ঢাকায় কুকুরের বন্ধ্যাকরণ চলছে
জাতীয় সংক্রামক ব্যাধি হাসপাতালের হিসাবে কুকুরের আক্রমণের শিকার মানুষের সংখ্যা বাড়ছে। গত বছর ঢাকা ও এর আশপাশের এলাকা থেকে ৬৬ হাজার ২০৪ জন জাতীয় সংক্রামক ব্যাধি হাসপাতালের সেবা নিয়েছে। গতকাল মঙ্গলবার জাতীয় সংসদে প্রশ্নোত্তর পর্বে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী জানিয়েছেন, কুকুর মারা বন্ধ রেখে টিকাদান কর্মসূচি ও বন্ধ্যাকরণ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে।
২০১২ সালে উচ্চ আদালত কুকুর নিধনে নিষেধাজ্ঞা জারি করেন। স্বাস্থ্য অধিদপ্তরের হিসাবে, ঢাকায় এ মুহূর্তে দেড় লাখের বেশি বেওয়ারিশ কুকুর আছে। একটি মাদি কুকুর বছরে আটটি পর্যন্ত বাচ্চা প্রসব করে। তিন বছর কুকুর মারা বন্ধ থাকায় কুকুরের সংখ্যা আরও বেশি হওয়ার কথা।
আদালতের নিষেধাজ্ঞার পরপরই ঢাকার দুই সিটি করপোরেশন অভয়ারণ্য নামের একটি বেসরকারি সংস্থার সঙ্গে কুকুরের সংখ্যা নিয়ন্ত্রণ ও জলাতঙ্ক প্রতিরোধী টিকা দেওয়ার চুক্তি করে। স্বাস্থ্য অধিদপ্তর থেকে জানানো হয়, ২০১৪ সাল পর্যন্ত সংস্থাটি ১০ হাজার কুকুরকে বন্ধ্যাকরণ করেছে অথবা টিকা দিয়েছে। চুক্তি শেষ হয়ে যাওয়ায় সিটি করপোরেশনের সঙ্গে সংস্থাটির কার্যক্রম বন্ধ ছিল। গত বৃহস্পতিবার ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) সঙ্গে অভয়ারণ্য ও হিউম্যান সোসাইটি ইন্টারন্যাশনালের একটি সমঝোতা স্মারক সই হয়েছে। এর আওতায় পাইলট প্রকল্প হিসেবে ডিএনসিসি এলাকার চার হাজার কুকুরকে বন্ধ্যাকরণ ইনজেকশন দেওয়া হবে।
গতকাল সাংসদ নুরুন্নবী চৌধুরীর প্রশ্নের জবাবে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী খন্দকার মোশাররফ হোসেন বলেন, উচ্চ আদালতের নিষেধাজ্ঞার কারণে রাজধানীতে বেওয়ারিশ কুকুর নিধনের কাজ বন্ধ রয়েছে। বর্তমানে মন্ত্রণালয়ের সিদ্ধান্ত অনুযায়ী কুকুর মারা বন্ধ রেখে টিকাদান কর্মসূচি ও বন্ধ্যাকরণ কার্যক্রম হাতে নেওয়া হয়েছে। কুকুরের টিকাদান কর্মসূচি স্বাস্থ্য অধিদপ্তর থেকে বাস্তবায়ন করা হচ্ছে। অভয়ারণ্য নামের একটি বেসরকারি সংস্থার মাধ্যমে বন্ধ্যাকরণ কার্যক্রম চালু আছে।