ঢাকায় বন্ধ হওয়া প্রতিষ্ঠানের চট্টগ্রামে ডিপিএস-বাণিজ্য

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

‘আমাকে এক হাজার টাকার ডিপিএসের বিপরীতে এক মাস পরে ২০ হাজার টাকার ঋণ দেবে বলেছিল। কিন্তু এক মাস পরে অফিসে গেলে বলা হয়, ১০ হাজার টাকার বেশি ঋণ দেওয়া যাবে না। কিন্তু সেই ঋণের টাকাও আমি এখনো পাইনি।’ চট্টগ্রাম নগরের মিস্ত্রিপাড়া এলাকার হাসিনা আক্তার চার মাস আগে ঋণ পাওয়ার আশায় ডিপিএস খোলেন। তাঁর স্বামী বিয়ে করে আরেকটি সংসার পেতেছেন। অভাবের সংসারে সেলাইয়ের কাজ করে দুই ছেলেমেয়ের পড়াশোনার খরচ চালান। টাকা পেলে আরও একটি সেলাই মেশিন কেনার পরিকল্পনা ছিল তাঁর।

চট্টগ্রামের দেওয়ানহাট এলাকায় কাঠমিস্ত্রি মো. জাহাঙ্গীর নয় হাজার টাকা বেতনে চাকরি পাওয়ার আশায় ডিপিএসের গ্রাহক সংগ্রহ করেন। গত এপ্রিল থেকে জুনের মাঝামাঝি পর্যন্ত ১০ জনের কাছ থেকে সাত-আট হাজার টাকার ডিপিএস জোগাড় করেন। এসব গ্রাহক কোনো ঋণ পাননি। তাঁর নিজেরও কোনো চাকরি হয়নি। জাহাঙ্গীর এখন ঋণ পেতে ইচ্ছুক গ্রাহকদের ভয়ে পালিয়ে বেড়াচ্ছেন।

এ রকম চাকরিপ্রার্থী ও ঋণ পেতে আগ্রহীর সংখ্যা তিন শয়ের কাছাকাছি। কেউ চাকরি এবং ঋণও পাননি। তাঁদের মধ্যে রয়েছেন নিম্নবিত্ত, পোশাক কারখানার শ্রমিক ও ক্ষুদ্র ব্যবসায়ী। তাঁরা সবাই চট্টগ্রামে জয়েন্ট ইসলামী ফাইন্যান্স অ্যান্ড কমার্স এমসিএস লিমিটেড নামের একটি প্রতিষ্ঠানের প্রতারণার শিকার বলে অভিযোগ পাওয়া গেছে। অথচ অর্থ আত্মসাতের অভিযোগে প্রতিষ্ঠানটির ঢাকা কেন্দ্রীয় কার্যালয়ের কার্যক্রম দীর্ঘদিন থেকে বন্ধ রয়েছে। তা ছাড়া বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া এসব কর্মকাণ্ড পরিচালনাও বেআইনি বলে জানা গেছে।

নাম প্রকাশে অনিচ্ছুক বাংলাদেশ ব্যাংকের একজন উপপরিচালক প্রথম আলোকে বলেন, ‘বাংলাদেশ ব্যাংকের অনুমোদন ছাড়া কোনো প্রতিষ্ঠানই এ ধরনের কার্যক্রম চালাতে পারে না। আমরা এ ব্যাপারে লিখিত অভিযোগ পেলে তদন্ত করে দেখব।’ চট্টগ্রাম মহানগর পুলিশের ডবলমুরিং জোনের সহকারী কমিশনার উক্য সিং প্রথম আলোকে বলেন, ‘আমি এ সম্পর্কে খোঁজ নিয়ে প্রয়োজনীয় ব্যবস্থা নেব।’

অনুসন্ধানে জানা যায়, চলতি বছরের ৫ জানুয়ারি গ্রাহকদের সাড়ে ১২ কোটি টাকা আত্মসাতের অভিযোগে জয়েন্ট ইসলামী ফাইন্যান্স অ্যান্ড কমার্স এমসিএস লিমিটেডের চেয়ারম্যান ও ব্যবস্থাপনা পরিচালককে পুলিশ গ্রেপ্তার করে। সেই থেকে ঢাকার কেন্দ্রীয় দপ্তর পুরানা পল্টন শেখ সেন্টারের (অষ্টম তলা) সব কার্যক্রম বন্ধ।

গত জানুয়ারি থেকে নগরের দেওয়ানহাট এলাকার পোর্ট সিটি কমপ্লেক্সের দ্বিতীয় তলায় তাদের কার্যক্রম শুরু হয়েছে চট্টগ্রামে। ডিপিএসের পাস বই, টাকার রসিদ ইত্যাদিতে রয়েছে ঢাকার ঠিকানা। এখানে গ্রাহকদের কাছ থেকে ৩০০, ৫০০ ও ১০০ টাকার ডিপিএস নেওয়া হচ্ছে। এফডিআর হিসেবে জমা নেওয়া হয়েছে এক লাখ, ৫০ হাজার ও ২৫ হাজার টাকা। ঢাকার কার্যালয়ে একাধিকবার ফোনে যোগাযোগ করেও কোনো সাড়া পাওয়া যায়নি। হেপী গুহ নামে এক মহিলা গত ২৯ জুন জয়েন্ট ইসলামী ফাইন্যান্সের বিরুদ্ধে প্রতারণার অভিযোগে চট্টগ্রামের ডবলমুরিং থানায় অভিযোগ করেন। অভিযোগে তিনি জানান, দুই লাখ টাকার টার্গেট পূরণের শর্তে তাঁকে মাসে ১৫ হাজার টাকা বেতনে ব্যবস্থাপক পদের দায়িত্ব দেওয়া হয়। তিনি দুই লাখ ২৫ হাজার টাকার এফডিআর এবং এক লাখ টাকার ডিপিএস সংগ্রহ করেন। কিন্তু চার মাস চাকরির পরও তাঁকে কোনো বেতন দেওয়া হয়নি। হেপীর স্বামী মনোজিত গুহ এক লাখ ৭৫ হাজার টাকা এফডিআরের বিনিময়ে সহকারী মহাব্যবস্থাপক পদে চাকরি নেন। গ্রাহকদের নানা অভিযোগ শুনে তিনি গত ২৫ জুন ঢাকা কেন্দ্রীয় কার্যালয়ে গিয়ে জানতে পারেন, এর কার্যক্রম বন্ধ রয়েছে। তাই ২৭ জুন তিনি চাকরি ছেড়ে দিয়ে তাঁর টাকা ফেরত চান কর্তৃপক্ষের কাছে।

অভিযোগ সম্পর্কে জয়েন্ট ইসলামী ফাইন্যান্স অ্যান্ড কমার্স এমসিএস লিমিটেডের কথিত মহাব্যবস্থাপক (জিএম) সলিল চৌধুরী বলেন, ‘আমি তো চাকরি ছেড়ে দিয়েছি। সেখানে (ঢাকার কার্যালয়) এখন পিয়ন-দারোয়ান ছাড়া কেউ-ই নেই।’ চট্টগ্রাম কার্যালয়ে দীর্ঘদিন ডিপিএস, এফডিআর চালু রাখা এবং শর্তে নিয়োগ দেওয়া প্রসঙ্গে বলেন, ‘ঢাকার অফিস বন্ধের কথা আমি এক সপ্তাহ আগে জেনেছি। আমাদের ১০ লাখ টাকার ডিপোজিট (পরে আবার নয় লাখ টাকার কথা বলেছেন) আটকে আছে ঢাকায়, চট্টগ্রামে অফিস খোলা না রাখলে সেই টাকা আদায় করব কীভাবে।