ঢাকামুখী কনটেইনার বহনে পর্যাপ্ত ট্রেন নেই, চাপে চট্টগ্রাম বন্দর
চট্টগ্রাম বন্দর থেকে ঢাকার কমলাপুর অভ্যন্তরীণ পণ্যাগারে (আইসিডি) কনটেইনার পরিবহনের জন্য রেলওয়ের প্রতিদিন দুটি করে ট্রেন বরাদ্দ দেওয়ার কথা। এই দুটি ট্রেনে দিনে গড়ে ১২০ একক কনটেইনার (প্রতি ২০ ফুট দীর্ঘ কনটেইনারকে এক একক হিসেবে ধরা হয়) পরিবহন করা যায়। অথচ চলতি মাসের প্রথম ১১ দিনের হিসাব অনুযায়ী, গড়ে প্রতিদিন বন্দর থেকে রেলপথে ঢাকায় পাঠানো হয়েছে ৭২ একক কনটেইনার। কারণ, ইঞ্জিনের অভাবে দুটি ট্রেন বরাদ্দ দেওয়া যাচ্ছে না। দু-এক দিন ছাড়া এই ১১ দিনে কনটেইনার বহনে দুটির স্থলে একটি ট্রেনের বরাদ্দ পাওয়া গেছে।অন্যদিকে গত ১১ দিনে চট্টগ্রাম বন্দরে প্রতিদিন গড়ে জাহাজ থেকে ঢাকামুখী কনটেইনার নেমেছে ৯৯ একক। এতে ঢাকামুখী কনটেইনারের জন্য নির্ধারিত ইয়ার্ডের ওপর তীব্র চাপের সৃষ্টি হচ্ছে।সংশ্লিষ্ট সূত্র জানায়, রেলওয়ের সক্ষমতা অনুযায়ী, চট্টগ্রাম বন্দর থেকে ঢাকায় কনটেইনার পরিবহন করতে না পারায় রেলে পণ্য পরিবহন করে দুর্ভোগে পড়ছেন আমদানিকারকেরা। এতে বন্দরের পরিচালনকাজও ব্যাহত হচ্ছে। কারণ, ঢাকামুখী কনটেইনার রাখার জন্য বন্দরের যে ইয়ার্ড রয়েছে, সেখানে এখন ধারণক্ষমতার বেশি কনটেইনার জমে গেছে।গতকাল বৃহস্পতিবারের হিসাব অনুযায়ী, বন্দরের আইসিডি ইয়ার্ডে পড়ে ছিল এক হাজার ৭৬৯ একক কনটেইনার। অথচ এই ইয়ার্ডের ধারণক্ষমতা রয়েছে এক হাজার ৭৫২ একক কনটেইনার। বন্দর ও রেলসূত্রে জানা গেছে, বন্দর থেকে ঢাকার কমলাপুর রেলপথে ইঞ্জিন বরাদ্দ না পাওয়ায় কনটেইনার পরিবহনে এই অবস্থা তৈরি হয়েছে। প্রতিদিন দুটি করে চারটি ট্রেন বরাদ্দ পাওয়া গেলেও এই সমস্যা কিছুটা হলেও দূর হবে বলে মনে করছেন বন্দর কর্মকর্তারা। এ নিয়ে বন্দর কর্তৃপক্ষ একাধিকবার রেলওয়ে কর্তৃপক্ষকে অনুরোধ করেও কাজ হয়নি বলে বন্দরের একজন কর্মকর্তা জানান।রেলওয়ের পূর্বাঞ্চলের মহাব্যবস্থাপক ইউসুফ আলী মৃধা প্রথম আলোকে বলেন, এক সপ্তাহ আগে একটি দুর্ঘটনার কারণে কনটেইনার পরিবহনে সমস্যা হয়েছে। তবে এখন পাঁচটি ইঞ্জিন বরাদ্দ দেওয়া হয়েছে। তিনি বলেন, খুব শিগগির এই সংকট কেটে যাবে।প্রসঙ্গত, চট্টগ্রাম বন্দর দিয়ে আমদানি হওয়া পণ্য এই বন্দর এবং ঢাকার কমলাপুর আইসিডি থেকে খালাস করা যায়। যেসব আমদানিকারক ঋণপত্রে পণ্যের গন্তব্যস্থল ঢাকা আইসিডি উল্লেখ করেন, সেসব পণ্য বন্দরে জাহাজ থেকে খালাসের পর সরাসরি আইসিডিতে চলে যায়। জাহাজ থেকে কনটেইনার নামার ক্রমানুসারে পর্যায়ক্রমে ঢাকামুখী রেলে পাঠানো হয়। জটে পড়লেও এসব কনটেইনার বন্দর থেকে খালাসের সুযোগ থাকে না।বন্দর সূত্র জানায়, এখন যেভাবে কনটেইনার পরিবহন হচ্ছে, তাতে জাহাজ থেকে কনটেইনার নামার পর ঢাকাগামী ট্রেনে তুলতে সময় লাগবে অন্তত ২৫ দিন। দুটি ট্রেন বরাদ্দ দিতে না পারলে এক মাস ছাড়িয়ে যাওয়ার আশঙ্কা করছেন বন্দর কর্মকর্তারা। কারণ, প্রতিদিন গড়ে ৭২টি কনটেইনার পাঠানো হলে বন্দরে পড়ে থাকা এক হাজার ৭৬৯ একক কনটেইনার পরিবহন করতে সময় লাগবে প্রায় ২৪ দিন। একই সময়ে জাহাজ থেকে নামবে দুই হাজারের বেশি কনটেইনার।বিজিএমইএর প্রথম সহসভাপতি নাসির উদ্দিন চৌধুরী প্রথম আলোকে বলেন, ‘রেলওয়ে পরিবহন হওয়া কনটেইনারের বেশির ভাগই থাকে পোশাকশিল্পের পণ্য, কিন্তু বিলম্বের কারণে দুর্ভোগও বেশি হচ্ছে আমাদের। অথচ এই পথের সঠিক নজরদারি করা গেলে আমদানিকারকদের দুর্ভোগ কমবে।’