ঢাকাতেও প্রমাণিত নাইকোর দুর্নীতি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

কানাডার আদালতের পর এবার বাংলাদেশের আদালতেও প্রমাণ হলো কানাডীয় কোম্পানি নাইকো রিসোর্সেসের দুর্নীতি। বাংলাদেশে গ্যাসক্ষেত্রের কাজ পাওয়ার জন্য প্রতিষ্ঠানটি যে দুর্নীতির আশ্রয় নিয়েছিল, হাইকোর্টে তা প্রমাণিত হয়েছে। বাপেক্সের সঙ্গে নাইকোর যৌথ উদ্যোগের (জয়েন্ট ভেঞ্চার) চুক্তি এবং পেট্রোবাংলার সঙ্গে নাইকোর গ্যাস সরবরাহ ও কেনাবেচার চুক্তি বাতিল ঘোষণা করে রায় দিয়েছেন হাইকোর্ট।

এর আগে কানাডার একটি আদালতে চলা মামলায় বাংলাদেশে কাজ পেতে ঘুষ দেওয়ার কথা স্বীকার করে নাইকো। ওই আদালত ২০১১ সালে একটি রায়ে এ জন্যে নাইকোকে জরিমানা করে।

হাইকোর্টের যে বেঞ্চ গতকাল বৃহস্পতিবার রায় দিয়েছেন, সেটির বিচারক বিচারপতি নাইমা হায়দার ও বিচারপতি আবু তাহের মো. সাইফুর রহমান।

মামলার তথ্য পর্যালোচনা করে রায়ে বলা হয়, ওই চুক্তি দুটি করা হয় দুর্নীতির মাধ্যমে, যা শুরু থেকেই বাতিলযোগ্য। সুনামগঞ্জের ছাতকের টেংরাটিলায় বিস্ফোরণের (২০০৫ সাল) ক্ষতিপূরণ হিসেবে অর্থ আদায়সংক্রান্ত নিম্ন আদালতে চলমান মামলার নিষ্পত্তি না হওয়া পর্যন্ত নাইকোকে কোনো অর্থ প্রদান করা যাবে না। চুক্তি দুটির আওতায় নাইকো কানাডা ও নাইকো বাংলাদেশের সব সম্পত্তি রাষ্ট্রের অনুকূলে ফেরত যাবে।

এ ছাড়া ব্লক-৯-এ (কুমিল্লার বাঙ্গুরা) নাইকোর যে সম্পত্তি আছে, তাও জব্দের মাধ্যমে রাষ্ট্রের অনুকূলে যাবে বলে রায়ে উল্লেখ করা হয়েছে।

বাংলাদেশে নাইকো এখন কেবল কুমিল্লার বাঙ্গুরা গ্যাসক্ষেত্রে গ্যাস উত্তোলনের কাজে অংশীদার। এ ছাড়া ছাতক ও ফেনী গ্যাসক্ষেত্রের সঙ্গে তারা যুক্ত। তবে ছাতকে গ্যাস উত্তোলনে কূপ খননের সময় দুর্ঘটনায় এটি পরিত্যক্ত হয়।

বিদ্যুৎ ও জ্বালানি প্রতিমন্ত্রী নসরুল হামিদ গণমাধ্যমকে বলেন, পূর্ণাঙ্গ রায় হাতে পাওয়ার পরই সরকার প্রয়োজনীয় ব্যবস্থা নেবে।

বিনিয়োগ বিরোধ নিষ্পত্তিসংক্রান্ত আন্তর্জাতিক আদালতেও (ইকসিড) নাইকোর বিরুদ্ধে একই অভিযোগে মামলা চলেছে। ইতিমধ্যে এই মামলার শুনানি শেষ হয়েছে। ইকসিডের রায়ও ঘোষণার অপেক্ষায় রয়েছে বলে জানিয়েছেন ওই মামলায় সরকারপক্ষের অন্যতম আইনজীবী মঈন গনি।

নাইকোর দুর্নীতির একই অভিযোগ নিয়ে খালেদা জিয়াসহ কয়েকজনের বিরুদ্ধে দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা আরেকটি মামলা ঢাকার বিশেষ জজ আদালতে চলমান রয়েছে। এর আগে একই অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধেও মামলা হয়েছিল, যা পরে হাইকোর্টে নাকচ হয়। দুটি মামলাই বিগত তত্ত্বাবধায়ক সরকারের সময়ে দায়ের করা।

হাইকোর্ট যে রিটের পরিপ্রেক্ষিতে গতকাল রায় দিয়েছেন, সেটি গত বছর দায়ের করেন কনজ্যুমারস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) জ্বালানি উপদেষ্টা এম শামসুল আলম।

আদালতে রাষ্ট্রপক্ষে শুনানিতে ছিলেন অ্যাটর্নি জেনারেল মাহবুবে আলম, সঙ্গে ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল মোখলেছুর রহমান। রিট আবেদনকারীর পক্ষে শুনানি করেন আইনজীবী তানজিব-উল আলম। নাইকোর পক্ষে শুনানিতে ছিলেন আইনজীবী রোকন উদ্দিন মাহমুদ ও মোস্তাফিজুর রহমান খান।

রায় ঘোষণার সময় উপস্থিত ছিলেন ইকসিডে বাপেক্স ও পেট্রোবাংলার পক্ষে নিয়োজিত আইনজীবী মঈন গনি। তিনি প্রথম আলোকে বলেন, এটি স্বীকৃত যে দুর্নীতির মাধ্যমে নাইকো ওই দুটি চুক্তি করে। এ কাজে তৎকালীন নাইকোর এজেন্ট কাশেম শরিফের সঙ্গে নাইকোর চার মিলিয়ন ডলারের চুক্তিও হয়। নাইকো একজন মন্ত্রীকে ঘুষও দিয়েছিল।

রিট আবেদনকারী এম শামসুল আলম বলেন, ‘বিদেশি কোম্পানির সঙ্গে সরকার কোনো চুক্তি করলে তা যতই জনস্বার্থবিরোধী হোক না কেন, তা নিয়ে প্রশ্ন তোলা যাবে না, সরকার তা বাতিল করতে পারবে না এমন একটি ধারণা প্রচলিত ছিল। সর্বোচ্চ আদালতের রায়ে সেই ধারণা ভুল প্রমাণিত হলো।’

এর আগে বাংলাদেশ পরিবেশ আইনবিদ সমিতি (বেলা) হাইকোর্টে দায়ের করা এক মামলায় নাইকোর সঙ্গে সব চুক্তি বাতিল এবং টেংরাটিলা ক্ষেত্রে বিস্ফোরণের ক্ষতিপূরণ দাবি করেছিল। সেই মামলায় হাইকোর্ট টেংরাটিলার ক্ষতিপূরণ আদায় না হওয়া পর্যন্ত ফেনীর গ্যাসক্ষেত্র থেকে তোলা গ্যাসের দাম পরিশোধ না করার আদেশ দিয়েছিলেন।

এ ছাড়া ঢাকার দ্বিতীয় যুগ্ম জজ আদালতে নাইকোর কাছে ক্ষতিপূরণ দাবির আরও একটি মামলা রয়েছে। ২০০৮ সালে পেট্রোবাংলা ৭৪৬ কোটি ৫০ লাখ টাকা ক্ষতিপূরণ দাবি করে ওই মামলা করে।

কীভাবে এসেছিল নাইকো

সরকারি নথিপত্র পর্যালোচনা করে দেখা যায়, কানাডীয় কোম্পানি নাইকো রিসোর্সেস দেশের কয়েকটি প্রান্তিক গ্যাসক্ষেত্র (যে ক্ষেত্র থেকে গ্যাস তোলা শেষ বলে স্বীকৃত) উন্নয়নের মাধ্যমে আরও কিছু সম্ভাব্য গ্যাস তোলার জন্য ১৯৯৮ সালে সরকারের কাছে একটি অযাচিত (স্বপ্রণোদিত বা আনসলিসিটেড) প্রস্তাব দেয়।

প্রস্তাবটি পর্যালোচনা করে জ্বালানি মন্ত্রণালয় তিনটি নির্দেশনা দেয়। এক, প্রান্তিক গ্যাসক্ষেত্র উন্নয়নের প্রস্তাব গ্রহণ করা যায়। দুই, এ ব্যাপারে বাপেক্স নাইকোর সঙ্গে সমঝোতার বিষয়ে আলোচনা করতে পারে। তিন, এই প্রক্রিয়ায় কোনো গ্যাসক্ষেত্র উন্নয়নের প্রস্তাবকে ‘সুইস চ্যালেঞ্জ’-এর মধ্য দিয়ে যেতে হবে।

সুইস চ্যালেঞ্জের অর্থ হলো, নাইকো এবং বাপেক্স যৌথ সমীক্ষা ও সমঝোতার ভিত্তিতে প্রান্তিক গ্যাসক্ষেত্র নির্ধারণ করবে। এর ভিত্তিতে নাইকো যে প্রস্তাব দেবে, তার ওপর উন্মুক্ত দরপত্র আহ্বান করা হবে। সেই দরপত্রে যদি অন্য কোনো কোম্পানি নাইকোর চেয়ে ভালো প্রস্তাব দেয়, তাহলে সেই প্রস্তাব গৃহীত হবে।

এই নির্দেশনা অনুযায়ী ১৯৯৯ সালের আগস্টে নাইকো-বাপেক্স প্রান্তিক গ্যাসক্ষেত্র নির্ধারণের জন্য একটি যৌথ সমীক্ষা করে। এই সমীক্ষার ফলাফল নিয়ে কোম্পানি দুটির মধ্যে আলোচনার সময় ফেনীর বিষয়ে একমত হলেও ছাতককে (পূর্ব) প্রান্তিক গ্যাসক্ষেত্র বলে মানতে অস্বীকার করে বাপেক্স।

২০০১ সালের ২৬ জুন বাপেক্স নথিতে উল্লেখ করে যে ছাতক (পূর্ব) ক্ষেত্রটিকে প্রান্তিক হিসেবে মেনে নেওয়া সম্ভব নয়। কারণ ক্ষেত্রটিতে কোনো কূপ খনন করা হয়নি। বরং কূপ খনন কর্মসূচির মধ্যে ক্ষেত্রটির নাম রয়েছে। কাজেই যে ক্ষেত্র থেকে কখনো গ্যাসই তোলা হয়নি, তা কোনোভাবেই প্রান্তিক ক্ষেত্র হতে পারে না।

নথিতে এই মতামত আসার কয়েক দিন পরই তৎকালীন সরকার তত্ত্বাবধায়ক সরকারের কাছে ক্ষমতা হস্তান্তর করায় বিষয়টি সরকারি সিদ্ধান্তের জন্য অপেক্ষমাণ থাকে। ২০০১ সালের ১০ অক্টোবর নির্বাচিত সরকার ক্ষমতায় আসে। এরপরও প্রায় দুই বছর বিষয়টি নিয়ে কোনো দৃশ্যমান তৎপরতা ছিল না। তবে সরকারের মধ্যে যে অদৃশ্য তৎপরতা চলছিল তা বোঝা যায় তখন, যখন ২০০৩ সালের ১৬ অক্টোবর হঠাৎ করে নাইকো ও বাপেক্স যৌথ উদ্যোগের (জেভিএ) চুক্তি সই করে।

জেভিএ সইয়ের পর জানা যায়, ওই বছরের ২৭ ফেব্রুয়ারি তৎকালীন আইনমন্ত্রী মওদুদ আহমদের আইনি পরামর্শক প্রতিষ্ঠান ‘মওদুদ আহমদ অ্যান্ড অ্যাসোসিয়েটস’ ছাতক পূর্ব ও পশ্চিমকে অভিন্ন গ্যাসক্ষেত্র দেখিয়ে (ছাতক পশ্চিমে আগে গ্যাস তোলার প্রক্রিয়া চলেছিল) ছাতক পূর্বকে প্রান্তিক বলা যায় বলে সরকারকে পরামর্শ দেয়। এরপর মওদুদ আহমদের মন্ত্রিত্বের অধীন আইন মন্ত্রণালয় আগের সরকারের ‘সুইস চ্যালেঞ্জ’-এর বিধানও রদ করে।

ফলে নাইকো ফেনী থেকে গ্যাস উত্তোলন ও সরবরাহ শুরু করে এবং ২০০৫ সালে ছাতক ক্ষেত্রে কূপ খনন করতে গিয়ে দুবার বিস্ফোরণ ঘটায়, ৭ জানুয়ারি প্রথমবার এবং ২৪ জুন দ্বিতীয়বার। দেশের বিশেষজ্ঞ মহল নাইকোর অদক্ষ খননপ্রক্রিয়াকেই ওই দুর্ঘটনার কারণ বলে দাবি করে। এরপর দেশে নাইকোর কাছ থেকে ওই বিস্ফোরণের ক্ষতিপূরণ আদায়ের দাবি ওঠে।

ইতিমধ্যে তৎকালীন জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেনকে ১ লাখ ৯০ হাজার কানাডীয় ডলার (বর্তমান হারে ১ কোটি ২৩ লাখ টাকা) দামের একটি গাড়ি ও বিদেশ সফরের জন্য নগদ ৫ হাজার ডলার ঘুষ দেওয়ার অভিযোগ ওঠে নাইকোর বিরুদ্ধে। ২০০৬ সালে রয়েল কানাডিয়ান মাউন্টেড পুলিশ বাংলাদেশে এই অভিযোগের তদন্ত শুরু করে। ওই তদন্ত প্রতিবেদনে বলা হয়েছে, নাইকো ছাতক গ্যাসক্ষেত্রের কাজ পাওয়ার জন্য একজন মধ্যস্থতাকারীকে (লবিস্ট) ৪০ লাখ ডলার ঘুষ দিতে সম্মত হয়েছিল এবং কিছু টাকার লেনদেনও হয়েছে।

ওই প্রতিবেদনের সূত্র ধরে ১ কোটি ৮ লাখ টাকার একটি লেনদেনের (চেকের মাধ্যমে) ঘটনা উদ্‌ঘাটিত হয়। জেভিএ সই হওয়ার পর ২০০৪ সালের ৮ জানুয়ারি এই লেনদেন হয় স্ট্যান্ডার্ড চার্টার্ড ব্যাংকের মাধমে। বাংলাদেশে কানাডীয় পুলিশ তদন্ত করে ঘুষের অর্থ লেনদেনের একটি সময়সূচিও জানতে পারে। এর মধ্যে একটি লেনদেনের সময় ছিল জেভিএ চুক্তির পর। এই ১ কোটি ৮ লাখ টাকা সেই লেনদেনেরই অংশ। যাঁদের মধ্যে এই লেনদেন হয়েছে, তাঁরা নাইকো-বাপেক্স চুক্তির বিভিন্ন পর্যায়ে জড়িত ছিলেন। কানাডীয় পুলিশের কাছে এ ব্যাপারে তাঁরা সাক্ষ্য এবং তথ্য দিয়েছেন।

কানাডার আদালতে নাইকো এসব ঘুষ-দুর্নীতির কথা স্বীকার করে। দোষ স্বীকার করায় কানাডার আইন অনুযায়ী আদালত ৯৪ লাখ ৯৯ হাজার কানাডীয় ডলার জরিমানার লঘু দণ্ড দেন নাইকোকে। কিন্তু কানাডার পুলিশের কাছে নাইকোর কৃতকর্মের সব তথ্যই রয়ে যায়।

ইকসিডেও একই তথ্য

বিনিয়োগ বিরোধ নিষ্পত্তিসংক্রান্ত আন্তর্জাতিক আদালতে (ইকসিড) ২০১০ সালে নাইকো দুটি মামলা করে। এর একটিতে ফেনীর গ্যাসের দাম বাবদ প্রায় ২ হাজার কোটি টাকা (২৫ কোটি ডলার, সুদ ছাড়া) দাবি করা হয়। অন্যটিতে টেংরাটিলা ক্ষেত্রে বিস্ফোরণের দায় থেকে মুক্তি চায় কোম্পানিটি।

এই মামলায় লড়তে গিয়ে সরকারের নিযুক্ত আইনজীবীরা একপর্যায়ে নাইকোর বিরুদ্ধে দুর্নীতির মাধ্যমে চুক্তি সইয়ের অভিযোগ তোলেন। এ ক্ষেত্রে তাঁরা রয়েল কানাডীয় মাউন্টেড পুলিশের সংগৃহীত তথ্য জোগাড় করে ইকসিডে উপস্থাপন করেন। একই সঙ্গে টেংরাটিলায় দুই দফা বিস্ফোরণের দায়ে নাইকোর কাছে প্রায় ৯ হাজার ২৫০ কোটি টাকা (প্রায় ১১৭ কোটি মার্কিন ডলার) ক্ষতিপূরণ দাবি করা হয়।

এই প্রেক্ষাপটে ইকসিড নাইকোর দায়ের করা মামলার কার্যক্রম স্থগিত করে নাইকোর বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ অগ্রাধিকারের ভিত্তিতে নিষ্পত্তি করার সিদ্ধান্ত ঘোষণা করেন। এরপর নাইকোর দুর্নীতির সঙ্গে জড়িত ব্যক্তি ও সম্পৃক্ত বিষয় সম্পর্কে আরও কোনো তথ্য থাকলে তা উপস্থাপনের জন্য ইকসিড সরকারপক্ষকে নির্দশনা দেন।

সে অনুযায়ী গত বছরের ১৪ জুন সরকারপক্ষ দুর্নীতির মাধ্যমে নাইকোর সঙ্গে বাপেক্সের চুক্তি সম্পাদনপ্রক্রিয়ায় জড়িত হিসেবে বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া, সাবেক আইনমন্ত্রী মওদুদ আহমদসহ ২৬ জনের নাম ইকসিডে উপস্থাপন করে। ওই তালিকায় সাবেক জ্বালানি প্রতিমন্ত্রী এ কে এম মোশাররফ হোসেন, প্রধানমন্ত্রীর কার্যালয়ের সাবেক মুখ্য সচিব কামাল সিদ্দিকী, সাবেক জ্বালানিসচিব খন্দকার শহীদুল ইসলামের নামও রয়েছে।

এ ছাড়া নাইকোর কাছ থেকে গ্যাস কেনাবেচার চুক্তি (জিপিএসএ) করার প্রক্রিয়ায় জড়িত হিসেবে আরও ২৭ জনের নামের অপর একটি তালিকা ইকসিডে পাঠানো হয়েছে। এই তালিকায় নাইকো রিসোর্সেস (বাংলাদেশ) লিমিটেডের প্রেসিডেন্ট কাশেম শরিফ, ভাইস প্রেসিডেন্ট পিটার জে মার্সিয়ের, ব্রায়ান জে অ্যাডলফ, জ্যেষ্ঠ ব্যবস্থাপক অমিত গয়াল ও সৈয়দ আর কবির ছাড়া অন্য সবাই জ্বালানি মন্ত্রণালয়, পেট্রোবাংলা ও বাপেক্সের সাবেক কর্মকর্তা।