ঢাকায় বাড়ি বাড়ি নামফলক বসানোর প্রকল্প প্রশ্নবিদ্ধ

প্রথম আলোকে নির্ভরযোগ্য সূত্র হিসেবে পেতে হলেএখানে ক্লিক করুন

পাঁচটি বেসরকারি সংস্থার অপেশাদারত্বের কারণে মুখ থুবড়ে পড়ছে ঢাকার দুই সিটি করপোরেশনের বাড়ি বাড়ি নম্বর ও নামফলক বসানোর প্রকল্প। ভেস্তে যাচ্ছে কয়েক লাখ নতুন ঘরবাড়ি শনাক্ত করে হোল্ডিং কর আদায়ের লক্ষ্য।
তা ছাড়া নামফলকগুলো নিম্নমানের ও এর নকশা দেখতে অসুন্দর হওয়ায় অনেক বাড়ি ও ফ্ল্যাটের মালিকেরা তা দেয়ালে সাঁটাতে রাজি হচ্ছেন না। বাড়ির মালিকদের কাছ থেকে টাকা নিয়ে এ ধরনের নামফলক লাগাতে বাধ্য করার আইনগত ভিত্তি নিয়েও প্রশ্ন উঠেছে। ফলে এই কার্যক্রমের ভবিষ্যৎ নিয়ে করপোরেশনের কর্মকর্তাদের মধ্যেই সন্দেহ তৈরি হয়েছে।
সিটি করপোরেশনের একজন প্রকৌশলী বলেছেন, এই প্রকল্পের আইনগত কোনো ভিত্তি নেই। গ্রাহকের কাছ থেকে টাকা নিয়ে নিম্নমানের নামফলক দেওয়াটা অযৌক্তিক। গ্রাহক এটা বাড়ির ফটকে বা ফ্ল্যাটের দরজায় সাঁটাতে বাধ্য নন।
ঢাকা মহানগরে বাড়ি ও দোকানের সঠিক সংখ্যা নির্ধারণ করে সেগুলোর জন্য আলাদা নম্বর দিয়ে রাজস্ব আদায় বাড়ানোর লক্ষ্যে গত বছরের ২১ জুলাই দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় এ প্রকল্পের কাজ শুরু হয়। অক্টোবরে শুরু হয় উত্তর এলাকায়। পাঁচটি প্রতিষ্ঠান—প্রত্যাশা সমাজ উন্নয়ন সংঘ, ডিজিটাল টেক, সুশাসন ফাউন্ডেশন ও রিক এবং এনএনসি এই কাজ পায়। প্রত্যাশা ঢাকার দুই সিটি করপোরেশনের ১০টি অঞ্চলের মধ্যে দক্ষিণের ২, ৪ ও ৫ এবং উত্তরের ১, ২, ৩-সহ ছয়টি অঞ্চলে নামফলক বসানোর কাজ পেয়েছে। অন্য চারটি অঞ্চলের মধ্যে সুশাসন ফাউন্ডেশন উত্তরের অঞ্চল ৪, এনএনসি দক্ষিণের অঞ্চল ৩-এর কাজ পেয়েছে। বাকি দুটি অঞ্চলের কাজ পেয়েছে ডিজিটাল টেক নামের প্রতিষ্ঠানটি।
একটি হোল্ডিং নম্বরের বিপরীতে অনেক ফ্ল্যাট বা দোকান তৈরি হয়েছে। কিন্তু এই ফ্ল্যাট ও দোকানের মালিকানা ভিন্ন। ফ্ল্যাট ও দোকানের আয়তনের ওপর ভিত্তি করে ভিন্ন ভিন্ন মালিক জমিরও মালিক। কিন্তু একটি হোল্ডিং নম্বরে থাকায় কৌশলে তাঁরা করপোরেশনকে আলাদা রাজস্ব দেওয়ার পরিবর্তে একত্রে দিচ্ছেন। তা ছাড়া এককভাবে একটি জমিতে ফ্ল্যাট তৈরি করে ভাড়া দিচ্ছেন মালিকেরা। সে ক্ষেত্রে তাঁরাও ফ্ল্যাটের প্রকৃত সংখ্যা গোপন করে রাজস্ব কম দিচ্ছেন। এ জন্য প্রতিটি বাড়ি, ফ্ল্যাট ও দোকানকে আলাদা হোল্ডিং নম্বর দেওয়া ও সেগুলোর ব্যাপারে তথ্য সংগ্রহ করে ডেটাবেইস তৈরির জন্য এ প্রকল্প নেওয়া হয়েছে।
নামফলক বসানো বাবদ পাঁচ প্রতিষ্ঠান ইতিমধ্যে প্রায় আড়াই কোটি টাকা আদায় করেছে। এ পর্যন্ত তারা মাত্র ৬০ হাজার বাড়িতে নামফলক বসাতে পেরেছে; যার প্রায় সবই সিটি করপোরেশনের তালিকায় আগেই ছিল। ফলে নতুন বাড়ি খোঁজার উদ্যোগ এখন পর্যন্ত সেভাবে বাস্তবায়িত হয়নি।
প্রতিটি ফলকের জন্য দক্ষিণ সিটি করপোরেশনে মালিককে দিতে হচ্ছে ৩৬২ টাকা এবং উত্তর সিটি করপোরেশনের আওতাধীন মালিকপ্রতি ৩৭০ টাকা। পাঁচ প্রতিষ্ঠানের কাজের ধরন দেখে মনে হচ্ছে, তারা শুধু করপোরেশনের হিসাবে থাকা বাড়িগুলোতে নামফলক বসানোর কাজ করছে।
দুই সিটি করপোরেশনের হিসাবে মহানগরে মোট বাড়ির সংখ্যা প্রায় সাড়ে তিন লাখ। এর মধ্যে ঢাকা উত্তরে ১ লাখ ৬০ হাজার। বাকিটা দক্ষিণ সিটি করপোরেশনে। অথচ কনজ্যুমার অ্যাসোসিয়েশন অব বাংলাদেশের (ক্যাব) হিসাবমতে, ঢাকায় বাড়ির সংখ্যা প্রায় ২৪ লাখ। আর বাংলাদেশ প্ল্যানার্স ইনস্টিটিউট ও সেন্টার ফর কমিউনিকেশন ডেভেলপমেন্ট পরিচালিত গবেষণাভিত্তিক প্রতিবেদনে এই সংখ্যা ১৬ লাখ উল্লেখ করা হয়েছে।
আবাসন ব্যবসায়ীদের সংগঠন রিহ্যাবের সহসভাপতি লিয়াকত আলী ভূঁইয়া বলেন, তাঁরা ঢাকা শহরে এক লাখের বেশি ফ্ল্যাট নির্মাণ করে বিক্রি করেছেন। তাঁদের সদস্য নয় এমন কিছু প্রতিষ্ঠানের আরও প্রায় ২৫ হাজার ফ্ল্যাট বিক্রি হয়েছে।
সিটি করপোরেশনের এক কর্মকর্তা প্রথম আলোকে বলেন, তিন লাখ বাড়ির তথ্য করপোরেশনের কাছে আছে। নতুন করে এ কাজের কোনো মানে হয় না।
দক্ষিণ সিটি করপোরেশনের অঞ্চল-১-এর নির্বাহী কর্মকর্তা শাহিনা খাতুন মনে করেন, যে প্রতিষ্ঠানগুলোকে কাজ দেওয়া হয়েছে, সেগুলো সঠিকভাবে কাজ করতে পারছে না।
অবশ্য কাজ পাওয়া প্রতিষ্ঠানগুলোর কর্তাব্যক্তিরা বলছেন, বাড়ির মালিকদের সহযোগিতা না পাওয়ায় তাঁরা সঠিকভাবে কাজটি করতে পারছেন না। তা ছাড়া সিটি করপোরেশনের কিছু কর্মকর্তা-কর্মচারী বাড়ির মালিকদের ফোন করে তথ্য দিতে নিষেধ করেছেন।
জানতে চাইলে প্রত্যাশা সমাজ উন্নয়ন সংঘের এই প্রকল্পের কর্মকর্তা জাহাঙ্গীর আলম প্রথম আলোকে বলেন, বাড়ির মালিক ও সিটি করপোরেশনের একশ্রেণির লোকের অসহযোগিতায় কাজ এগোচ্ছে না।