ঢাকায় পরিচয়পত্র বিতরণ বুধবার শুরু

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

বৃহত্তর ঢাকায় নতুন তালিকাভুক্ত ভোটারদের জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে ২৫ সেপ্টেম্বর বুধবার থেকে। এবার পরিচয়পত্র বিতরণ করা হবে ভোটারদের বাড়ি বাড়ি গিয়ে। নির্বাচন কমিশনে গতকাল বৃহস্পতিবার প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) কাজী রকিব উদ্দীন আহমেদ সাংবাদিকদের এ কথা জানান। নির্বাচন কমিশন সচিবালয় সূত্র জানায়, ইতিমধ্যে ঢাকা, নারায়ণগঞ্জ, গাজীপুর, মুন্সিগঞ্জ ও মানিকগঞ্জের নতুন ভোটারদের জাতীয় পরিচয়পত্র ছাপার কাজ শেষ হয়েছে এবং সেগুলো সেনাবাহিনীর ছাপাখানা থেকে কমিশনে পাঠানো হয়েছে। স্কুলশিক্ষকসহ অন্য যাঁরা ভোটার তালিকা তৈরির কাজে সম্পৃক্ত ছিলেন, তাঁদের মাধ্যমে জাতীয় পরিচয়পত্র বিতরণ করা হবে। একজন বিতরণকারীকে সর্বোচ্চ ৫০০ পরিচয়পত্র দেওয়া হবে এবং প্রতিটি পরিচয়পত্র বাবদ তাঁকে ১০ টাকা করে সম্মানী দেওয়া হবে।
সিইসি জানান, কমিশন অক্টোবরের মধ্যে সারা দেশে জাতীয় পরিচয়পত্র বিতরণের লক্ষ্য নির্ধারণ করেছে। কমিশন গত বছরের ১০ মার্চ থেকে ১৫ ডিসেম্বর পর্যন্ত পর্যায়ক্রমে সারা দেশে ভোটার তালিকা হালনাগাদ করে। চূড়ান্ত তালিকা প্রকাশ করা হয় চলতি বছরের ৩১ জানুয়ারি। নতুন তালিকাভুক্ত হয়েছে প্রায় ৭০ লাখ ভোটার। বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার সঙ্গে টেলিফোন আলাপের গুজব সম্পর্কে জানতে চাইলে কাজী রকিব উদ্দীন বলেন, সিইসি হিসেবে দায়িত্ব নেওয়ার পর কখনোই খালেদা জিয়ার সঙ্গে তাঁর কোনো কথা হয়নি। এ বিষয়ে তিনি সাংবাদিকদের আরও দায়িত্বশীল ও বস্তুনিষ্ঠ সংবাদ পরিবেশনের আহ্বান জানান। তিনি বলেন, সেদিন (মঙ্গলবার) বিএনপি নেতা আবদুল মঈন খান ব্যক্তিগত কাজে তাঁর সঙ্গে দেখা করেছেন। তাঁর সঙ্গে রাজনৈতিক বিষয়ে কোনো কথা হয়নি।