ঢাকায় অটোরিকশা ধর্মঘট স্থগিত
ঢাকায় সিএনজিচালিত অটোরিকশার মালিকদের ডাকা ধর্মঘট ৯ জুন পর্যন্ত স্থগিত করা হয়েছে। আজ বুধবার দুপুুরে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) চেয়ারম্যান নজরুল ইসলামের সঙ্গে বৈঠক শেষে ঢাকা মহানগর সিএনজিচালিত অটোরিকশা মালিক সমিতি ঐক্য পরিষদ এ ঘোষণা দেয়।
ঐক্য পরিষদের আহ্বায়ক বরকতউল্লাহ প্রথম আলোকে বলেন, ‘আমাদের দাবি অনুযায়ী সরকার অটোরিকশার বয়সসীমা ৪ বছর বৃদ্ধি করেছে। তবে কতগুলো শর্ত দিয়েছে, যা পালন করা সম্ভব নয়। সেই শর্তগুলোর বিষয়ে এক সপ্তাহের মধ্যে একটি সমঝোতায় আসার আশ্বাস দিয়েছেন বিআরটিএর চেয়ারম্যান। এরই পরিপ্রেক্ষিতে ধর্মঘট স্থগিত করা হয়েছে।’
ঢাকার অটোরিকশার মালিকদের ধর্মঘট ছিল অনেকটা পাতানো। সরকার আগেই মালিকদের দাবি মেনে অটোরিকশার বয়সসীমা চার বছর বাড়ানোর সিদ্ধান্ত নেয়। গতকাল মঙ্গলবার কিছু শর্ত সাপেক্ষে মালিকদের এই দাবি মেনে নিয়ে প্রজ্ঞাপন প্রকাশ করেছে যোগাযোগ মন্ত্রণালয়।
মন্ত্রণালয়ের একটি সূত্র জানায়, দাবি আদায় হলেও সরকার মালিকদের ডাকেনি—এটা তাঁরা মেনে নিতে পারছেন না। এ জন্য তাঁরা দিনভর দৌড়ঝাঁপ করেন বিআরটিএর চেয়ারম্যানের সঙ্গে বৈঠক করার জন্য।
চালুর পর থেকেই ঢাকায় যাত্রী হয়রানির মাধ্যমে নৈরাজ্য সৃষ্টি করলেও সিএনজিচালিত অটোরিকশার চালক-মালিকদের বিরুদ্ধে কার্যকর কোনো ব্যবস্থা নেয়নি সরকার; বরং চালক-মালিকেরা ধর্মঘট করে যাত্রীস্বার্থবিরোধী দাবি আদায় করে নিয়েছেন।
যোগাযোগ মন্ত্রণালয় সূত্র জানায়, একই দাবিতে মালিকেরা গত মাসেও একবার ধর্মঘট করেন। তখন যোগাযোগ মন্ত্রণালয় বৈঠক করে মালিকদের দাবি মেনে নেওয়ার সিদ্ধান্ত নেয়। এটা প্রজ্ঞাপনের মাধ্যমে প্রকাশ করার জন্যই মূলত মালিকেরা গতকালের ধর্মঘট ডাকেন।
যোগাযোগ মন্ত্রণালয়ের একজন কর্মকর্তা বলেন, গতকালের ধর্মঘট ছিল ‘পাতানো’। কারণ মালিকেরা জানতেন, সরকার তাঁদের দাবি আগেই মেনে নিয়েছে।