ঢাকাবাসীকে সচেতন করতে ঝাড়ু হাতে বিদেশি শিক্ষার্থীরা
ঢাকার বাসিন্দাদের সচেতন করতে ময়লা-আবর্জনা পরিষ্কারে হাত লাগালেন একদল জাপানি শিক্ষার্থী।
গতকাল শুক্রবার তাঁরা গাবতলী বাস টার্মিনালের বিপরীতে পর্বত সিনেমা হলের সামনের রাস্তা থেকে ময়লা-আবর্জনা সরিয়ে রাস্তাটি পরিচ্ছন্ন করেন। গত এক সপ্তাহ থেকে তাঁরা ঢাকার বিভিন্ন এলাকায় পরিচ্ছন্নতার কাজ করছেন। গতকাল ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) পরিচ্ছন্নতার কাজে তাঁরা অংশ নেয়। এতে বিদেশি শিক্ষার্থীদের সঙ্গে ডিএনসিসি মেয়র আনিসুল হকও অংশ নেন।
জাপানের এশিয়া প্যাসিফিক বিশ্ববিদ্যালয়ের সাতজন শিক্ষার্থী তাঁদের পাঠ্যসূচির অংশ হিসেবে ‘ক্লিন-আপ ঢাকা’ নামে এক অভিযানে অংশ নিতে সম্প্রতি ঢাকা এসেছেন। গতকালের পরিচ্ছন্নতা অভিযান শুরুর আগে এক সংক্ষিপ্ত সমাবেশে মেয়র আনিসুল হক বলেন, ‘ভোটের আগে অনেকগুলো প্রতিশ্রুতি দিয়েছিলাম। ঢাকাকে নিরাপদ, পরিচ্ছন্ন, সবুজ ও আলোকিত রাখার জন্য কাজ করছি। তার মধ্যে পরিচ্ছন্ন ঢাকাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েছি। বিদেশি শিক্ষার্থীরা এসে আমাদের দেখাচ্ছেন কীভাবে শহর পরিষ্কার রাখতে হয়। আপনারা অন্তত নিজের ঘরবাড়ি বা নিজের জায়গাটুকু পরিষ্কার রাখুন। দেখবেন পুরো ঢাকা শহর পরিষ্কার থাকছে।’
একটি জরিপে দেখা গেছে, বিশ্বে বসবাসযোগ্য ১৪০টি শহরের মধ্যে ঢাকার অবস্থান ১৩৯। ময়লা-আবর্জনা এ শহরের নিত্যদিনের সমস্যা। যার অনেকটাই বাসিন্দাদের অসচেতনতার ফল।
জাপানি শিক্ষার্থীদের এ অভিযানের উদ্দেশ্য কীভাবে নিজেরাই নিজেদের নগরের রাস্তাঘাট পরিষ্কার-পরিচ্ছন্ন রাখা যায়, সেটা দেখানো। আর শহরের ব্যস্ততম এলাকাগুলোতে জমে থাকা ময়লা-আবর্জনা পরিষ্কার করে উদাহরণ সৃষ্টি করা। গত সোমবার আসাদগেট এলাকার কয়েকটি সড়কেও ময়লা-আবর্জনা পরিষ্কার করেছে দলটি।
অংশ নেওয়া জাপানি শিক্ষার্থীদের মধ্যে রুথ বলেন, ‘প্রকল্পটির মাধ্যমে আমরা শহরের মানুষকে বর্জ্য ব্যবস্থাপনা বিষয়ে সচেতন করতে চাই। আমাদের দেখে অনেকেই উৎসাহ নিয়ে আবর্জনা পরিষ্কার করছে। একজনকেও সচেতন করতে পারলে সেটাই আমাদের সার্থকতা।’
সমাবেশ শেষে আনিসুল হক উপস্থিত লোকজনের অংশগ্রহণে একটি শোভাযাত্রার নেতৃত্ব দেন। মেয়র নিজেও ঝাড়ু হাতে জাপানি শিক্ষার্থীদের সঙ্গে পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেন। মেয়র ও শিক্ষার্থীরা স্থানীয় বাসচালক মালিক সমিতির ফটকের সামনে ঝাড়ু হাতে রাস্তা পরিষ্কার করেন। ভিনদেশিদের এমন উদ্যোগ দেখে উৎসাহী হয়ে স্থানীয় বাসিন্দারাও তাঁদের সঙ্গে যোগ দেন।
পরিচ্ছন্নতা অভিযানে অংশ নেওয়া বেসরকারি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিয়াসাত জামান বলেন, ‘প্রত্যেকে নোংরা করার কাজটা বন্ধ করলে আর পরিচ্ছন্নতা অভিযান চালাতে হবে না।’