ঢাকায় আসছেন মার্কিন মুখ্য উপসহকারী মন্ত্রী
মার্কিন যুক্তরাষ্ট্রের পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক মুখ্য উপসহকারী মন্ত্রী উইলিয়াম টড এ সপ্তাহে ঢাকায় আসছেন। গত সপ্তাহে দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী মার্কিন পররাষ্ট্রমন্ত্রী নিশা দেশাই বিসওয়ালের ঢাকা সফরের ধারাবাহিকতায় এ সফর হচ্ছে।
ঢাকায় মার্কিন দূতাবাস গতকাল বুধবার এক বিজ্ঞপ্তিতে বলেছে, উইলিয়াম টড ঢাকায় একটি মার্কিন প্রতিনিধিদলের নেতৃত্ব দেবেন। এ সময় তিনি দ্বিপক্ষীয় সম্পর্ক, নিরাপত্তা পরিস্থিতি এবং আঞ্চলিক সমন্বয় নিয়ে বাংলাদেশ সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের সঙ্গে আলোচনা করবেন। তিনি নাগরিক সমাজের প্রতিনিধিদের সঙ্গেও দেখা করবেন।
এই দায়িত্বের ঠিক আগে উইলিয়াম টড কম্বোডিয়ায় যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত হিসেবে দায়িত্ব পালন করেন। তিনি সেখানে গণতন্ত্রের অগ্রসরতা, মানবাধিকার, আঞ্চলিক স্থিতিশীলতা, সন্ত্রাস প্রতিরোধ ও বাণিজ্য এবং বিনিয়োগ বাড়াতে কাজ করেন। এর আগে তিনি কাবুলে মার্কিন দূতাবাসের উন্নয়ন ও অর্থনীতি-বিষয়ক সমন্বয় পরিচালকের দায়িত্ব পালন করেন।