ঢাকামুখী ১৮ দলের নেতা-কর্মীরা
১৮-দলীয় জোটের নেতা বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়ার আহ্বানে ‘মার্চ ফর ডেমোক্রেসি’ কর্মসূচিতে যোগ দিতে ঢাকায় আসতে শুরু করেছেন দলীয় নেতা-কর্মীরা। একটি গোয়েন্দা সংস্থার সূত্রের বরাত দিয়ে বার্তা সংস্থা ইউএনবির খবরে এ তথ্য জানানো হয়।
সূত্রটি জানায়, সরকার কর্মসূচিতে বাধা দিতে পারে—এ আশঙ্কায় বুধবার সন্ধ্যা থেকে দেশের বিভিন্ন এলাকা হতে ঢাকায় আসতে শুরু করেছেন বিরোধীদলীয় নেতা-কর্মীরা। সারা দেশের অধিকাংশ কর্মীরই শুক্রবারের মধ্যে ঢাকা আসার পরিকল্পনা রয়েছে বলে সংস্থাটির কাছে তথ্য রয়েছে। এসব কর্মী বরযাত্রীর ছদ্মবেশসহ নানা গোপন পরিচয়ে ঢাকায় আসবেন।
আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর দৃষ্টি এড়াতে রাজধানীর হোটেলগুলোতে না উঠে আত্মীয়স্বজন ও বন্ধুবান্ধবের বাসায় উঠবেন তাঁরা। রাজধানী এবং আশপাশের এলাকার মসজিদ ও মাদ্রাসাগুলোতে অবস্থানের পরিকল্পনা রয়েছে বিরোধী দলের কর্মীদের।
আমাদের কুষ্টিয়া অফিস জানায়, কুষ্টিয়া থেকে জেলা বিএনপি ও হেফাজতের নেতা-কর্মীরা আজ সকাল থেকে ঢাকা যাওয়া শুরু করেছেন। জেলার প্রতিটি উপজেলা বিএনপির শীর্ষ নেতারা ইউনিয়ন পর্যায়ের নেতাদের সঙ্গে জরুরি বৈঠক করেছেন।
জানতে চাইলে কুষ্টিয়া জেলা হেফাজতে ইসলামের সাংগঠানিক সম্পাদক ইব্রাহীম খলিল বলেন, দলের শীর্ষ পর্যায়ের নির্দেশে আজ সকাল থেকে নেতা-কর্মীরা বাস-ট্রেনে করে ঢাকা যাওয়া শুরু করেছেন। কুষ্টিয়া থেকে প্রায় তিন হাজার নেতা-কর্মী কর্মসূচিতে যোগ দেবেন বলে তিনি আশা প্রকাশ করেন। দলীয় কর্মসূচিতে আপনারা কেন যাচ্ছেন—এমন প্রশ্নের জবাবে তিনি বলেন, ‘জালেম সরকারের বিরুদ্ধে আলেমরা অভিযাত্রায় যাচ্ছে।’
এ ব্যাপারে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সোহরাব উদ্দীন বলেন, ‘উপজেলা পর্যায়ের সভা শেষ হয়েছে। সন্ধ্যায় জেলা কমিটির সভা আছে। যাদের ঢাকায় থাকার জায়গা আছে তারা ইতিমধ্যে চলে গেছে। বাকিরা পর্যায়ক্রমে যাচ্ছে। কুষ্টিয়া থেকে প্রায় ১৫ হাজার নেতা-কর্মী ঢাকায় কর্মসূচিতে যোগ দেবে।’
জেলার গোয়েন্দা বিভাগের নাম প্রকাশে অনিচ্ছুক এক কর্মকর্তা জানান, ইতিমধ্যে কয়েকটি দলের শীর্ষ নেতাদের কাছে যাতায়াতের টাকা পাঠানো হয়েছে। সেই টাকা দিয়ে কর্মীরা ঢাকায় যাওয়ার প্রস্তুতি নিচ্ছেন বলে তথ্য রয়েছে।
বিএনপির নেতৃত্বাধীন ১৮-দলীয় জোটের ডাকা টানা ৮৩ ঘণ্টার অবরোধ শেষে গত মঙ্গলবার বিকেলে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে ২৯ ডিসেম্বর ঢাকা অভিমুখে অভিযাত্রা কর্মসূচি ঘোষণা করেন বিরোধীদলীয় নেতা খালেদা জিয়া। সংবাদ সম্মেলনে তিনি বলেন, এ কর্মসূচির লক্ষ্য হচ্ছে নির্বাচনী প্রহসনকে ‘না’ ও গণতন্ত্রকে ‘হ্যাঁ’ বলা।