ঢাকায় প্রতিদিন ৩১৭ যানবাহনের নিবন্ধন

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

ঢাকা শহরে চলাচলের জন্য প্রতিদিন গড়ে ৩১৭টি যানবাহনের নিবন্ধন দেওয়া হয়। গতকাল বুধবার সংসদের প্রশ্নোত্তরপর্বে সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের এ তথ্য জানান।
সরকারি দলের এনামুল হকের এ-সম্পর্কিত প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, ঢাকা শহরে রাস্তার আয়তনের তুলনায় কী পরিমাণ বেশি গাড়ি চলাচল করে, তার পরিসংখ্যান বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষের (বিআরটিএ) কাছে নেই। চলতি বছরের ৩১ আগস্ট পর্যন্ত হিসাব অনুযায়ী ঢাকা শহরে নিবন্ধিত যানবাহনের সংখ্যা ৯ লাখ ২৪ হাজার ৩৯২টি। এর মধ্যে ৩ লাখ ৬৫ হাজার ৩৫০টি মোটরসাইকেল এবং ২ লাখ ১৬ হাজার ৫৫৫টি প্রাইভেট কার।
জাতীয় পার্টির সেলিম উদ্দিনের প্রশ্নের জবাবে ওবায়দুল কাদের বলেন, যানজট নিরসনে ঢাকা মহানগরে মাস র্যাপিড ট্রানজিটের কাজ অগ্রাধিকার ভিত্তিতে শুরু করা হয়েছে। এ কাজ শেষ হলে ঢাকায় প্রাইভেট কারের ব্যবহার সীমিত হয়ে আসবে। প্রস্তাবিত সড়ক পরিবহন আইনে মোটরযানের সিলিং নির্ধারণ করে দেওয়ার বিষয়টি অন্তর্ভুক্ত করা হচ্ছে।
কতিপয় অসাধু পরিবহন ব্যবসায়ীর অসহযোগিতায় অবৈধ যানবাহনের বিরুদ্ধে ভ্রাম্যমাণ আদালতের অভিযান পুরোপুরি সফল হচ্ছে না বলে জানান ওবায়দুল কাদের। আমিনা আহমদের এ-সম্পর্কিত প্রশ্নের জবাবে মন্ত্রী বলেন, ২০ বছরের পুরোনো বাস ও মিনিবাস এবং ২৫ বছরের পুরোনো পণ্যবাহী গাড়ি ঢাকা শহরে নিষিদ্ধ করা হয়েছে। কিন্তু অভিযান বন্ধ হলে পুরোনো গাড়ি রাস্তায় নেমে পড়ে।
আয়েন উদ্দিন, আ ফ ম বাহাউদ্দিন নাছিম ও শামসুল হক ভূঁইয়া জানান, মাদারীপুর, বরিশাল ও চাঁদপুরের সড়কের অবস্থা নাজুক। ঈদের আগে এসব সড়ক মেরামত করা হবে কি না?
জবাবে ওবায়দুল কাদের বলেন, রাস্তা হবে। তবে ধৈর্য ধরতে হবে।
ফজিলাতুন নেসার প্রশ্নের জবাবে মহিলা ও শিশুবিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ বলেন, মেয়েদের বিয়ের সর্বনিম্ন বয়স ১৮ পরিবর্তনের কোনো পরিকল্পনা সরকারের নেই।