ঢাকায় নগর সরকার প্রতিষ্ঠার আহ্বান

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

সুশাসনের জন্য নাগরিক-সুজনের এক গোলটেবিল বৈঠকে ঢাকা মহানগরে সুশাসন ও নাগরিক সেবা নিশ্চিত করতে ‘নগর সরকার’ ব্যবস্থা প্রতিষ্ঠার আহ্বান জানানো হয়েছে। গতকাল বৃহস্পতিবার জাতীয় প্রেসক্লাবে ‘নগর সরকারই সমাধান’ শীর্ষক গোলটেবিল বৈঠকে এ আহ্বান জানানো হয়।
বৈঠকে নগর পরিকল্পনাবিদ অধ্যাপক নজরুল ইসলাম বলেন, নগর সরকার প্রতিষ্ঠার আন্দোলন দীর্ঘদিনের। এ আন্দোলনকে এগিয়ে নিতে হবে। আশার কথা হলো, আসন্ন সিটি করপোরেশন নির্বাচনে অনেক প্রার্থীই নির্বাচিত হলে নগর সরকার প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিচ্ছেন।
নগর সরকার প্রতিষ্ঠার জন্য নাগরিক সমাজকে সক্রিয় ভূমিকা পালন করতে হবে মনে করেন সাবেক মন্ত্রিপরিষদ সচিব আলী ইমাম মজুমদার। অনুষ্ঠানের সঞ্চালক ও সুজনের সম্পাদক বদিউল আলম মজুমদার বলেন, নাগরিক সেবার মান বৃদ্ধির জন্য নগর সরকার প্রতিষ্ঠার দাবিকে জনদাবিতে পরিণত করতে হবে। তবে ঢাকাকে দুই ভাগ রেখে নগর সরকার প্রতিষ্ঠা করা সম্ভব হবে না বলে মনে করেন লেখক ও গবেষক সৈয়দ আবুল মকসুদ।
মূল প্রবন্ধে সুজনের জাতীয় কমিটির সদস্য মুহাম্মদ জাহাঙ্গীর বলেন, ঢাকা মহানগর শাসনের প্রধান সমস্যা হলো একক কর্তৃপক্ষের অভাব। ৫৬টি সেবাদানকারী প্রতিষ্ঠান বা সংস্থা রয়েছে। এগুলো আটটি মন্ত্রণালয়ের অধীন। প্রতিটি মন্ত্রণালয় তাদের নীতি অনুযায়ী প্রতিষ্ঠানগুলো পরিচালনা করে। ফলে মেয়রের পক্ষে ৫৬টি প্রতিষ্ঠানকে নির্দেশনা দেওয়া সম্ভব হয় না।
পরিকল্পিতভাবে চার-পাঁচ বছরের মধ্যে ঢাকাকে বিশ্বের অন্যতম একটি আধুনিক শহরে পরিণত করা সম্ভব মন্তব্য করে স্থপতি মোবাশ্বের হোসেন বলেন, এ জন্য দরকার নগর সরকার।
আলোচনায় আরও অংশ নেন সুজনের জাতীয় কমিটির সদস্য নাজমা হাসিন, রাজনীতিবিদ ইনাম আহমেদ চৌধুরী, রুহিন হোসেন প্রিন্স, এ এস এম আকরাম, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন নির্বাচনে মেয়র প্রার্থী বজলুর রশীদ ফিরোজ, বাহরানে সুলতান বাহার, রেজাউল করিম প্রমুখ। বিজ্ঞপ্তি