ঢাকায় নতুন ব্রিটিশ হাইকমিশনার হচ্ছেন অ্যালিসন ব্লেক

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকায় যুক্তরাজ্যের নতুন হাইকমিশনার হচ্ছেন অ্যালিসন ব্লেক। ব্রিটিশ হাইকমিশনার রবার্ট গিবসনের উত্তরসূরি হিসেবে তিনি আগামী বছরের শুরুতে বাংলাদেশে দায়িত্ব নেবেন। অ্যালিসন ব্লেক ২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত ইসলামাবাদে যুক্তরাজ্যের উপহাইকমিশনারের দায়িত্ব পালন করেছেন।

যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে গতকাল সোমবার এই নিয়োগের ঘোষণা দেওয়া হয়েছে।

বাংলাদেশে সাড়ে চার বছর দায়িত্ব পালন শেষে নতুন কর্মস্থলে যোগ দেবেন রবার্ট গিবসন। তিনি ২০১১ সালের জুলাইতে ঢাকায় যুক্তরাজ্যের হাইকমিশনার হিসেবে যোগ দেন। বর্তমানে রবার্ট গিবসন ঢাকায় কূটনৈতিক কোরের ডিনের দায়িত্ব পালন করছেন।

যুক্তরাজ্যের পররাষ্ট্র মন্ত্রণালয়ের ওয়েবসাইটে উল্লেখ করা হয়েছে, লন্ডনের অধিবাসী অ্যালিসন ব্লেক অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ে ইতিহাসে পড়াশোনা করেছেন। ১৯৮৩ সালে স্নাতক ডিগ্রি লাভের পর লন্ডনে প্রত্নতত্ত্ববিদ হিসেবে কাজ শুরু করেন তিনি। ১৯৮৯ সালে যুক্তরাজ্যের সরকারি চাকরিতে যোগ দেওয়ার আগে তিনি অর্থনীতি-বিষয়ক একটি গবেষণা প্রতিষ্ঠানে কাজ করতেন।