ঢাকায় নাগরিক সেবা সংকুচিত হয়েছে

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘ঢাকায় ৮৩ ভাগ মানুষ থাকে ভাড়া বাড়িতে, ৪০ লাখ বস্তিবাসী। আবাসন ও বিনোদন সমস্যা চিহ্নিত, এবার সমাধান যাত্রা’—কথাগুলো রাজধানীর এফডিসি-সংলগ্ন রেলক্রসিংয়ের কাছে একটি বিলবোর্ডে লেখা।
অথচ সোয়া তিন বছর আগে বেশি সেবা দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে ঢাকা সিটি করপোরেশনকে (ডিসিসি) দুই টুকরা করে উত্তর ও দক্ষিণ নামে দুটি করপোরেশন করেছিল আওয়ামী লীগের নেতৃত্বাধীন গত মেয়াদের সরকার। এখনো আওয়ামী লীগই ক্ষমতায়। নাগরিকেরা অভিযোগ করছেন, এই সোয়া তিন বছরে নাগরিক সেবা বাড়েনি, বরং আরও সংকুচিত হয়েছে। বেড়েছে জনদুর্ভোগ ও হয়রানি। নাগরিকদের অভিযোগ, আগে অন্তত বাড়ির কাছের নির্বাচিত জনপ্রতিনিধিদের সমস্যার কথা বলা যেত। সেখানে এখন আমলারা। এসব কার্যালয়ে বিভিন্ন কাজে আসা নাগরিককে ‘উপরিও’ দিতে হচ্ছে।
গতকাল বৃহস্পতিবার ঢাকা উত্তর ও দক্ষিণ সিটি করোপরেশনের দুটি আঞ্চলিক কার্যালয় এবং দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয়ে সরেজমিনে সেবা নিতে আসা বেশ কিছু মানুষের সঙ্গে কথা বলে এ রকম চিত্র পাওয়া গেছে। এর আগে রাজধানীর বেশ কিছু এলাকার রাস্তা বিশেষ করে অলিগলির রাস্তার বেহাল চিত্র দেখা গেছে।
নগর পরিকল্পনাবিদ ও বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের সাবেক চেয়ারম্যান অধ্যাপক নজরুল ইসলাম বলেন, ডিসিসির বিভক্তির ফলে সুফল পাওয়া যায়নি। সেবার মান বাড়েনি; বরং কোনো কোনো জায়গায় আরও খারাপ হয়েছে। নির্বাচনের উদ্যোগকে ইতিবাচক উল্লেখ করে তিনি আশা করেন, নির্বাচিত হয়ে জনপ্রতিনিধিরা রাজধানীর বিদ্যমান সমস্যা সমাধানের উদ্যোগ নেবেন।
তবে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা আনসার আলী খান দাবি করেন, ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের রাস্তাঘাট ভালো, মশক নিধন ও বর্জ্য ব্যবস্থাপনা অতীতের যেকোনো সময়ের চেয়ে ভালো। এ ছাড়া জন্মসনদ পেতেও কোনো সমস্যা হয় না। তবে তাঁদের তহবিলের সমস্যা আছে, যা সমাধানের চেষ্টা চলছে।
দুই সিটি করপোরেশনের কয়েকজন কর্মকর্তা জানান, কাউন্সিলররা নাগরিক সনদ, মৃত্যুসনদ, ওয়ারিশনা সনদ, সত্যায়ন করাসহ ১৬ থেকে ১৭ রকমের সনদ দিতেন। আঞ্চলিক কার্যালয় থেকে জন্মসনদ নেওয়ার জন্য পরিচিতি নিশ্চিত করার কাজটিও করতেন কাউন্সিলররা। কিন্তু এসব কাজের জন্য নাগরিকদের এখন ছুটে আসতে হয় আঞ্চলিক কার্যালয়ে।
গতকাল দুপুরে সনদ নিতে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশনের প্রধান কার্যালয় নগর ভবনে অবস্থিত অঞ্চল-৪-এ এসেছিলেন রাজধানীর ভূতের গলির বাসিন্দা মিজানুর রহমান। দুই সনদের জন্য ‘উপরি’ হিসেবে ২০০ টাকা দিয়েছেন। একই ভবনে ধানমন্ডি থেকে আসা বৃদ্ধ মজিবুর রহমান বললেন, বিভক্তিতে তিনি কোনো ভালো অনুভব করছেন না।
এর আগে সকালে কারওয়ান বাজারে অবস্থিত ঢাকা উত্তর সিটি করপোরেশনের অঞ্চল-৫-এর আঞ্চলিক কার্যালয়ে রাজাবাজার থেকে আসা হাবিবুর রহমান প্রথম আলোকে বলেন, ৮ ও ১৩ বছর বয়সী দুই বোনের জন্য জন্মসনদ নিতে এসেছিলেন। নিয়মানুযায়ী আট বছর বয়সীদের সনদ ফি হওয়ার কথা ৮০ (প্রতিবছরের জন্য ১০ টাকা) ও ১৩ বছর বয়সীর জন্য ১৩০ টাকা। কিন্তু তাঁর কাছ থেকে নেওয়া হয়েছে যথাক্রমে ২৫০ ও ৩০০ টাকা।
ওই কার্যালয়ে একটি কাজে আসা মোহাম্মদপুরের বাসিন্দা স্কুলশিক্ষক মোকারম হোসেন জানান, আগে কাউন্সিরলদের এলাকায় পাওয়া যেত। কাজও সহজে হতো। এখন হয়রানি বেড়েছে।
২০১১ সালের ২৯ নভেম্বর ডিসিসি বিভক্ত করা হয়। এই সোয়া তিন বছরে দুই করপোরেশনে সাতজন করে ১৪ জন প্রশাসক আসেন আর যান। প্রশাসক আসেন মাত্র ছয় মাসের জন্য। আর কিছু বুঝে ওঠার আগেই চলে যান।
একজন আঞ্চলিক নির্বাহী কর্মকর্তা বলেন, ঢাকা সিটি করপোরেশনের বড় সমস্যা হলো সমন্বয়হীনতা। নগর পরিকল্পনাবিদ নজরুল ইসলামও মনে করেন, সমন্বয়হীনতা একটি বড় সমস্যা। এ ছাড়া কাজে অদক্ষতা আরেকটি বড় সমস্যা।