ঢাকায় এবার ২০০ বিলবোর্ডে উন্নয়ন প্রচারের পরিকল্পনা
ঢাকা মহানগরে বিলবোর্ড ব্যবহার করে আবারও সরকারের উন্নয়ন কর্মকাণ্ড প্রচার করা হবে। তবে এবার নির্ধারিত ভাড়া দিয়ে ২০০ বিলবোর্ডে দীর্ঘ সময়ের জন্য এ প্রচার চালাবে সরকার। আগামী ৩১ ডিসেম্বর পর্যন্ত এ প্রচার চালানোর পরিকল্পনা আছে। সরকারের উচ্চপর্যায়ের সূত্রে এ তথ্য জানা গেছে।
সম্প্রতি মহানগরের সব বিলবোর্ড দখলে নিয়ে সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের প্রচার চালানোয় বিভিন্ন মহলে ব্যাপক সমালোচনা হয়। উন্নয়ন কর্মকাণ্ড নিয়ে আলোচনার পরিবর্তে পুরো আলোচনার বিষয় হয়ে দাঁড়ায় সরকারের বিলবোর্ড দখল। এর বাইরে প্রচারের প্রক্রিয়া ও বিজ্ঞাপনের দুর্বল ভাষা, মান নিয়ে আওয়ামী লীগের ভেতরও নানা সমালোচনা হয়। তাই এবার এ ক্ষেত্রে নিয়মনীতি অনুসরণ করে কাজ করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।
গত সপ্তাহে স্থানীয় সরকার মন্ত্রণালয়ে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশনের উচ্চপদস্থ কর্মকর্তাদের নিয়ে একটি বৈঠক হয়। এতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্রতিমন্ত্রী জাহাঙ্গীর কবির নানক, স্থানীয় সরকার বিভাগের সচিব আবু আলম মো. শহীদ খানসহ মন্ত্রণালয়ের শীর্ষ কর্মকর্তারা উপস্থিত ছিলেন। বৈঠকে উভয় সিটি করপোরেশনকে বৈধ ও অবৈধ বিলবোর্ড শনাক্ত করার নির্দেশ দেওয়া হয়।
তবে স্থানীয় সরকার মন্ত্রণালয়ের সূত্র জানায়, ঢাকা উত্তর সিটি করপোরেশনকে ১০০ এবং দক্ষিণ সিটি করপোরেশনকে ১০০ বিলবোর্ড শনাক্ত করে তার তালিকা মন্ত্রণালয়ে পাঠানোর নির্দেশ দেওয়া হয়। নির্ধারিত ওই ২০০ বিলবোর্ডেই সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের প্রচার চলবে।
ইতিমধ্যে স্থানীয় সরকার বিভাগের নির্দেশে ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করপোরেশন বিলবোর্ডের তালিকা ও অবৈধ বিলবোর্ড শনাক্তের কাজ শুরু করেছে। ঢাকা উত্তর সিটি করপোরেশন বৈধ ও অবৈধ বিলবোর্ডের তালিকা মন্ত্রণালয়ে পাঠিয়েও দিয়েছে। সরকারের বিজ্ঞাপন প্রচারের জন্য তারা ১০০ বিলবোর্ডও শনাক্ত করেছে। দক্ষিণ সিটি করপোরেশন এখনো কোনো তালিকা পাঠায়নি।
ঢাকা উত্তর সিটি করপোরেশন সূত্র জানায়, শনাক্ত করা ১০০ বিলবোর্ডের মধ্যে ৭৪টিই অবৈধ। এসব বিলবোর্ড ব্যবহারকারী সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোকে এক বছরের কর সিটি করপোরেশনকে পরিশোধ করতে বলা হবে। কর দিলে বিলবোর্ড-গুলো বৈধ করে দেওয়া হবে।
বিলবোর্ড ব্যবহারকারী প্রতিষ্ঠানগুলো বৈধ করে দেওয়া হলে ৩১ ডিসেম্বর পর্যন্ত সেগুলো সরকারকে ছেড়ে দিতে সম্মত হয়েছে বলে সরকারি সূত্র দাবি করেছে।
উত্তর সিটি করপোরেশনে বিভিন্ন সংস্থা ও ব্যক্তিমালিকানাধীন ভবনে অথবা ভূমিতে অনুমতিবিহীন বা কর পরিশোধবিহীন বিলবোর্ডের সংখ্যা ৭৪৭টি। আর অনুমোদিত এবং কর পরিশোধিত বিলবোর্ডের সংখ্যা ২৩৭টি। আবার সিটি করপোরেশনের অনুমোদন আছে কিন্তু কর পরিশোধ করা হয়নি এমন বিলবোর্ডের সংখ্যা ১৯৪টি।
সিটি করপোরেশনে খোঁজ নিয়ে জানা গেছে, বিলবোর্ড অনুমোদনের জন্য সিটি করপোরেশনে কোনো নীতিমালা নেই। পছন্দের ভিত্তিতে বিলবোর্ড অনুমোদন দেওয়া হয়। বিদ্যুৎসংযোগ আছে এমন বিলবোর্ডের প্রতি বর্গফুটের ভাড়া ২০০ টাকা এবং আলোহীন হলে ভাড়া ১৫০ টাকা।
এদিকে এবার উন্নয়নের বিজ্ঞাপনকে আকর্ষণীয় করতে অভিজ্ঞতাসম্পন্ন তিনটি প্রতিষ্ঠান ও কয়েকজন বিশিষ্ট ব্যক্তিকে দায়িত্ব দেওয়া হয়েছে। নেপথ্যে থেকে এ প্রচারকাজের দেখভাল করবেন সরকারের শীর্ষ পর্যায়ের দুই ব্যক্তি। এরই মধ্যে তিন বিজ্ঞাপনী সংস্থার সঙ্গে এই দুজনের একটি বৈঠকও হয়েছে।