ঢাকামুখী বাস ও লঞ্চ চলাচল বন্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
বগুড়া আন্তঃজেলা বাস কোচ টারমিনালে বাস কাউন্টার খোলা। তবে বাস চলেনি। ছবি: আনোয়ার পারভেজ, বগুড়া
বগুড়া আন্তঃজেলা বাস কোচ টারমিনালে বাস কাউন্টার খোলা। তবে বাস চলেনি। ছবি: আনোয়ার পারভেজ, বগুড়া

বরিশাল, বগুড়া ও রংপুর থেকে রাজধানী ঢাকায় বাস চলাচল বন্ধ হয়ে গেছে। বরিশাল থেকে কোনো লঞ্চও ঢাকার উদ্দেশে ছাড়েনি। বগুড়া থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের পথে দূরপাল্লার বাস চলাচল বন্ধ রয়েছে। তবে কেন এমনটা করা হয়েছে, তা জানাতে রাজি হননি পরিবহন মালিক ও কাউন্টার ব্যবস্থাপকেরা।

বরিশাল থেকে কোনো বাস বা লঞ্চ ঢাকার উদ্দেশে ছাড়েনি। না ছাড়ার পেছনে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কোনো কারণ দেখায়নি। এ ছাড়া রংপুর বিভাগের আট জেলায় আজ সন্ধ্যা ছয়টা থেকে রোববার সন্ধ্যা ছয়টা পর্যন্ত পরিবহন ধর্মঘট ডেকেছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রংপুর বিভাগীয় কমিটি।
আমাদের নিজস্ব প্রতিবেদক ও আঞ্চলিক কার্যালয়ের পাঠানো খবর:

বগুড়া : বগুড়ায় আজ শুক্রবার বিকেল থেকে দূরপাল্লার বাস চলাচল বন্ধ হয়ে গেছে। স্থানীয় কোচ কাউন্টারগুলো থেকে ঢাকা, চট্টগ্রাম ও সিলেটের পথে সব বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। বগুড়ার  ঠনঠনিয়া  টার্মিনালের ‘এসআর ট্রাভেলস’র  কাউন্টার ব্যবস্থাপক শাহাদত হোসেন জানান, যাত্রী ও গাড়ির নিরাপত্তার কারণে বিকেল থেকে ঢাকার সঙ্গে বাস চলাচল বন্ধ ঘোষণা করা হয়েছে। আগাম টিকিট বিক্রি করা হলেও যাত্রীদের কাউন্টার থেকে টাকা ফেরত দেওয়া হয়েছে। টিআর ট্রাভেলসের ব্যবস্থাপক আবদুল মান্নান বলেন, ‘কী কারণে বাস চলাচল বন্ধ করা হয়েছে, সেটা সবার জানা। বাস বন্ধ রাখলে হয়তো এক দিনের লাভ থেকে মালিকেরা বঞ্চিত হবেন, কিন্তু  বাসের কিছু হলে তো মালিকের কোটি টাকার ক্ষতি হয়ে যাবে।’

বগুড়া জেলা বিএনপির সাধারণ সম্পাদক জয়নাল আবেদীন ‘প্রথম আলো’কে বলেন, রোববারের কর্মসূচি সামনে রেখে  বগুড়া থেকে ৫০ হাজার নেতা-কর্মী ঢাকায় যাবে, এমন সিদ্ধান্ত নেওয়া হয়েছিল। এজন্য শুক্রবারের মধ্যে ঢাকায় পৌঁছানোর কৌশল নেওয়া হয়েছিল। তবে পরিবহন সমস্যায় অনেক নেতা-কর্মী কর্মসূচিতে যোগ দিতে পারছেন না।

বগুড়া জেলা মটর মালিক গ্রুপের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম জানান, ঢাকার কর্মসূচিকে ঘিরে  ঝুঁকি এড়াতে বাস চলাচল বন্ধ রাখার সিদ্ধান্ত নেওয়া হয়েছে। একই কারণে মালিকেরা ‘রিজার্ভ ভাড়া’ দিচ্ছেন না।

বরিশাল: দুপুরের পর থেকেই বরিশালের নথুল্লাবাদ বাস টার্মিনাল থেকে ঢাকায় যাওয়ার সব পরিবহন বন্ধ রয়েছে। বরিশাল থেকে কোনো লঞ্চও ঢাকার উদ্দেশে ছাড়েনি। জেলা বিএনপির সহসভাপতি বিলকিস জাহান ‘প্রথম আলো’কে বলেন, ‘সরকারি দল আমাদের কর্মসূচিতে বাধা দেবে জেনে আগেই বেশ কিছু নেতা-কর্মী ঢাকায় চলে গেছেন। যাঁরা যেতে পারেনি তাঁদের বাধা দিতে বাস ও লঞ্চ বন্ধ করে দেওয়া হয়েছে।’ মহানগর শ্রমিক লীগের আহ্বায়ক আফতাব হোসেন ‘প্রথম আলো’কে বলেন, ‘আমরা কোনো পরিবহনের গাড়ি বন্ধ করিনি। পরিবহন মালিকেরাই তাঁদের নিজ নিজ গাড়িগুলো চালাচ্ছে না।’ বিআইডব্লিউটিএর নৌ নিরাপত্তা ও ট্রাফিক বিভাগের উপপরিচালক আবুল বাসার মজুমদার ‘প্রথম আলো’কে বলেন, ‘শুনেছি পুলিশ প্রশাসনের পক্ষ থেকে নৌযান ছেড়ে যেতে নিষেধাজ্ঞা জারি করা হয়েছে।’ তবে নাম প্রকাশ না করার শর্তে বিআইডব্লি­উটিএর একাধিক সূত্র জানায়,  বরিশাল মেট্রোপলিটন পুলিশের উপকমিশনার (দক্ষিণ) টি এ মোজাহিদুল ইসলাম লঞ্চ মাঝনদীতে সরিয়ে রাখার নির্দেশ দেন। তা ছাড়া বিকেল থেকেই প্রতিটি লঞ্চে ব্যাপক তল্লা­শি চালায় পুলিশ। এ ব্যাপারে টি এ মোজাহিদুল ইসলাম ‘প্রথম আলো’কে বলেন, ‘নিরাপত্তাজনিত কারণে বরিশাল-ঢাকার লঞ্চগুলোতে তল্লাশি চালানো হচ্ছে। এর বাইরে অন্য কিছু নয়।’

রংপুর:  রংপুর বিভাগের আট জেলায় আজ সন্ধ্যা ছয়টা থেকে রোববার সন্ধ্যা ছয়টা পর্যন্ত  ৪৮ ঘণ্টার পরিবহন ধর্মঘটের ডাক দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন শ্রমিক ফেডারেশন রংপুর বিভাগীয় কমিটি। রংপুর কেন্দ্রীয় বাস টার্মিনালে ফেডারেশনের কার্যালয়ে জরুরি সভা করে ধর্মঘটের এই কর্মসূচি ঘোষণা করেন সংগঠনের সাধারণ সম্পাদক এম এ মজিদ। তিনি বলেন, ‘বিরোধী দলের হরতাল-অবরোধে ৫০ জন পরিবহন শ্রমিক নিহত, গাড়ি ভাঙচুর ও অগ্নিসংযোগের প্রতিবাদে ওই ধর্মঘটের ডাক দেওয়া হয়েছে।