ঢাকাবাসীর জন্য জীবন উৎসর্গ করব: সাঈদ খোকন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
সাঈদ খোকন।
সাঈদ খোকন।

নির্বাচিত হলে ঢাকাবাসীর জন্য নিজের জীবন উৎসর্গের অঙ্গীকার করেছেন ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনে আওয়ামী লীগ-সমর্থিত মেয়র প্রার্থী সাঈদ খোকন। তিনি বলেছেন, ‘সুযোগ পেলে ঢাকাকে বিশ্বমানের নগরী হিসেবে গড়ে তুলব।’ 

আজ মঙ্গলবার বেলা ১১টার দিকে মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভারের যাত্রাবাড়ী প্রবেশমুখে নির্বাচনের আনুষ্ঠানিক প্রচার শুরু করে খোকন। সেখানেই তিনি এসব কথা বলেন। ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন এবং চট্টগ্রাম সিটি করপোরেশন নির্বাচনে আজ মঙ্গলবার থেকে প্রচার শুরু হয়েছে। 

সাঈদ খোকন বলেন, ‘জননেত্রী যে উন্নয়নের ধারায় দেশকে এগিয়ে নিয়ে যাচ্ছেন, এই ফ্লাইওভার তার প্রতীক। আর বাবা (সাবেক মেয়র মোহাম্মদ হানিফ) সারা জীবন যে পরিশ্রম করেছেন, তার ফসল হচ্ছে এই ফ্লাইওভার। এ জন্য আমি এখান থেকে আমার নির্বাচনের প্রচার শুরু করলাম। আপনারা আমার জন্য মানুষের কাছে ভোট চাইবেন। আমার পিতা যেভাবে ঢাকাবাসীর উন্নয়নের জন্য নিজের জীবন উৎসর্গ করেছেন, নির্বাচিত হলে আমিও ঢাকাবাসীর জন্য নিজের জীবন উৎসর্গ করব।’

সাঈদ খোকন বলেন, ‘এখানে-সেখানে ময়লা আবর্জনা পড়ে থাকাসহ ঢাকার অনেক সমস্যা আছে। ঢাকাবাসী যদি আমাকে সমর্থন দেয়, সুযোগ দেয় তাহলে সবাইকে নিয়ে ঐক্যবদ্ধভাবে বিশ্বমানের নগরী গড়ে তুলব।’

প্রচার শুরুর সময় সাঈদ খোকনের ওপর ফুলের পাপড়ি ছিটিয়ে তাঁকে স্বাগত জানান সমর্থকেরা। স্থানীয় অনেক নেতা তাঁকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান। এর পর সাঈদ খোকনের নেতৃত্বে ফ্লাইওভারের প্রবেশমুখ থেকে মিছিল বের হয়ে টোলপ্লাজা হয়ে আবার প্রবেশমুখে এসে শেষ হয়। এতে স্থানীয় আওয়ামী লীগের তিন শতাধিক নেতা-কর্মী উপস্থিত ছিলেন। এর পর সাঈদ খোকন গাড়িতে উঠে নির্বাচনী প্রচারের উদ্দেশে চানখাঁরপুল অভিমুখে রওনা হন। এ সময় ঢাকা মহানগর আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি এম এ আজিজ সাঈদ খোকনের গাড়িতে ছিলেন।

নির্বাচন কমিশনের আচরণবিধি অনুযায়ী, নির্বাচন শুরুর ৩২ ঘণ্টা আগ পর্যন্ত প্রচার চালানো যাবে। এই হিসেবে প্রার্থীরা ২৬ এপ্রিল রাত ১২টা পর্যন্ত প্রচার চালাতে পারবেন। তফসিল অনুযায়ী ২৮ এপ্রিল সকাল আটটা থেকে বিকেল চারটা পর্যন্ত ভোট গ্রহণ চলবে।

নির্বাচনী আচরণবিধিতে বলা আছে, জনগণের চলাচলে বিঘ্ন সৃষ্টি করতে পারে এ ধরনের কোনো সড়কে প্রার্থী বা তাঁর পক্ষে কোনো পথসভা এবং মঞ্চ তৈরি করা যাবে না। সরকারের মন্ত্রী, উপমন্ত্রী, প্রতিমন্ত্রী বা তাঁদের সমমর্যাদার সরকারি সুবিধাভোগী কোনো ব্যক্তি, জাতীয় সংসদের স্পিকার, ডেপুটি স্পিকার, চিফ হুইপ ও হুইপ প্রচারে অংশ নিতে পারবেন না।