ঢাকায় আসছেন মমতা
আন্তর্জাতিক মাতৃভাষা দিবস উপলক্ষে আগামী ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশে আসছেন পশ্চিবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দিবসটি উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে যোগ দিতে বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা তাঁকে স্বাগত জানিয়েছেন। আজ সোমবার বিকেলে শেখ হাসিনার আমন্ত্রণপত্র মমতার হাতে তুলে দেন কলকাতায় নিযুক্ত বাংলাদেশের উপহাইকমিশনার জকি আহাদ।
ঢাকায় পররাষ্ট্রসচিব মো. শহীদুল হক আজ সন্ধ্যায় প্রথম আলোকে জানান, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলাদেশের প্রধানমন্ত্রীর আমন্ত্রণ গ্রহণ করে আগামী ১৯ ফেব্রুয়ারি বাংলাদেশে আসবেন। দেশে ফিরবেন ২১ ফেব্রুয়ারি রাতে।
গত মাসে বাংলাদেশের রাষ্ট্রপতি আবদুল হামিদ ভারত সফরে যান। এ সময় দিল্লিতে ভারতের রাষ্ট্রপতি প্রণব মুখার্জির দেওয়া নৈশভোজে যোগ দিয়ে কথা হয় মমতার সঙ্গেও। তখন বাংলাদেশের রাষ্ট্রপতি মমতাকে বাংলাদেশ সফরের আমন্ত্রণ জানিয়েছিলেন।
২০১১ সালের সেপ্টেম্বরে সে সময়ের ভারতের প্রধানমন্ত্রী মনমোহন সিংয়ের সঙ্গে ঢাকা সফরের কথা ছিল মমতার । কিন্তু শেষ মুহূর্তে তিনি বেঁকে বসেন। মনমোহন ঢাকা পৌঁছার আগেই তিনি গণমাধ্যমকে জানিয়ে দেন, তাঁর সম্মতি না নিয়ে তিস্তা চুক্তি করছে কংগ্রেস নেতৃত্বাধীন প্রগতিশীল গণতান্ত্রিক জোট (ইউপিএ) সরকার। শেষ পর্যন্ত তিস্তা চুক্তি ও সীমান্ত চুক্তি সই হয়নি। মনমোহন সিংয়ের ওই সফরে স্থলসীমান্ত চুক্তি সই হয়েছিল।
সীমান্ত চুক্তি বাস্তবায়ন না হওয়ার জন্য পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ভারতের সাবেক কংগ্রেস সরকারই দোষী বলে জানালেন। গত ডিসেম্বরে নয়াদিল্লিতে সংসদ ভবনে সাংবাদিকদের সঙ্গে কথা প্রসঙ্গে তিনি বলেছিলেন, সাবেক সরকার এই চুক্তিটি ঠিকমতো সামলাতে পারেনি। তারা রাজ্য সরকারের সঙ্গে ঠিকমতো কথাবার্তাও বলেনি। কিন্তু এখন আর কোনো বাধা নেই। চুক্তি বাস্তবায়ন এখন স্রেফ সময়ের ব্যাপার।
সীমান্ত চুক্তিকে সমর্থন করার পাশাপাশি মুখ্যমন্ত্রী এই ইঙ্গিতও দিয়েছেন যে তিস্তা চুক্তি নিয়ে তিনি এখন আর ততটা অনমনীয় নন। তিনি সাংবাদিকদের বলেন, ‘এই চুক্তি নিয়ে সমস্যা আছে। কারণ, তিস্তায় পানির প্রবাহ কী রকম, সেই হিসাব চূড়ান্ত নয়। পানির প্রবাহ নিয়ে পর্যালোচনা হচ্ছে। সরকার কীভাবে এর মীমাংসা করবে, তা এখনই বলতে পারব না।’ তবে একই সঙ্গে তিনি বলেন, বাংলাদেশ, শ্রীলঙ্কা, নেপাল, ভুটানের মতো প্রতিবেশী রাষ্ট্রের সঙ্গে তিনি সুসম্পর্ক চান।
তিন বছর আগে ২০১১ সালে এবং তার পরেও তিস্তা ও সীমান্ত চুক্তি নিয়ে মমতা তীব্র আপত্তি জানিয়েছিলেন। সেই মমতা আজ কেন সীমান্ত চুক্তিকে সমর্থন করছেন, জানতে চাওয়া হলে তিনি বলেন, ‘সীমান্ত চুক্তি নিয়ে আপত্তি করিনি। আপত্তি করেছিলাম তিস্তা নিয়ে। সেই সময় সরকার আমাদের অগোচরে রেখেই সবকিছু করতে চেয়েছিল। ঠিকঠাক এগোলে, মিস হ্যান্ডলিং না হলে আগের সরকারই সীমান্ত চুক্তি পাস করাতে পারত।’ তিনি বলেন, এই সরকারও যে রাজ্যের সঙ্গে আলোচনা করে সবকিছু ঠিকভাবে করছে, তা নয়। কিন্তু ‘আমরা বাংলাদেশের সঙ্গে সদ্ভাব রাখতে চাই। সম্পর্ক দৃঢ় করতে চাই। নেপাল, ভুটান, শ্রীলঙ্কার সঙ্গেও সম্পর্কের উন্নতি চাই। তাই এই চুক্তিতে মত দিয়েছি।’
তবে গত মাসে প্রস্তাবিত ভারত-বাংলাদেশ ছিটমহল বিনিময় চুক্তিতে সমর্থনের কথা আনুষ্ঠানিকভাবে জানান ভারতের পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। গত ৪ ডিসেম্বর কোচবিহারের দিনহাটা মহাকুমার ডাকুরহাটে সরকারি পর্যায়ে আয়োজিত জনসভায় তিনি এ ঘোষণা দেন।