ঢাকায় আওয়ামী লীগের হরতাল বিরোধী কর্মসূচি

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

হরতাল ও সহিংসতার প্রতিবাদে গতকাল সোমবার রাজধানীতে বিভিন্ন ধরনের কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ ও অঙ্গসংগঠনগুলো। সকাল থেকেই হরতালবিরোধী স্লোগানে মুখরিত ছিল বঙ্গবন্ধু অ্যাভিনিউর আওয়ামী লীগের কার্যালয় প্রাঙ্গণ।
বঙ্গবন্ধু অ্যাভিনিউয়ে সকালে হরতালবিরোধী অবস্থানের সময় পররাষ্ট্রমন্ত্রী ও আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক দীপু মনি প্রধানমন্ত্রীর সংলাপে সাড়া দিয়ে হরতাল প্রত্যাহার করার জন্য বিরোধীদলীয় নেতার প্রতি আহ্বান জানান। সাংবাদিকদের কাছে তিনি আরও বলেন, ‘সংঘাত বন্ধ করে সংলাপের পথে আসুন। সংবিধানের মধ্য থেকে প্রধানমন্ত্রীর সঙ্গে সংলাপে আসুন। যথাসময়ে নির্বাচন হবে। আমরা চাই, সব দলের অংশগ্রহণে নির্বাচন।’
খালেদা জিয়ার উদ্দেশে আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর কবির নানক বলেন, হরতাল ও নৈরাজ্য থেকে মুক্ত করে গণতান্ত্রিক রাজনীতির শুভসূচনা করুন।
সকাল থেকেই আওয়ামী লীগ ও এর অঙ্গসংগঠনের নেতা-কর্মীরা ৩২ বঙ্গবন্ধু অ্যাভিনিউতে হরতালবিরোধী অবস্থান পালন করেন। এ সময় ঢাকা মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক মোফাজ্জল হোসেন চৌধুরী, সাংসদ মোস্তফা জালাল মহিউদ্দিন প্রমুখ উপস্থিত ছিলেন।
সকালে সোহরাওয়ার্দী উদ্যানের শিখা চিরন্তনের সামনে মানববন্ধন, সমাবেশ ও বিক্ষোভ মিছিল করে বঙ্গবন্ধু সাংস্কৃতিক জোট।