ঢাকাবাসীর ভোগান্তি
সোহরাওয়ার্দী উদ্যানে যুবলীগের প্রতিষ্ঠাবার্ষিকীর সমাবেশের কারণে রাজধানীর বাসিন্দাদের যানজটে নাকাল হতে হয়।
যুবলীগের সমাবেশ ছিল গতকাল শনিবার বেলা তিনটায়। কিন্তু দুপুরের আগেই ঢাকা ও এর আশপাশের জেলাগুলো থেকে ট্রাক-বাসের বহর নিয়ে নেতা-কর্মীরা সোহরাওয়ার্দী উদ্যানে আসতে থাকেন। এসব যানবাহন ঢাকা বিশ্ববিদ্যালয়, রমনা, মৎস্য ভবন, শাহবাগ এলাকার সড়কে রাখা হয়। ফলে এসব জায়গায় যান চলাচলের পথ সীমিত হয়ে পড়ে। দুপুরের পর ব্যস্ত সড়ক ধরে মিছিল আসতে থাকায় যানজট ছড়িয়ে পড়ে শহরময়।
মিরপুর-১২ নম্বর থেকে বেলা একটায় রওনা দিয়েছিলেন ব্যবসায়ী আবদুর রহমান। কারওয়ান বাজার এলাকায় পৌঁছাতে তাঁর দুই ঘণ্টা লেগে যায়।
ট্রাফিক পুলিশ সূত্রে জানা গেছে, বেলা দুইটার দিকে মিছিল আসা শুরু হলে সোনারগাঁও মোড়ে টানা এক ঘণ্টা পূর্ব-পশ্চিম পথে যান চলাচল বন্ধ হয়ে যায়। এ সময় একদিকে রাসেল স্কয়ার অন্যদিকে হাতিরঝিল পর্যন্ত যানবাহনের দীর্ঘ সারি হয়। একপর্যায়ে বিকল্প পথে কিছু যানবাহন সরিয়ে দিয়ে পরিস্থিতি সামাল দেওয়ার চেষ্টা করে পুলিশ। ফার্মগেট থেকে শাহবাগ যাওয়ার পথটি চালু রাখা হলেও যান চলেছে হাঁটা গতিতে।