ঢাকায় আঞ্চলিক গণিত উৎসব শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ মাঠে আজ সকালে ঢাকা আঞ্চলিক গণিত উৎসবে প্রশ্নোত্তর পর্বে এক শিক্ষার্থী প্রশ্ন করছে। ছবি: সাহাদাত পারভেজ
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজ মাঠে আজ সকালে ঢাকা আঞ্চলিক গণিত উৎসবে প্রশ্নোত্তর পর্বে এক শিক্ষার্থী প্রশ্ন করছে। ছবি: সাহাদাত পারভেজ

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে আজ শুক্রবার শুরু হয়েছে ঢাকা আঞ্চলিক গণিত উৎসব ২০১৫। সকাল সাড়ে নয়টায় জাতীয় সংগীতের সঙ্গে জাতীয় পতাকা, বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের পতাকা ও আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলনের মাধ্যমে শুরু হয়েছে এ উৎসব। 
উদ্বোধন করেন রেসিডেনসিয়াল মডেল কলেজের অধ্যক্ষ ব্রিগেডিয়ার জেনারেল আসাদুজ্জামান সুবহানি। তিনি জাতীয় পতাকা উত্তোলন করেন। এ সময় বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সভাপতি অধ্যাপক জামিলুর রেজা চৌধুরী এবং আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের পতাকা উত্তোলন করেন ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের উপব্যবস্থাপনা পরিচালক সাইদুল হাসান।
এ বছর থাইল্যান্ডে অনুষ্ঠেয় ৫৬তম আন্তর্জাতিক গণিত অলিম্পিয়াডের (আইএমও) জন্য বাংলাদেশ গণিত দল নির্বাচনের লক্ষ্যে দেশের ২৪টি জেলা শহরে আঞ্চলিক গণিত উৎসব অনুষ্ঠিত হচ্ছে।

ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে আজ সকালে বেলুন উড়িয়ে ঢাকা আঞ্চলিক গণিত উৎসব ২০১৫ উৎসবের উদ্বোধন করা হয়। ছবি: সাহাদাত পারভেজ
ঢাকা রেসিডেনসিয়াল মডেল কলেজে আজ সকালে বেলুন উড়িয়ে ঢাকা আঞ্চলিক গণিত উৎসব ২০১৫ উৎসবের উদ্বোধন করা হয়। ছবি: সাহাদাত পারভেজ


ডাচ-বাংলা ব্যাংক লিমিটেডের পৃষ্ঠপোষকতা ও প্রথম আলোর ব্যবস্থাপনায় বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটি এই উৎসবের আয়োজন করেছে। আজকের উৎসবে মানিকগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ, নারায়ণগঞ্জ ও ঢাকার ১৫৪টি শিক্ষাপ্রতিষ্ঠানের প্রায় দুই হাজার ৮০০ শিক্ষার্থী অংশ নিচ্ছে। প্রাইমারি, জুনিয়র, সেকেন্ডারি ও হায়ার সেকেন্ডারি-এই চার পর্যায়ে মূল পর্ব গণিত অলিম্পিয়াড অনুষ্ঠিত হচ্ছে।
১০টা থেকে শুরু হয়েছে উৎসবের মূল অংশ গণিত অলিম্পিয়াড পরীক্ষা। দিনব্যাপী এই উৎসবে মূল পর্ব ছাড়াও থাকছে গণিত ও বিজ্ঞানবিষয়ক নানা আয়োজন, বইমেলা, স্পট কুইজ, সাংস্কৃতিক অনুষ্ঠান, প্রশ্নোত্তর পর্ব, রুবিকস কিউব প্রতিযোগিতা, সমাপনী অনুষ্ঠান ও পুরস্কার বিতরণী।
উৎসবে খুদে গণিতবিদদের উৎসাহ জোগাতে উপস্থিত হয়েছেন বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির সহসভাপতি মুনিবুর রহমান চৌধুরী, সদস্য মোহাম্মদ কায়কোবাদ, বিশিষ্ট গণিতবিদ খোদাদাদ খান, লুৎফুজ্জামান, প্রথম আলোর সহযোগী সম্পাদক আব্দুল কাইয়ুম ও বাংলাদেশ গণিত অলিম্পিয়াডের সাধারণ সম্পাদক মুনির হাসান।