ঢাকামুখী মানুষের ভোগান্তি

ঈদের ছুটির পর টানা হরতালের কারণে আটকে পড়া মানুষ এখন ঢাকায় ফিরতে শুরু করেছেন। গতকাল বৃহস্পতিবার সড়ক, রেল ও নৌপথ—সব জায়গায় ছিল ঢাকায় ফেরা মানুষের বাড়তি চাপ। ঈদের ছুটি শেষে গত রোববার অফিস খুললেও জামায়াতের ১৩ ও ১৪ আগস্ট ৪৮ ঘণ্টার হরতালের কারণে বিপাকে পড়েন ঢাকামুখী মানুষ।পাটুরিয়া ও আরিচা ঘাটে যাত্রীদের চাপ ছিল অনেক বেশি। দৌলতদিয়ায় সৃষ্টি হয় কয়েক কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজট। অনেকে ফেরির জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা না করে ঝুঁকি নিয়ে ট্রলারে করেই উত্তাল পদ্মা পাড়ি দিয়েছেন।এদিকে যাত্রীদের চাপ ও যানবাহনসংকটের সুযোগে যাত্রীদের কাছ থেকে অতিরিক্ত ভাড়া আদায়ের অভিযোগ পাওয়া গেছে। কোথাও কোথাও স্বাভাবিকের চেয়ে পাঁচ-ছয় গুণ বেশিও ভাড়া আদায় করা হয়েছে। গতকাল সায়েদাবাদ, কল্যাণপুর ও গাবতলীতে গিয়ে দেখা যায়, কিছুক্ষণ পর পরই ঢাকামুখী বিভিন্ন বাস আসছে। ঠাকুরগাঁও থেকে শ্যামলী পরিবহনে ঢাকায় ফেরা এক যাত্রী জানান, হরতালের পর বুধবার রাতে উত্তরাঞ্চলের অনেক গাড়িই ঢাকার উদ্দেশে ছেড়েছে। রাত ১২টার দিকে রংপুর শহর পার হওয়ার সময় শিবিরের কয়েকজন কর্মী বাস লক্ষ্য করে অনেকক্ষণ ঢিল ছোড়েন। তবে বাসচালক গাড়ি নিয়ে দ্রুত বেরিয়ে আসেন।
কমলাপুর রেলস্টেশনে গিয়ে দেখা যায়, ঢাকায় ফেরা মানুষের পদচারণে সরগরম স্টেশন। কমলাপুর রেলস্টেশনের কর্মকর্তারা জানান, হরতালেও মঙ্গল ও বুধবার ট্রেন চলাচল স্বাভাবিক ছিল। তবে গতকাল যাত্রীদের ভিড় ছিল অনেক বেশি।
পর্যাপ্ত যানবাহনের অভাব: দক্ষিণাঞ্চল থেকে আসা যাত্রীদের উপচে পড়া ভিড় ছিল গতকাল সদরঘাট টার্মিনালে। ছিল না পর্যাপ্ত যানবাহন। ফলে সদরঘাটে নেমেই তাঁরা চরম দুর্ভোগের শিকার হন। অনেকে হেঁটে নিজ নিজ গন্তব্যে রওনা দেন।
পিরোজপুর থেকে আসা এমভি আঁচল লঞ্চের যাত্রী সিরাজউদ্দিন জানান, সকাল ছয়টার দিকে তিনি সদরঘাট টার্মিনালে আসেন। তিনি যাবেন সাভারে। সিএনজিচালিত অটোরিকশার চালক তাঁর কাছে ভাড়া চেয়েছেন ৯০০ টাকা। প্রায় দুই ঘণ্টা অপেক্ষা করে যানবাহন না পেয়ে শেষে মালামাল নিয়ে ভ্যানযোগে গুলিস্তানের উদ্দেশে রওনা হন।
বিআইডব্লিউটিসির রকেট স্টিমার শেলার যাত্রী মুজিবুর রহমান জানান, ঈদের কয়েক দিন আগে থেকে সদরঘাট ও বাদামতলী ঘাট এলাকার যাত্রীদের দুর্ভোগ নিরসনে পুলিশ ও বন্দরের কর্মকর্তারা তৎপর ছিলেন। আর আজ (বৃহস্পতিবার) ঢাকায় ফেরা যাত্রীদের দুর্ভোগের সীমা নেই।
যানজটে নাকাল: গতকাল দুপুরের পর থেকেই গাজীপুর সদর উপজেলার কোনাবাড়ী, কালিয়াকৈর বাইপাস সড়ক ও কালিয়াকৈর উপজেলার চন্দ্রা এলাকায় সৃষ্টি হয় যানজট। ঢাকা-ময়মনসিংহ মহাসড়কের চান্দনা চৌরাস্তা, ভোগড়া বাইপাস ও টঙ্গী এলাকাও পড়ে যানজটের কবলে।
কোনাবাড়ী হাইওয়ে থানার পরিদর্শক আলমগীর ছিদ্দিক বলেন, কালিয়াকৈরের চন্দ্রা ত্রিমোড় ও গাজীপুর সদরের কোনাবাড়ী এলাকায় দুপুরের পর থেকেই যানজট শুরু হয়। তবে মহাসড়কে থানার পুলিশ ও হাইওয়ে পুলিশ তৎপর থাকায় যানজট কিছুটা নিয়ন্ত্রণ করা গেছে।
কালিয়াকৈরের হরিণহাটি এলাকার এপেক্স ফুটওয়্যার লিমিটেড কারখানার শ্রমিক জহিরুল ইসলাম জানান, বগুড়া থেকে চন্দ্রায় আসতে তাঁর প্রায় পাঁচ ঘণ্টা লেগেছে। গাজীপুরের ভোগড়া এলাকার শ্রমিক মো. সালেকিন বলেন, চন্দ্রা থেকে গাজীপুরে আসতে সাধারণত ৩০ থেকে ৪০ মিনিট সময় লাগে। অথচ আজ (বৃহস্পতিবার) লেগেছে প্রায় আড়াই ঘণ্টা।
এ ব্যাপারে মাওনা হাইওয়ে থানার পরিদর্শক মো. ছানোয়ার হোসেন বলেন, ঢাকা-ময়মনসিংহ মহাসড়কে তেমন কোনো প্রতিবন্ধকতার সৃষ্টি হয়নি। তবে যানবাহনের চাপ বেশি থাকায় কয়েকটি স্থানে যানজট লেগে ছিল।
ঢাকা-টাঙ্গাইল মহাসড়কের মির্জাপুর উপজেলার শুভুল্যা থেকে গাজীপুরের চন্দ্রা পর্যন্ত প্রায় ২৫ কিলোমিটার এলাকায় যানজটের সৃষ্টি হয়। মির্জাপুরের দেওহাটা পুলিশ ফাঁড়ির দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তা এসআই মনিরুজ্জামান মুন্সি জানান, ধেরুয়া রেলক্রসিং এলাকায় মহাসড়কের ওপর বড় বড় গর্তের সৃষ্টি হওয়ায় সেখানে যানবাহনের স্বাভাবিক চলাচল ব্যাহত হচ্ছে।
দৌলতদিয়া ঘাটেও চার কিলোমিটার লম্বা যানজটের সৃষ্টি হয়। ফেরির জন্য ঘণ্টার পর ঘণ্টা অপেক্ষা করে অনেকে ক্যানেল ঘাট থেকে ইঞ্জিনচালিত ট্রলারে করে ঝুঁকি নিয়ে উত্তাল পদ্মা পাড়ি দিয়েছেন। খুলনা থেকে ঈগল পরিবহনে করে আসা যাত্রী আবদুল করিম মণ্ডল জানান, ঘাটে লম্বা সিরিয়াল দেখে তিনি গাড়িতে বসে না থেকে ট্রলারে করেই নদী পাড়ি দেওয়ার সিদ্ধান্ত নেন।
অতিরিক্ত ভাড়া আদায়: এদিকে যাত্রীদের চাপকে সুযোগ হিসেবে নিয়েছেন পরিবহন মালিক-শ্রমিকেরা। তাঁরা নির্ধারিত ভাড়ার চেয়ে কয়েক গুণ বেশি টাকা নিচ্ছেন। কোথাও কোথাও যানবাহনে নির্ধারিত ভাড়ার চেয়ে পাঁচ-ছয় গুণ বেশি টাকা আদায় করতেও দেখা গেছে।
পাটুরিয়ায় একাধিক যাত্রী জানান, পাটুরিয়া থেকে সাভারের নবীনগর পর্যন্ত লোকাল বাসের ভাড়া ৫০ টাকা এবং গাবতলী পর্যন্ত ৮০ টাকা। অথচ বাসমালিক ও চালকেরা তাঁদের কাছ থেকে নবীনগর ৩০০ টাকা এবং গাবতলী ৪০০ টাকা করে ভাড়া আদায় করছেন। তবে বাসের ভেতরে দাঁড়িয়ে এবং ছাদে নেওয়া হচ্ছে ২০০ টাকা।
জানতে চাইলে নাম প্রকাশে অনিচ্ছুক পল্লীসেবা পরিবহনের এক বাসচালক জানান, যাত্রী নিয়ে ঢাকায় যাওয়ার পর খালি বাস নিয়ে পাটুরিয়ায় আসতে হয়। এ কারণে কিছু টাকা বেশি নেওয়া হচ্ছে।
তবে অতিরিক্ত ভাড়া নেওয়ার বিষয়টি অস্বীকার করে মানিকগঞ্জ জেলা বাস মালিক সমিতির সভাপতি কাজী এনায়েত হোসেন বলেন, ‘অতিরিক্ত ভাড়া নেওয়ার বিষয়টি আমার জানা নেই। বিষয়টি দেখভালের দায়িত্ব আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর।’
শিবালয় থানার ওসি মো. শহিদুর রহমান বলেন, ‘যানবাহন কম থাকায় যাত্রীরাই অতিরিক্ত ভাড়া দিয়ে গন্তব্যে ছুটছেন। এ কারণে বিষয়টি আমাদের পক্ষে নিয়ন্ত্রণ করা কষ্টকর।’
লঞ্চ না পেয়ে বাড়ি ফেরত: যাত্রীদের চাপ বেশি থাকায় পটুয়াখালী-ঢাকা নৌপথে স্বাভাবিক সময়ের চেয়ে বেশি লঞ্চ দেওয়া হয়েছে। এর পরও গতকাল অনেকে লঞ্চে উঠতে না পেরে বাড়ি ফিরে গেছেন।
পটুয়াখালী নদীবন্দর সূত্র জানায়, নিয়ম অনুযায়ী প্রতিদিন বিকেল পাঁচটা থেকে পর্যায়ক্রমে ঢাকার উদ্দেশে লঞ্চ ছেড়ে যায়। তবে যাত্রীর চাপ থাকায় গতকাল বেলা আড়াইটা থেকে বিকেল পৌনে চারটার মধ্যে পাঁচটি লঞ্চ আগেভাগেই ঢাকার উদ্দেশে ছেড়ে যায়। ধারণক্ষমতার চেয়ে তিন-চার গুণ বেশি যাত্রী নিয়ে লঞ্চগুলো ছেড়েছে।
সড়ক দুর্ঘটনায় আরেক ভোগান্তি: গতকাল সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার দাউদকান্দি উপজেলার রায়পুরে চট্টগ্রামগামী একটি কাভার্ড ভ্যানের সঙ্গে ঢাকাগামী একটি ট্রাকের মুখোমুখি সংঘর্ষ হয়। এতে মহাসড়কের দাউদকান্দির পুটিয়া এলাকা থেকে শহীদনগর এলাকা পর্যন্ত আট কিলোমিটার এলাকাজুড়ে দীর্ঘ যানজটের সৃষ্টি হয়। এতে দুর্ভোগে পড়েন রাজধানীগামী হাজারো মানুষ। দাউদকান্দির চন্দ্রশেখরদী গ্রামের খোকন জানান, তিনি স্ত্রী ও মেয়েকে নিয়ে ঢাকার উদ্দেশে রওনা হয়েছিলেন, কিন্তু গৌরীপুরে এসে যানজট দেখে বাড়ি ফিরে যান।
[প্রতিবেদন তৈরিতে সহায়তা করেছেন নিজস্ব প্রতিবেদক, সিরাজগঞ্জ, পটুয়াখালী অফিস, মানিকগঞ্জ, কেরানীগঞ্জ (ঢাকা), গোয়ালন্দ (রাজবাড়ী), মির্জাপুর (টাঙ্গাইল) ও দাউদকান্দি (কুমিল্লা) প্রতিনিধি]