ঢাকাতেই ২৩০০ মামলা

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পুলিশ ও দুর্নীতি দমন কমিশনের (দুদক) ঠেলাঠেলির কারণে দুই হাজার ৩০০ মামলা তদন্তহীন অবস্থায় পড়ে আছে। এরই মধ্যে জামিন পেয়ে গেছেন এসব মামলার অধিকাংশ আসামি। এই হিসাব ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি)। তবে ঢাকার বাইরের পরিসংখ্যান জানা যায়নি।
মুদ্রা পাচার, প্রতারণা, ঘুষ লেনদেন ও জালিয়াতির মামলা দুদক তদন্ত করবে—২০১৩ সালের ২০ নভেম্বর এই প্রজ্ঞাপন জারির সময় এক হাজার ৩০০ মামলা পুলিশের কাছে তদন্তাধীন ছিল। তখন সেগুলোর তদন্ত বন্ধ করে দিয়ে দুদকে পাঠিয়ে দেয় পুলিশ। কিন্তু দুদক সেসব মামলার তদন্ত করছে না। ফলে এ নিয়ে তৈরি হয়েছে একধরনের অচলাবস্থা।
যোগাযোগ করা হলে দুদকের কমিশনার (তদন্ত) মো. শাহাবুদ্দীন প্রথম আলোকে বলেন, এই জট ছাড়াতে ইতিমধ্যে সরকারের (আইন মন্ত্রণালয়) কাছে দুদকের পক্ষ থেকে একটি সুপারিশ পাঠনো হয়েছে। যেহেতু দুদকের জনবল কম, তাই ব্যক্তিগত পর্যায়ে প্রতারণা ও জালিয়াতির বিষয়টি আগের মতোই পুলিশকে তদন্ত করার সুপারিশ করা হয়েছে। আর যেগুলোতে জনস্বার্থ ও সরকারের স্বার্থ এবং সরকারি কর্মকর্তা জড়িত, সেগুলো দুদক তদন্ত করবে।
ডিএমপির হিসাবে শুধু উত্তরা বিভাগেই পাঁচ শতাধিক মামলা ঝুলে আছে। মুদ্রা পাচার, আর জালিয়াতি-প্রতারণার মামলা সবচেয়ে বেশি হয় বিমানবন্দর থানায়। এই থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শাহ আলম প্রথম আলোকে বলেন, ‘২০ নভেম্বর প্রজ্ঞাপন (গেজেট) জারির পর আমাদের বলা হলো, প্রতারণা-জালিয়াতির মামলাগুলো এখন থেকে পুলিশ নয়, দুদক তদন্ত করবে। সেই অনুযায়ী আমরা মামলাগুলো দুদকের কাছে পাঠিয়ে দিচ্ছি। সেই থেকে ৩১ জুলাই পর্যন্ত ৪৩৯টি মামলা দুদকে তদন্তাধীন রয়েছে। দুদক কোনো মামলারই তদন্তভার গ্রহণ করেনি। আবার আমাদেরও তদন্ত করতে বলছে না।’
ঝুলছে মামলা: গত ১৯ এপ্রিল ঢাকা ও গাইবান্ধা থেকে দুজনকে গ্রেপ্তার করে র্যাব-২। তাঁরা ‘জিনের বাদশা’ পরিচয়ে এক নারীর কাছ থেকে চার লাখ টাকা নেন। পরে আরও টাকা দাবি করলে প্রতারণার শিকার পরিবারটি র্যাবকে জানায়। এরপর টাকা নেওয়ার সময় হাতেনাতে একজনকে গ্রেপ্তার করা হয়। পরে গাইবান্ধা থেকে আরেকজনকে গ্রেপ্তার করা হয়। র্যাব সূত্র জানায়, ওই ঘটনায় নিউমার্কেট থানায় মামলা দায়েরের পর তা দুদকের কাছে তদন্তের জন্য পাঠানো হয়। কিন্তু এখনো কোনো তদন্তই হয়নি। জামিনে বেরিয়ে গেছে দুই প্রতারক।
৫৩ হাজার জাল পরিচয়পত্রসহ ১৮ এপ্রিল দুজনকে গ্রেপ্তার করে কদমতলী থানার পুলিশের একটি দল। ওই দুজনের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে কদমতলী থানাতেই মামলা করে পুলিশ। এরপর সেই মামলা দুদকে পাঠানো হয়। মামলাটি এখনো তদন্তহীন। কয়েক দিনের মধ্যেই জামিনে বের হয়ে গেছেন মামলার দুই আসামি।
ওই চক্রটিকে গ্রেপ্তারকারী কদমতলী থানার উপপরিদর্শক (এসআই) কৃষ্ণচন্দ্র মিত্র বলেন, ওই দুজনের বিরুদ্ধে প্রতারণা ও জালিয়াতির অভিযোগে মামলা করা হয়। মামলাটি তদন্তের জন্য দুদকে পাঠানো হলেও কোনো অগ্রগতি হয়েছে বলে শোনা যায়নি। এমনকি তদন্তের প্রয়োজনে দুদক থেকে কেউ তাঁকে ডাকেনওনি। পরে আসামিরা জামিনে বেরিয়ে গেছেন।
মিরপুর থানায় এ রকম মামলা আছে ৩০টির মতো। থানার ওসি সালাহউদ্দীন খান বলেন, ‘দুদকও মামলাগুলো তদন্ত করছে না, আবার আমরাও করতে পারছি না। অদ্ভুত এক জটিলতায় পড়ে মানুষ হয়রানির শিকার হচ্ছে।’