ঢাকায় ফিরছে মানুষ, যানজট নেই, পৌঁছার পর দুর্ভোগ
পরিবার-পরিজনের সঙ্গে ঈদের আনন্দ উদ্যাপনের জন্য পথের ভোগান্তি সহ্য করে বাড়ি যাওয়া মানুষ আবার ঢাকায় আসতে শুরু করেছে। তবে আসার পথে গতকাল মঙ্গলবার রাত পর্যন্ত তেমন ভোগান্তিতে পড়তে হয়নি মানুষকে।
যাত্রীরা বলেছেন, আসার সময়ের যাত্রা গত কয়েক বছরের তুলনায় অনেক ভালো। মহাসড়কে কোনো রকম যানজট ও ভোগান্তি ছাড়াই তাঁরা ঢাকায় আসতে পেরেছেন। ট্রেনেও তেমন বিলম্ব নেই। লঞ্চেও নেই গাদাগাদি ভিড়। যাত্রীরা অভিযোগ করলেন, ঢাকায় নামার পর তাঁরা বাসায় যাওয়ার জন্য যানবাহন পেতে হয়রানির শিকার হচ্ছেন। অটোরিকশাচালকেরা যে ভাড়া দাবি করছেন, তা দূরপাল্লার বাসভাড়ার চেয়েও বেশি। এ ছাড়া বৃষ্টি ও বৃষ্টির কারণে সৃষ্ট জলাবদ্ধতায় ভোগান্তি পোহাতে হয়েছে তাঁদের।
গতকাল রাজধানীর তিনটি আন্তজেলা বাস টার্মিনাল, কমলাপুর রেলওয়ে স্টেশন ও সদরঘাটে লঞ্চ টার্মিনাল ঘুরে এসব অভিযোগ পাওয়া যায়। যাত্রীরা বললেন, মহাসড়কে যানজট নেই। তবে ঢাকার প্রবেশমুখ কাঁচপুর, টঙ্গী ও সাভার এলাকায় কিছুটা যানজটে পড়তে হয়েছে।
বিভিন্ন পরিবহন কোম্পানির কর্মকর্তাদের ধারণা, আজ বুধবার ও কাল বৃহস্পতিবার ঢাকায় আসা মানুষের সংখ্যা আরও বাড়বে। সবচেয়ে বেশি হবে শুক্র ও শনিবার।
গতকাল দুপুর ১২টার দিকে সায়েদাবাদ বাস টার্মিনালে গিয়ে দেখা যায়, শ্যামলী, হানিফ, স্টারলাইনসহ বিভিন্ন পরিবহনের কাউন্টারের সামনে ঢাকায় আসা যাত্রীদের ভিড়। কাউন্টারের কর্মকর্তারা বললেন, ঢাকায় আসা বাসগুলো সব আসন পূর্ণ করে আসছে। ফেনী থেকে ঢাকায় প্রতিদিন স্টারলাইন পরিবহনের ৭০টির মতো বাস আসে। এর মধ্যে বেলা একটার মধ্যে ৪০টি বাস এসে পৌঁছেছে।
বেলা সোয়া একটার দিকে সায়েদাবাদে হানিফ এন্টারপ্রাইজের কাউন্টারের সামনে এসে দাঁড়ায় হানিফের একটি বাস। বৃষ্টির মধ্যেই যাত্রীরা বাস থেকে নামলেন। সেখানে ছিল বেশ কিছু রিকশা ও অটোরিকশা। কিন্তু দুই শিশুসন্তানকে নিয়ে পরীবাগে যাওয়ার জন্য বাহন পাচ্ছিলেন না নওরীন পারভীন। কারণ, অটোরিকশাচালকেরা ভাড়া হাঁকছেন ৪০০ টাকা। ওয়ারী যাবেন আবদুর রশীদ। রিকশাচালক ভাড়া চাইলেন ১০০ টাকা।
হানিফ এন্টারপ্রাইজের কাউন্টার মাস্টার মো. শামীম বলেন, মহাসড়কে যানজট না থাকায় চট্টগ্রাম ও সিলেট থেকে তাঁদের বেশির ভাগ বাস পাঁচ থেকে ছয় ঘণ্টার মধ্যে ঢাকায় আসছে। অন্যান্য পথের বাসও নির্ধারিত সময়ে আসছে বলে কর্মকর্তারা জানান।
পরিবারের সদস্যদের নিয়ে বাগেরহাটের মোরেলগঞ্জ থেকে এসেছেন হিল্লোল সরকার। ঢাকায় দ্রুত এলেও জনপ্রতি অতিরিক্ত ২০০ টাকা বাসভাড়া গুনতে হয়েছে।
মহাখালী বাস টার্মিনালে গিয়ে জানা যায়, একতা নামের বাসটি বগুড়া থেকে সকাল সাতটায় ছেড়ে বেলা সাড়ে ১১টায় মহাখালীতে পৌঁছায়। ওই বাসের যাত্রী মো. হাসান বলেন, রাস্তায় যানজট নেই। এমনকি ঢাকা-টাঙ্গাইল মহাসড়কেও যানজট দেখা যায়নি। দুপুরে ময়মনসিংহ থেকে বাসে মাত্র পৌনে দুই ঘণ্টায় ঢাকা এসে পৌঁছেছেন বলে জানান শাহীন সরদার ও সাইফুল ইসলাম।
গাবতলী বাস টার্মিনালে চন্দনা দাস ও মো. আসিফ বলেন, নওগাঁ থেকে ছয় ঘণ্টায় তাঁরা ঢাকায় এসেছেন। অথচ ঢাকা থেকে যাওয়ার সময় তাঁদের লেগেছিল ১৫ ঘণ্টা।
শ্যামলী পরিবহনের কর্মকর্তারা বলেন, উত্তর ও দক্ষিণাঞ্চল থেকে তাঁদের বাসগুলো সঠিক সময়ে আসছে।
ট্রেন: গতকাল বিভিন্ন গন্তব্য থেকে ঢাকায় আসা সব ট্রেনেই যাত্রীদের ভিড় ছিল। তবে ঢাকা থেকে বেশির ভাগ ট্রেন গেছে অনেক আসন ফাঁকা নিয়ে। চট্টগ্রাম থেকে সোমবার রাতে ছেড়ে আসা তূর্ণা নিশীথা গতকাল সকালে প্রায় নির্ধারিত সময়েই কমলাপুর স্টেশনে পৌঁছায়। চট্টগ্রাম থেকে আসা সুবর্ণ এক্সপ্রেস পৌঁছায় নির্ধারিত সময়ের ১০ মিনিট পর বেলা একটা ৪০ মিনিটে।
কমলাপুর স্টেশনমাস্টার নৃপেন্দ্র চন্দ্র সাহা প্রথম আলোকে বলেন, সব ট্রেনই প্রায় নির্ধারিত সময়ে ঢাকায় আসছে।
লঞ্চ: গতকাল ঢাকায় আসা লঞ্চের সংখ্যা ছিল স্বাভাবিক সময়ের চেয়ে কম। সদরঘাট লঞ্চ টার্মিনাল থেকে ঈদের আগের দিন প্রায় ১৫০টি লঞ্চ ছেড়ে গিয়েছিল। অথচ গতকাল সন্ধ্যা পর্যন্ত এসেছে মাত্র ৪০টি। স্বাভাবিক সময়ে প্রতিদিন ঢাকায় আসে ৯০টির মতো লঞ্চ। অনেক লঞ্চ যাত্রীর অভাবে যাত্রা বাতিল করেছে বলে বাংলাদেশ অভ্যন্তরীণ নৌপরিবহন কর্তৃপক্ষের (বিআইডব্লিউটিএ) কর্মকর্তারা বলেছেন।