ঢাকায় এত চিকিৎসক!

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বিশ্ব স্বাস্থ্য সংস্থার (ডব্লিউএইচও) সুপারিশ অনুসারে প্রতি ১০ হাজার মানুষের জন্য চিকিৎসক প্রয়োজন ২৩ জন। আর ঢাকায় এই সংখ্যা ৩৬। রাজধানীকেন্দ্রিক চিকিৎসা কার্যক্রম ও চিকিৎসকের এ আধিক্য দেশের অন্যান্য অঞ্চলে, বিশেষ করে গরিব ও সুবিধাবঞ্চিত মানুষের চিকিৎসাসেবা প্রাপ্তির ক্ষেত্রে বড় বৈষম্য তৈরি করছে।
আন্তর্জাতিক উদরাময় গবেষণা কেন্দ্র বাংলাদেশের (আইসিডিডিআরবি) ‘ম্যাপিং দ্য আরবান হেলথ সার্ভিসেস ল্যান্ডস্কেপ ইন ঢাকা সিটি’ শীর্ষক এক গবেষণায় বিষয়টি উঠে এসেছে। গতকাল বৃহস্পতিবার প্রতিষ্ঠানের সাসাকাওয়া মিলনায়তনে গবেষণা-কর্মের এ ফলাফল প্রকাশ করা হয়।
গবেষণায় দেখানো হয়, ঢাকার দুই সিটি করপোরেশন এলাকায় স্বাস্থ্যসেবা দানকারী প্রতিষ্ঠানের সংখ্যা প্রায় ১৩ হাজার। এর ৯৪ শতাংশ ব্যক্তিগত উদ্যোগে এবং ৫ শতাংশ বিভিন্ন বেসরকারি উন্নয়ন সংস্থার (এনজিও) দ্বারা পরিচালিত। বাকি ১ শতাংশ প্রতিষ্ঠান সরকারি ব্যবস্থাপনায় পরিচালিত হয়। এসব প্রতিষ্ঠানে চিকিৎসকের চেম্বারের সংখ্যা ১ হাজার ৮০০। ৫ হাজার ফার্মেসির সঙ্গে চেম্বার আছে আরও তিন হাজারের মতো। এ হিসাবে প্রতি ১ লাখ মানুষের জন্য স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানের সংখ্যা ১০৫ দশমিক ৫ ও ১ হাজার মানুষের জন্য হাসপাতালের শয্যাসংখ্যা ৪ দশমিক ৪। এটা আরও বাড়ার সম্ভাবনা আছে। কারণ, বিভিন্ন এলাকা থেকে মানুষ চিকিৎসা নিতে ঢাকায় আসে।
এই গবেষণার নেতৃত্ব দেন অ্যালেন এম অ্যাডামস। গবেষণায় ঢাকার দুই সিটি করপোরেশন, নারায়ণগঞ্জ, সিলেট ও রাজশাহীর স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর একটি মানচিত্রও প্রকাশ করা হয়। এ মানচিত্র থেকে খুব সহজে নিকটস্থ হাসপাতাল কিংবা স্বাস্থ্যসেবা প্রদানকারী প্রতিষ্ঠানগুলোর কার্যক্রম ও অবস্থান জানা যাবে। মানচিত্রটি www.urbanhealthfacilities.icddrb ও http://urbanhealthatlas.dghs.gov.bd ঠিকানায় দেখতে পাওয়া যাবে।
অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের মেয়র আনিসুল হক, স্বাস্থ্য অধিদপ্তরের অতিরিক্ত মহাপরিচালক আবুল কালাম আজাদ, আইসিডিডিআরবির নির্বাহী পরিচালক জন ক্লেমন, উপনির্বাহী পরিচালক আব্বাস ভূঁইয়া প্রমুখ।