ঢাকায় আমিরাত দূতাবাসে লেবার অ্যাটাচে নিয়োগ হচ্ছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বাংলাদেশ থেকে সংযুক্ত আরব আমিরাতে (ইউএই) শ্রমিকদের যাওয়ার প্রক্রিয়া সহজতর করার লক্ষ্যে ঢাকায় ইউএই দূতাবাসে একজন লেবার অ্যাটাচে নিয়োগ দেওয়া হবে।

ইউএইর পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল-নাহিয়ান আজ রোববার প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে সাক্ষাৎ করে এ কথা বলেন।
আবুধাবির সেন্ট রেগিস হোটেলে আজ দুপুরে এ দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে অন্যান্যের মধ্যে প্রবাসীকল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থানমন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন, পররাষ্ট্রমন্ত্রী আবুল হাসান মাহমুদ আলী, শ্রম ও কর্মসংস্থান প্রতিমন্ত্রী মো. মুজিবুল হক (চুন্নু), স্বরাষ্ট্র প্রতিমন্ত্রী আসাদুজ্জামান খান, প্রধানমন্ত্রীর কার্যালয়ের জ্যেষ্ঠ সচিব আবুল কালাম আজাদ উপস্থিত ছিলেন।
বৈঠক শেষে পররাষ্ট্রমন্ত্রী সাংবাদিকদের ব্রিফিংকালে বলেন, বৈঠকে ইউএইর পররাষ্ট্রমন্ত্রী শেখ আবদুল্লাহ বিন জায়েদ আল-নাহিয়ান প্রধানমন্ত্রীকে বলেছেন, আগামী বছরের প্রথম দিকে বাংলাদেশে ইউএইর দূতাবাসে একজন লেবার অ্যাটাচে নিয়োগ দেওয়া হবে।
পররাষ্ট্রমন্ত্রী বলেন, বৈঠকে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ইউএইর পররাষ্ট্রমন্ত্রীকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানান। সে দেশের পররাষ্ট্রমন্ত্রী এর আগে ২০০৯ সালে বাংলাদেশ সফরের স্মৃতিচারণা করে আবারও বাংলাদেশ সফর করবেন বলে প্রধানমন্ত্রীকে জানান।