ঢাকায় তিন নাইজেরীয় গ্রেপ্তার
রাজধানীর খিলক্ষেতে অবস্থিত ঢাকা রিজেন্সি হোটেল ও কলাবাগান এলাকায় মঙ্গলবার অভিযান চালিয়ে জাল ডলার বিক্রির সঙ্গে জড়িত থাকার অভিযোগে নাইজেরিয়ার তিন নাগরিককে গ্রেপ্তার করেছে মহানগর গোয়েন্দা পুলিশ (ডিবি)। তাঁদের কাছ থেকে জাল ডলার তৈরির উপকরণ উদ্ধার করা হয়েছে।
ডিবি সূত্র জানায়, মঙ্গলবার রাতে রিজেন্সি হোটেলে অভিযান চালিয়ে প্রতারক চক্রের প্রধান অ্যাডলাজু সামুলকে আটক করা হয়। তাঁর তথ্যের ভিত্তিতে কলাবাগানের লেক সার্কাসের একটি বাসা থেকে তাঁর সহযোগী ওকিক্সো সিমিকো ও ওকাফোর চিকিকে আটক করা হয়।
অভিযান পরিচালনাকারী ডিবির অতিরিক্ত উপকমিশনার মো. মাহফুজুল ইসলাম বলেন, আটক তিন নাইজেরিয়ান ডলারের মাপের কাগজে ছাপ বসিয়ে ও কেমিক্যাল লাগিয়ে তা ডলার বলে বিক্রি করতেন। এ জন্য তাঁরা বিভিন্ন মানুষের সঙ্গে ঘনিষ্ঠতা গড়ে তুলতেন। একপর্যায়ে অধিক মুনাফার লোভে ঘনিষ্ঠজনেরা জাল ডলারকে আসল ডলার হিসেবে কিনতেন। কেনার কিছুক্ষণের মধ্যে তাঁরা বুঝতে পারেন কেনা ডলার আসল নয়, জাল।
আটক নাইজেরীয় নাগরিকদের বিরুদ্ধে জাল মুদ্রা তৈরি ও প্রতারণার অভিযোগে খিলক্ষেত থানায় মামলা হয়েছে। এ মামলায় তাঁদের গ্রেপ্তার দেখিয়ে গতকাল আদালতের মাধ্যমে রিমান্ডে নেওয়া হয়েছে।