাতেরা হানা দিয়ে টাকা ও মালামাল লুট করে। হামলার সময় আমরা পুলিশের সাহায্য চেয়ে ব্যর্থ হই। ডাকাতদের সঙ্গে পুলিশের যোগসাজশ আছে বলে আমাদের সন্দেহ হচ্ছে।’ঢাকা মেইল ট্রেনে ডাকাতির ঘটনায় উদ্বেগ প্রকাশ করে রেল পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা প্রথম আলোকে বলেন, ‘যাত্রীদের নিরাপত্তার দায়িত্ব রেল পুলিশের। আমি বিষয়টি নিয়ে কাল (আজ বুধবার) বৈঠক করব। ঘটনাটি রেল পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নজরে আনব। আর ওই ট্রেনের কর্তব্যরত রেল পুলিশ সদস্যদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।’গতকাল সন্ধ্যায় যোগাযোগ করা হলে রেলের সহকারী পুলিশ সুপার এস এম ফজলুল হক বলেন, ‘ডাকাতির খবর এই প্রথম আপনার কাছে জানলাম। আমাকে ওসি কিছুই জানায়নি। তথ্য দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ। আমি এখনই ব্যবস্থা নিচ্ছি।’