ঢাকাবাসীর তথ্য দেওয়ার সময় বাড়ল
পুলিশের কাছে রাজধানীর বাসিন্দাদের তথ্য দেওয়ার সময় ৩১ মার্চ পর্যন্ত বাড়ানো হয়েছে। এ সময়ের মধ্যে নগরবাসীর তথ্য পেতে গতকাল শুক্রবার রাজধানীর বিভিন্ন মসজিদে প্রচারপত্র বিতরণ করেছে পুলিশ। বাদ জুমা ঢাকা মহানগর পুলিশের (ডিএমপি) পক্ষ থেকে প্রচারপত্রগুলো বিতরণ করা হয়।
প্রচারপত্রে ডিএমপি কমিশনার আছাদুজ্জামান মিয়া নগরবাসীর সহযোগিতা চেয়ে বলেছেন, বাড়ির মালিক ও ভাড়াটেদের দেওয়া তথ্যের ভিত্তিতে একটি তথ্যভান্ডার তৈরি করা হবে। এতে অপরাধী শনাক্ত ও অপরাধ প্রতিরোধ করা সহজ হবে।
গত ২৯ ফেব্রুয়ারি সংবাদ সম্মেলন করে ১৫ মার্চের মধ্যে নগরবাসীকে তথ্য দেওয়ার আহ্বান জানিয়েছিলেন আছাদুজ্জামান মিয়া।
প্রচারপত্রে ডিএমপি কমিশনার বলেছেন, বিভিন্ন অপরাধী ও জঙ্গি সংগঠনের সদস্যরা বাড়ির মালিকের অজ্ঞাতে ভুয়া নাম-ঠিকানা ও পেশা ব্যবহার করে কিংবা নাম-ঠিকানা অপ্রকাশিত রেখে এবং কোনো চুক্তি না করেই বাড়ি ভাড়া নিয়ে নির্বিঘ্নে অপরাধ ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালানোর অপচেষ্টা করে। অপরাধ সংঘটনের পর পুলিশি অভিযানে দেখা যায়, অপরাধীদের (ভাড়াটে) সম্পর্কে কোনো তথ্য বাড়ির মালিক দিতে পারছেন না। ফলে অপরাধের রহস্য উদ্ঘাটন এবং অপরাধীদের আইনের আওতায় আনা যেমন কষ্টসাধ্য হয়, তেমনি বাড়ির মালিক অহেতুক আইনি জটিলতার মুখে পড়েন।
এ সমস্যা এড়াতে নগরবাসীর কাছে পরিচিতিমূলক তথ্য চেয়ে প্রচারপত্রে ডিএমপি কমিশনার বলেছেন, পরিচিতিমূলক তথ্য দেওয়ার নির্ধারিত ফরমটি এখনো কেউ না পেয়ে থাকলে নিকটস্থ থানা থেকে সংগ্রহ করতে হবে। পাশাপাশি পুলিশের এই কর্মকর্তা নগরবাসীকে নিশ্চয়তা দিয়েছেন, তাঁদের সরবরাহ করা তথ্য গোপনীয়তার সঙ্গে সংরক্ষণ করা হবে।